২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রাইস্টচার্চে মসজিদে গুলির ঘটনায় বিএনপির উদ্বেগ

নিউ জিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে জুমার নামাজের সময় বন্দুকধারীর গুলিতে বহু মানুষ হতাহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2019, 01:35 PM

Updated : 18 Aug 2022, 04:59 PM

সেই সঙ্গে ক্রাইস্টচার্চের আল নূর মসজিদে গুলির ঘটনায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কয়েকজন খেলোয়াড় অল্পের জন্য বেঁচে যাওয়ায় সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করেছে দলটি।

শুক্রবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “যারা এই সন্ত্রাসী ঘটনায় নিহত হয়েছেন, দলের পক্ষ থেকে তাদের আত্মার মাগফেরাত কামনা করছি। দোয়া করি, রাব্বুল আলামীন যেন আমাদের খেলোয়াড়দের নিরাপদ রাখেন, হেফাজত করেন।”

শুক্রবার দুপুরে গোলাগুলির ঘটনার পর বাংলাদেশ-নিউজিল্যান্ড তৃতীয় টেস্ট বাতিল করা হয়েছে। শনিবার ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে ওই ম্যাচ শুরু হওয়ার কথা ছিল।

বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাসুদ জানান, ম্যাচের আগে শুক্রবার সকালে ওই মাঠে অনুশীলন করেন বাংলাদেশ দলের খেলোয়াড়রা। সেখান থেকে তাদের কয়েকজন কাছের আল নূর মসজিদে গিয়েছিলো জুমার নামাজ পড়তে। তবে তাদের সবাই নিরাপদে হোটেলে ফিরেছেন।

বিএনপির ভাইস চেয়ারম্যান এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, কেন্দ্রীয় নেতা শামসুজ্জোহা খান ও মোস্তাক মিয়া সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।