২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাহিত্য-সংস্কৃতি রক্ষায় নদীগুলোকে বাঁচাতে হবে: খালিদ মাহমুদ

সাহিত্য-সংস্কৃতিকে বাঁচাতে হলে দেশের নদীগুলোকে বাঁচাতে হবে বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2019, 11:18 PM

Updated : 18 Aug 2022, 05:07 PM

শুক্রবার বিকালে শিল্পকলা একাডেমিতে ইরান কালচারাল সেন্টার আয়োজিত ইরানি নওরোয (নববর্ষ) ও বাংলা নববর্ষ উপলক্ষে এক আলোচনা সভায় তিনি একথা বলেন।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ বলেন, “সব কিছু ইট পাথর দিয়ে ঘেরা হয়ে গেলে আমাদের সাহিত্য-সংস্কৃতি দুর্বল হয়ে যাবে। আমাদের সাহিত্য-সংস্কৃতিকে রক্ষা করতে হলে প্রকৃতিকে বাঁচাতে হবে। নদীকে বাঁচাতে হবে। আমাদের গ্রামগুলোকে বাঁচাতে হবে।”

উন্নত দেশের সঙ্গে উন্নত প্রকৃতির সম্পর্ক রয়েছে মন্তব্য করে তিনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নশীল দেশের কাতারে নিয়ে গেছেন। উন্নত দেশের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন। দেশ ও প্রকৃতি কীভাবে রক্ষা হবে তার জন্য তিনি ডেল্টা প্ল্যান দিয়েছেন।

“নদী রক্ষার কথা তিনি দেশবাসীর সামনে তুলে ধরেছেন। আমরা মনে করি, এ দেশের সংস্কৃতিকে রক্ষা করতে হলে দেশের নদীকে রক্ষা করতে হবে।”

খালিদ মাহমুদ বলেন, “বাংলাদেশ সরকার আবহমান গ্রাম বাংলার প্রকৃতি সেটাকে মেলে ধরার জন্য, রক্ষা করার জন্য ইতোমধ্যে পদক্ষেপ গ্রহণ করেছে। আপনারা যারা ঢাকার মানুষ তারা দেখতে পেরেছেন, আমরা বড় একটি চ্যালেঞ্জ গ্রহণ করেছি। ঢাকার নদীগুলোকে দখল করা হয়েছিল, তার নাব্য নষ্ট হয়ে গিয়েছিল, নদী দূষণ হয়েছিল। আমরা ইতোমধ্যে একটা মহাপরিকল্পনা গ্রহণ করেছি- পাঁচ, তিন ও দুই বছর মেয়াদি। বুড়িগঙ্গা, বালু, শীতলক্ষ্যা ও তুরাগকে পুরাতন আবহে আমরা ফিরিয়ে আনব।”

নদী তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদে সবার সহযোগিতা চেয়ে নৌ পরিবহন প্রতিমন্ত্রী বলেন, “জনসমর্থন ছাড়া কোনো কাজ হয় না। মুক্তিযুদ্ধে আমরা জয়লাভ করেছিলাম, সেটা জনযুদ্ধ ছিল বলে। জনগণের অকুণ্ঠ সমর্থন ছিল বলেই আমরা দুর্গমগিরি পাড়ি দিয়েছি।

“আমাদের সামনে চ্যালেঞ্জ হচ্ছে, বাংলাদেশের প্রকৃতিকে রক্ষা করা, বাংলাদেশের নদীগুলোকে রক্ষা করা। সেখানে আপনারা সর্বাত্মক সহযোগিতা করবেন। নতুন বর্ষে আপনাদের কাছে এটাই আমাদের প্রত্যাশা।”

ইরানি নওরোয বিষয়ে তিনি বলেন, “পারস্য সাহিত্য অত্যন্ত সমৃদ্ধ। ইরান খুব মেধাবী একটি দেশ, মেধাবী একটা জাতি। পারস্য সংস্কৃতি ধরে রেখে সমগ্র পৃথিবীর সঙ্গে একটি সাংস্কৃতিক সম্পর্ক তৈরি করতে চায়। তাদের এ পদক্ষেপকে বাংলাদেশ সব সময় স্বাগত জানায়।

“আমরা চাই, বাংলাদেশ জাতিগতভাবে আমরা যা অর্জন করেছি মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাধ্যমে- কারো সঙ্গে বৈরিতা নয়, সকলের সঙ্গে বন্ধুত্ব। আমরা সেই বন্ধুত্ব ধরে রাখতে চাই।”

শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অতিথি অধ্যাপক কাযেম কাহদুয়ী, বিশিষ্ট নাট্য পরিচালক অভিনেতা মামুনুর রশীদ, ইরান কালচারাল সেন্টারের ভারপ্রাপ্ত কাউন্সিলর মেহেদী হাসান।