খালেদার বাড়ির গ্যাস-বিদ্যুতের সংযোগ অবৈধ: হাছান মাহমুদ
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের বাড়ির বিদ্যুৎ, পানি ও গ্যাস সংযোগ অবৈধ দাবি করে আওয়ামী লীগ নেতা ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, এসব সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া উচিত।
শুক্রবার বিকেলে রাজধানীর শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে দ্বিতীয় জাতীয় গণসঙ্গীত উৎসব উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
হাছান মাহমুদ বলেন, “জিয়ার হাতে অবৈধভাবে জন্ম নেওয়া বিএনপির বর্তমান নেত্রীকে কোনো মূল্য ছাড়াই একশ এক টাকার বিনিময়ে দেড় বিঘা জমির ওপর গুলশানের সবচেয়ে বড় প্লটের এই বাড়িটি দেওয়া হয়।
“সেখানে তারা অবৈধ স্থাপনা গড়ে তুলেছে। সেখানকার বিদ্যুৎ, গ্যাস, পানি সব সংযোগ অবৈধ। অর্থাৎ বিএনপির সবকিছুই যে অবৈধভাবে পরিচালিত হয় তা এর মাধ্যমে আবার প্রমাণিত হল।”
সাবেক সেনা প্রধান ও রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর তার স্ত্রী খালেদা জিয়াকে ১৯৮২ সালে কোনো ধরনের হস্তান্তর ফি ছাড়াই গুলশান এলাকায় দেড় বিঘা জমির ওপর ওই বাড়ি বরাদ্দ দেন এইচ এম এরশাদের সামরিক সরকার।
আইনি লড়াইয়ে হেরে গিয়ে ২০১০ সালে ক্যান্টনমেন্টের বাড়ি ছাড়েন তখনকার সংসদের বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া। তখন গুলশানে ভাড়া করা একটি বাড়িতে ওঠেন তিনি। গুলশান-২ এর ৭৯ নম্বর রোডের ১ নম্বরের ‘ফিরোজা’ নামের ওই বাড়ির পাশেই তার নিজের বাড়িটি।
একাদশ সংসদ নির্বাচন সামনে রেখে খালেদা জিয়া নির্বাচন কমিশনে যে হলফনামা জমা দেন সেখানেও এই বাড়ির কথা লেখা আছে। তার স্থাবর সম্পত্তির মধ্যে আট শতাংশ অকৃষি জমির পাশাপাশি গুলশানে ১০০ টাকা দামের এই বাড়ির কথা উল্লেখ করেছেন তিনি। আয়ের হিসাবে বছরে বাড়ি ভাড়া থেকে ৬৭ লাখ ৩১ হাজার ৩১৪ টাকা আসার কথা উল্লেখ করেন তিনি।
এই বাড়ি কী নিয়মে হস্তান্তর হয়েছিল তার ব্যাখ্যা ২০১০ সালে গণপূর্ত মন্ত্রণালয়ের কাছে জানতে চেয়েছিল সংসদীয় স্থায়ী কমিটি।
আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ বলেন, “বিএনপির মতো দল, যারা ক্ষমতায়ও যেতে চায়, সেই দলের নেত্রীর বাড়িতে এসব অবৈধ সংযোগ নিয়ে তারা কী জবাব দেবেন? বেগম জিয়া এ লজ্জা কোথায় রাখবেন?”
খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বিদেশিদের কাছে বিএনপির নেতাদের ‘ধরনা দেওয়ার’ও সমালোচনা করেছেন তথ্যমন্ত্রী।
তিনি বলেন, “বিএনপির বড় বড় নেতাদের কথায় মনে হচ্ছে, ডাক্তারদের চেয়ে উনারা ভালো বোঝেন। আমার প্রশ্ন, বিদেশিদের কাছে যেভাবে ধরনা দিচ্ছেন তাতে বিদেশিরা খালেদার জিয়ার চিকিৎসা করবেন তা তো নয়।”
বিএনপি নেতাদের উদ্দেশে হাছান মাহমুদ বলেন, “তিনি (খালেদা জিয়) দুর্নীতি মামলায় শাস্তিপ্রাপ্ত হয়ে জেলে আছেন। তাকে মুক্ত করার পথ হচ্ছে আইন ও আদালত। আইন-আদালত ব্যতিরকে খালেদা জিয়াকে অন্য কোনো উপায়ে মুক্ত করার সুযোগ নাই।
”আর বিএনপি বহুবার আন্দোলনের কথা বলেছে। কিন্তু বিএনপির আন্দোলনের ডাক এখন মানুষের কাছে হাস্যকর হয়ে গেছে। তাদের এই সময়ে সময়ে আন্দোলনের কথা বলা ঈদের আগে ঈদের পরে... এগুলো মানুষের কাছে হাস্যকর।”
গণসঙ্গীত সমন্বয় পরিষদের সভাপতি ফকির আলমগীরের সভাপতিত্বে জাতীয় গণসঙ্গীত উৎসবে স্বাগত বক্তব্য রাখেন উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ।
এর আগে গণসঙ্গীত সমন্বয় পরিষদের শিল্পীরা জাতীয় সঙ্গীত ও দেশের গান ‘জয় বাংলা বাংলার জয়’ গেয়ে শোনান।
অনুষ্ঠানে কামাল লোহানী বলেন, “অনেকেই ভেবেছিলেন একাত্তরের মুক্তিযুদ্ধের পর আমাদের আর গণসঙ্গীতের প্রয়োজন নেই। কিন্তু সেই ভাবনাটি ভুল। দেশকে গড়ার, মানুষের অধিকারের লড়াইয়ের জন্য গণসঙ্গীত গেয়ে যেতে হবে।
“যে কোনো আন্দোলন-সংগ্রামে নতুন করে গণসঙ্গীত বাঁধতে হবে এবং এর চর্চা করতে হবে।”
এ ধরনের উৎসব সেই উদ্যোগগুলোকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের এ শব্দসৈনিক।
