ডাকসুতে দিনের বেলায়ই ভোট ছিনিয়ে নেবে: মান্না
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাতে ‘ভোট ডাকাতি’ হয়েছে অভিযোগ করে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, ডাকসু নির্বাচনে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন দিনের বেলায়ই ‘ভয়ভীতি দেখিয়ে গায়ের জোরে ভোট ছিনিয়ে নেবে’।
আগামী ১১ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসুর ভোট সামনে রেখে শুক্রবার এক আলোচনা সভায় একথা বলেন ওই সংসদের সাবেক ভিপি মান্না।
বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নাগরিক ঐক্যের ঘোষণাপত্র প্রকাশ ও আলোচনা অনুষ্ঠানে তিনি বলেন, “আমি কোনো সমালোচনা করছি না। তবে আমি যদি বলি ডাকসু নির্বাচন সেই পথে যাবে যে পথে ৩০ তারিখের নির্বাচন হয়েছে তাহলে ভুল বলা হবে না। ১০ বছর ধরে একটা দল ক্ষমতায় থেকে হল দখল করে, ক্যাম্পাস দখল করে অন্যান্য সমস্ত রাজনৈতিক ছাত্র সংগঠনের বিকাশ নস্যাৎ করেছে।
“আমরা তো বললাম ৩০ তারিখে নির্বাচনে ডাকাতি হয়েছে। সেখানে রাতের বেলা ভোট ডাকাতি হয়েছে। এখানে (ডাকসু নির্বাচন) তো রাতে ডাকাতি হবে না, ওখানে দিনের বেলা ভয়ভীতি দেখিয়ে গায়ের জোরে ভোট নিয়ে নেবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯টি হলের মধ্যে হয়ত তিনটা হল অন্যদের দিয়ে দিল। তারপর ওরা বলবে, ভোট তো সঠিক হয়েছে না হলে ওরা কীভাবে জিতেছে?”
৩০ ডিসেম্বরের ভোটে আইনশঙ্খলা বাহিনীকে ‘কাজে লাগিয়ে’ আওয়ামী লীগ নতুন করে ক্ষমতায় এসেছে বলে দাবি করেন মান্না।
তিনি বলেন, “৩০ তারিখের ভোট সমস্ত জনগণের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে। জনগণের বিরুদ্ধে তারা বিজয়ী হয়েছে। এই পুলিশ, যে পুলিশ লীগ ছাড়া আওয়ামী লীগ থাকবে না। এখন তো আওয়ামী লীগ পুলিশ লীগ ছাড়া চলবেই না। এই পুলিশ লীগ বলেন, র্যাব বলেন, ট্যাব বলেন যাই বলবেন ওরা ক্ষমতাসীনদের পূজা করে। আর কারা ক্ষমতায় আসছে তলে তলে তাদের সাথে লাইন করে, চিরজীবনই হয়েছে। আমাদেরকে সেই আবহ তৈরি করতে হবে যে, সেটা চলবে না, আমরা আসব।”
গতবছর বাংলাদেশে নিরাপদ সড়ক আন্দোলনের সময় গুজব ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর জামিনে থাকা আলোকচিত্রী শহিদুল আলম এখন ‘স্বাধীনতা থেকে বঞ্চিত’ হচ্ছেন বলে অভিযোগ মাহমুদুর রহমান মান্নার।
তিনি বলেন, “অন্ন, বস্ত্র, বাসস্থান এগুলো আমাদের প্রয়োজন, এগুলো থাকতে হবে, নাগরিক হিসেবে এগুলোর অধিকারী। হাজতে এসবের সব কিছুই আছে যদিও আমাকে এত ভালো খাবার দেওয়া হয়নি। আমি অন্ন, বস্ত্র, বাসস্থান এবং নিরাপত্তা... যদিও জেলাখানায় বেশি নিরাপত্তা, সেগুলোর সবই আমার ছিল, তারপরও তো আমি হাজতে ছিলাম।
“কিন্তু সেখানে বঞ্চিত ছিলাম স্বাধীনতা থেকে। সেই স্বাধীনতা থেকে বঞ্চিত করাই যদি সবচেয়ে বড় শাস্তি মনে করা হয় তাহলে বাইরে থেকে যদি এই স্বাধীনতা বঞ্চিত করা হয় তাহলে আমি স্বাধীন নই। আমার পেটে ভাত আছে তারপরও এই জিনিস আমাকে পীড়া দেয়।”
এক ‘ভয়ের রাজ্যে’ মানুষ বাস করছে মন্তব্য করে মান্না বলেন, “আমরা ভয়ের রাজ্যে বাস করি, এই ভয় সংক্রামক। আমি মনে করি, সাহসও কিন্তু সংক্রামক। আপনি যদি নিজে নিজের সাহস নিয়ে চলতে পারেন আপনাকে দেখে আরেকজন সাহস পাবে। আমি মনে করি, সবচেয়ে ভীত কিন্তু সরকার। কারণ তার মধ্যে ভেজাল আছে। যার মধ্যে যত বেশি ভেজাল আছে তার তত ভয়।”
নাগরিক ঐক্যকে সুচিন্তিতভাবে আন্দোলন চালিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে শহিদুল আলম বলেন, “আপনারা সুন্দর ইশতেহার দিয়েছেন, সুন্দর সুন্দর কথা বলেছেন। সুন্দর কথা সবাই বলে। তবে বাস্তবে কী হয় সেটাই দেখার বিষয়।”
অনুষ্ঠানে অন্যদের মধ্যে নাগরিক ঐক্যের উপদেষ্টা এস এম আকরাম, বিকল্পধারা বাংলাদেশের একাংশের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নুরুল আমিন বেপারী, মানবাধিকার সংগঠন ‘অধিকার’-এর সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সি আর আবরার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীরসহ আরও অনেকে বক্তব্য দেন।
