খালেদার অবস্থা আগের চেয়ে ভালো: বিএসএমএমইউ পরিচালক
চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল একে মাহবুবুল হক ।
খালেদার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক জিলন মিঞা সরকার মঙ্গলবার দুপুরে বিএনপিপ্রধানকে দেখার পর এক ব্রিফিংয়ে মাহবুবুল হক বলেন, “গতকাল বেগম খালেদা জিয়া ভর্তি হয়েছেন। ২৪ ঘণ্টা হয়ে গেছে, গতকালকের চেয়ে আজকে ভালো। আর নতুন কোনো তথ্য আজকে নেই।”
তিনি আরও বলেন, “মেডিকেল বোর্ডের চেয়ারম্যান আজকে তাকে দেখেছেন। গতকাল যে ওষুধ দেওয়া হয়েছে তা উনি খাচ্ছেন। উনি যে সমস্যা নিয়ে এসেছেন সে অনুযায়ী তাকে ওষুধ দেওয়া হয়েছে। গতকালের চেয়ে ইমপ্রুভিং।”
গতবার খালেদা জিয়া বিএসএমএমইউতে সঠিক চিকিৎসা না পাওয়ার বিষয় পরিবার ও বিএনপির অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে হাসপাতাল পরিচালক বলেন, “আমি এসেছি দুই সাপ্তাহ হল। এ ব্যাপারে না জেনে কিছু বলাটা ঠিক হবে না। তবে গতকাল বেগম খালেদা জিয়া আসার পরে উনাকে কেবিনে দেওয়া থেকে যেভাবে আমরা শুরু করেছি- আমার মনে হয়- উনি উনার চিকিৎসায় সেটিসফাইড।
“গতকালকে উনি কথা বলেছেন, হাসিখুশি। আজকে বোর্ডের চেয়ারম্যান গিয়েছিলেন, উনি হাসিখুশি ও সাবলীলভাবে কথা বলেছেন। আগের কথা আমরা না বলি, এবার চিকিৎসা ভালো হচ্ছে।”
খালেদা জিয়ার হাতের ব্যাথার বিষয়ে তিনি বলেন, “উনি হাত নাড়াচ্ছেন। দুই হাতই নাড়িয়ে কথা বলেছেন। উনার দুই হাতেরই প্রেসার মাপা হয়েছে।”
“তার রক্তের সুগার মাপা হচ্ছে। এখনও সেটা নিয়ন্ত্রণে আসেনি। উনাকে যে ওষুধ দেওয়া হয়েছে সেই ওষুধই তিনি খাচ্ছেন। আগামীকাল ডাক্তারা দেখে এ বিষয়ে ব্যবস্থা নেবেন।”
সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার জন্য গঠিত মেডিকেল বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক জিলন মিঞা, হাসপাতালের অতিরিক্ত পরিচালক নাজমুল করিম, উপ-পরিচালক খুরশীদ আলম উপস্থিত ছিলেন।
