২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা জিয়া ভালোই আছেন: বঙ্গবন্ধু মেডিকেল

কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরের পর খালেদা জিয়ার চিকিৎসা শুরু হয়েছে জানিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে মাহবুবুল হক বলেছেন, বিএনপি চেয়ারপারসনকে দেখে তার ‘ভালোই’ মনে হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2019, 06:27 PM

Updated : 10 Oct 2022, 09:02 PM

পুরনো খবর:

কারাগার থেকে বঙ্গবন্ধু মেডিকেলে খালেদা জিয়া
উনার যেন মনে না হয়, বন্দি অবস্থায় চিকিৎসা হচ্ছে: ফখরুল

দুর্নীতির দায়ে দণ্ডিত সাবেক এই প্রধানমন্ত্রীকে হাসপাতালের কেবিন ব্লকের ৬২১ নম্বর কেবিনে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

সোমবার দুপুরে এক ব্রিফিংয়ে হাসপাতালের পরিচালক বলেন, “উনার জন্য যে মেডিকেল বোর্ড করা হয়েছে, সেই বোর্ডের সকল সদস্য কিছুক্ষণ আগে উনাকে দেখে এসেছেন, তারা উনার সাথে কথা বলেছেন। উনার ওষুধ প্রেসক্রাইব করে দিয়ে এসেছেন। আজকে থেকে ওই ওষুধ তিনি সেবন করবেন। তার চিকিৎসা শুরু হয়েছে।”

মেডিকেল বোর্ড খালেদাকে দেখার সময় নিজেও উপস্থিত ছিলেন জানিয়ে মাহবুবুল হক বলেন, “আলহামদুলিল্লাহ উনি ভালো আছেন। উনি বসে কথা বলেছেন। উনার এখন শারীরিক অবস্থা ভালো।”

গত ১৩ মাস ধরে কারাগারে থাকা খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে বিএনপি নেতারা বলে আসছিলেন, তার সুচিকিৎসা হচ্ছে না। কিন্তু গত মার্চে খালেদাকে বঙ্গবন্ধু মেডিকেলে স্থানান্তরের প্রস্তুতি নেওয়া হলে তিনি রাজি হননি।

বিএনপি নেতাদের পক্ষ থেকে সে সময় বলা হয়, বঙ্গবন্ধু মেডিকেলের ওপর খালেদা জিয়ার আস্থা নেই, তিনি ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা নিতে চান।

কিন্তু তাতে সাড়া না দিয়ে সোমবার বেলা সাড়ে ১২টার দিকে কড়া নিরাপত্তার মধ্যে খালেদা জিয়াকে কারাগার থেকে বঙ্গবন্ধু মেডিকেলে নিয়ে আসা হয়।

এরপর বেলা আড়াইটার দিকে ব্রিফিংয়ে এসে ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুল হক বলেন, মেডিকেল বোর্ডের সদস্যরা খালেদার কাছে তার সমস্যাগুলো জানতে চেয়েছিলেন। সে অনুযায়ী তারা ওষুধ লিখেছেন।

“এখন উনার সমস্যা যেটা- ব্যথাটা বেশি। পা ও হাতে ব্যথা আছে, পায়ের জয়েন্টে ও হাতের জয়েন্টে ব্যথা আছে। উনার ডায়াবেটিস আছে, যা এখন স্বাভাবিকের চাইতে একটু বেশি, আজকে খাওয়ার পরে র‌্যানডম গ্লুকোজ এসেছে ১৪। উনি একটু দুর্বল আছেন, ঘুম কম হচ্ছে। উনার খাওয়া-দাওয়ায় রুচি নেই।”

যে মেডিকেল বোর্ড খালেদা জিয়াকে দেখছে, তার ওপর বিএনপি নেত্রীর আস্থা আছে কিনা- সেই প্রশ্ন হাসপাতালের পরিচালকের কাছে রেখেছিলেন সাংবাদিকরা।  

উত্তরে তিনি বলেন, “আমরা যে বোর্ড করেছি সেই বোর্ডের প্রতি উনার যথেষ্ট আস্থা আছে। আজকে উনি বোর্ডের সদস্যদের সাথে ভালোভাবে কথা বলেছেন। উনারা যা জানতে চেয়েছেন সব কিছু উনি (খালেদা জিয়া) বলেছেন।

“বোর্ডের সদস্যরা যে চিকিৎসাপত্র দিয়েছেন সেটা উনার সামনেই উনার সাথে কথা বলে দিয়েছেন। আমি উপস্থিত ছিলাম। আমি মনে করি, উনি হ্যাপি এই বোর্ডের প্রতি।”

খালেদা জিয়ার আরও পরীক্ষা-নিরীক্ষা করা হবে কিনা জানতে চাইলে পরিচালক বলেন, “পরীক্ষা কয়েক দিন আগে করা হয়েছে। আজকে বোর্ড কিছু দেয়নি। আপাতত কিছু লাগবে না।”

ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুল হক বলেন, খালেদা জিয়াকে ৬২১ নম্বর কেবিনে রাখা হলেও পাশের কেবিনটিও তার জন্য বরাদ্দ করা হয়েছে। সেখানে কারা কর্তৃপক্ষের কর্মকর্তারা আছেন।

খালেদা জিয়ার জন্য গঠিত মেডিকেল বোর্ডের আগের চেয়ারম্যান অধ্যাপক আবদুল জলিল চৌধুরী অবসরে চলে যাওয়ায় তার জায়গায় বঙ্গবন্ধু মেডিকেলের ইন্টারনাল মেডিসিন বিভাগের অধ্যাপক মো. জিলন মিঞা সরকারকে দায়িত্ব দেওয়া হয়েছে।

পাঁচ সদস্যের বোর্ডের অপর সদস্যরা হলেন- রিউমাটোলজি মেডিসিন বিভাগের অধ্যাপক সৈয়দ আতিকুল হক, কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক তানজিলা পারভিন, ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের সহযোগী অধ্যাপক বদরুন্নেসা আহমেদ ও অর্থোপেডিক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক চৌধুরী ইকবাল মাহমুদ।

এই বোর্ডকে সহযোগিতা করার জন্য রয়েছেন রিউমাটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক শামীম আহমেদ এবং খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিসক ডা. মামুন।

হাসপাতালের পরিচালক বলেন, “প্রতিদিন একজন চিকিৎসক উনার শারীরিক অবস্থার উন্নতি পর্যবেক্ষণ করবেন। একজন চিকিসক প্রতিদিন সেখানে থাকবেন। রোস্টার অনুযায়ী ডিউটি হবে। আরও কিছু লাগলে আমরা সে ব্যবস্থা নেব।”

খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর সম্ভাবনা আছে কিনা প্রশ্ন করা হলে পরিচালক বলেন, “এখন আমরা উনার (খালেদা জিয়া) যে সমস্যা দেখেছি, তাতে মনে হয়নি যে উনি এমন কোনো জটিল রোগে ভুগছেন যার চিকিৎসা বিএসএমএমইউতে সম্ভব নয়।”

খালেদা জিয়াকে কত দিন থাকতে হবে জানতে চাইলে ব্রিগেডিয়ার জেনারেল এ কে মাহবুবুল হক বলেন, “এখানে দুটি জিনিস হতে পারে। উনার সমস্যা যদি দ্রুত ইমপ্রুভ করে তাহলে উনি চলে যেতে পারেন। আর যদি উনি মনে করেন যে, উনি এখানে কমফর্টেবলি থাকতে চান, আমাদের পক্ষ থেকে কোনো আপত্তি থাকবে না।”