‘অপ্রয়োজনীয়’ কথা না বলে অপেক্ষায় থাকুন: কামালকে হানিফ
এ বছরই নতুন নির্বাচন দাবির জবাবে কামাল হোসেনকে ‘অপ্রয়োজনীয়’ কথা না বলে অপেক্ষায় থাকতে বলেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
রোববার দুপুরে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যযালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সভা শেষে তিনি একথা বলেন।
হানিফ বলেন, “জাতীয় সংষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। আবার নির্বাচন চাইলে এর জন্য পাঁচ বছর অপেক্ষা করতে হবে।
“যখন নির্ধারিত সময়ে নির্বাচন হবে তখন হয়ত নির্বাচন কমিশন ওনার পরামর্শ বিবেচনায় আনবেন। কিন্তু সেই পর্যন্ত তাকে অপেক্ষা করতে হবে। এই সময়ের মধ্যে অপ্রয়োজনীয় কথাবার্তা বলে কোনো লাভ হবে না।”
গত ৩০ ডিসেম্বরের একাদশ সংসদ নির্বাচনের আগের রাতেই ‘ব্যালটে সিল মেরে ভোট ডাকাতি’ করা হয়েছে অভিযোগ করে এই বছরের মধ্যেই নতুন নির্বাচন দিতে সরকারের প্রতি দাবি জানিয়ে আসছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা কামাল হোসেন।
গণফোরাম সভাপতি কামাল হোসেন কখনও নির্বাচনে জয়ী হয়ে আসতে পারেননি বলে জানান হানিফ।
তিনি বলেন, “উনি মাঝেমধ্যে যে হুঙ্কার দেন, উনি বয়সের কারণে ভুলে গেলেও জাতি জানে উনি কোনো নির্বাচন করে জয়ী হতে পারেননি। উনি একবারই সংসদে এসেছিলেন, সেটাও বিনা প্রতিদ্বন্দ্বিতায়। বঙ্গবন্ধু আসন ছেড়ে দিয়ে তাকে সংসদে এনেছিলেন।
“যিনি কখনও জনগণের আস্থা অর্জন করতে পারেননি, তার এই ধরনের হুঙ্কারে জনগণ কিছু মনে করে না।”
স্বাধীনতার আগে ১৯৭০ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আসন ছেড়ে দিলে সেখানে উপনির্বাচন করে সাংসদ হন কামাল হোসেন। স্বাধীনতার পরে ১৯৭৩ সালেও বঙ্গবন্ধু তার আসন ছাড়লে সেখানে উপনির্বাচনে জয়ী হয়ে সংসদে যান তিনি।
জাতীয় প্রেস ক্লাবে সোমবার গণফোরামের সংবাদ সম্মেলনে দলটির সভাপতি কামাল হোসেন।
সর্বশেষ একাদশ সংসদ নির্বাচনে তার নেতৃত্বে বিএনপিকে নিয়ে গঠিত ঐক্যফ্রন্ট নির্বাচনে অংশ নিলেও প্রার্থী হননি কামাল হোসেন।
‘সরকার বাকশাল কায়েম করতে চাইছে’ বলে বিএনপির অভিযোগ নাকচ হানিফ বলেন, “বাকশাল কর্মসূচি ভবিষ্যতে আসবে কি আসবে না সে সম্পর্কে আমরা কোনো সিদ্ধান্ত নেইনি বা এই ধরনের কথা কেউ বলিনি।”
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানও বাকশালের সদস্য হওয়ার জন্য আবেদন করেছিলেন দাবি করে বিএনপির উদ্দেশে তিনি বলেন, “ফখরুল সাহেবরা বাকশালের বিরুদ্ধে বলছেন, ওনার নেতাও বাকশালের নেতা হওয়ার জন্য আবেদন করেছিলেন। যদিও ওনার আরেক নেতা মিথ্যাচার করেছেন, বলছেন তিনি আবেদন করেননি।
“তবে এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। বাকশাল কোনো সংগঠন নয়। এটা একটা কনসেপ্ট।”
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সে সময় গোটা জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন মন্তব্য করে তিনি বলেন, “জাতি যদি একই প্ল্যাটফর্মে থাকে, ঐক্যবদ্ধ থাকে, অর্থনৈতিক উন্নয়নসহ সব উন্নয়ন ত্বরান্তিত হয়, সেই লক্ষ্য নিয়ে সেই সময়ে তিনি এটা করতে চেয়েছিলেন।”
বর্তমান সরকারের সময়ে ফায়ার সার্ভিসের উন্নয়নের কথা তুলে ধরে হানিফ বলেন, “২০০৯ সালে সরকার গঠনের পর থেকে এ পর্যন্ত ফায়ার সার্ভিসের যে উন্নয়ন হয়েছে, অতীতে এর সিকি ভাগ উন্নয়নও ছিল না।
“২০০৯ সালে সারা দেশে ফায়ার সার্ভিসের স্টেশন ছিল ২০৪টি, জনবল ছিল চার হাজার তিনশ ৭৭টি। ২০১৮ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ৪০২টি স্টেশন এবং বিদ্যমান জনবলের সংখ্যা ১০ হাজার ৮৮০টিতে উন্নীত করা হয়েছে।”
ফায়ার সার্ভিস স্টেশন ও জনবল প্রায় ‘দ্বিগুণের বেশি’ বাড়ানো হয়েছে বলে জানান ক্ষমতাসীন দলের নেতা হানিফ।
তিনি বলেন, “অত্যাধুনিক সরঞ্জাম সরবরাহ করা হয়েছে। এছাড়া ফায়ার সার্ভিসকে আরও আধুনিকায়ন করার জন্য একনেকে একটি প্রকল্প অনুমোদন করেছে।”
বৈঠকে অন্যদের মধ্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাসিম, বি এম মোজাম্মেল হক, খালিদ মাহমুদ চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আব্দুস সবুর, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক রোকেয়া সুলতানা, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, কেন্দ্রীয় সদস্য এস এম কামাল হোসেন, রিয়াজুল কবির কাউসার, মারুফা আক্তার পপি ও আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।
