২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি বুধবার

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি হবে বুধবার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2019, 02:18 PM

Updated : 18 Aug 2022, 05:00 PM

ওইদিন সিঙ্গাপুর সময় সকাল ১০টায় ওবায়দুল কাদেরের অস্ত্রোপচারের সময় রাখা হয়েছে বলে সিঙ্গাপুরে তার সঙ্গে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক আবু নাসার রিজভী মঙ্গলবার দুপুরে নিশ্চিত করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর বাইপাস সার্জারি করবেন ডা. ফিলিপ কোহ এর নেতৃত্বে গঠিত মেডিকেল বোর্ডের সিনিয়র সদস্য কার্ডিওথোরাসিক সার্জন ডা. সিবাস্টিন কুমার সামি।

মন্ত্রীর রক্তচাপ, ডায়াবেটিস নিয়ন্ত্রণে এবং শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানান অধ্যাপক ডা. আবু নাসার।

৬৭ বছর বয়সী ওবায়দুল কাদের হৃদরোগ, ডায়াবেটিস ছাড়াও শ্বাসতন্ত্রের জটিল রোগ সিওপিডিতে (ক্রনিক অবসট্রাকটিভ পালমোনারি ডিজিজ) ভুগছেন।

গত ২ মার্চ সকালে শ্বাসকষ্ট নিয়ে তিনি ঢাকার বঙ্গবন্ধু মেডিকেলে ভর্তি হলে এনজিওগ্রামে তার হৃদপিণ্ডের রক্তনালীতে তিনটি ব্লক ধরা পড়ে। এর মধ্যে একটি ব্লক স্টেন্টিংয়ের মাধ্যমে অপসারণ করেন চিকিৎসকরা। অবস্থা কিছুটা স্থিতিশীল হলে উন্নত চিকিৎসার জন্য ৪ মার্চ এয়ার আম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়।

সেদিন রাতেই একটি মেডিকেল বোর্ড গঠন করে ওবায়দুল কাদেরের চিকিৎসা শুরু করেন মাউন্ট এলিজাবেথ হাসপাতালের চিকিৎসকরা।

সেখানে আইসিইউতে কয়েকদিন রেখে চিকিৎসার পর অবস্থার উন্নতি হলে কাদেরকে ১৩ মার্চ কেবিনে স্থানান্তর করা হয়।

কাদেরের সঙ্গে তার স্ত্রী ইসরাতুন্নেসা কাদেরও সিঙ্গাপুরে রয়েছেন।

পুরনো খবর:

ওবায়দুল কাদের আইসিইউ থেকে কেবিনে