২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুলের তোড়া নিয়ে গণভবনে আতিক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হওয়ার পরদিন ফুলের তোড়া নিয়ে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন আতিকুল ইসলাম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2019, 11:04 PM

Updated : 10 Oct 2022, 08:57 PM

আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ ও ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে শুক্রবার বিকালে তিনি গণভবনে যান বলে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব আশরাফ সিদ্দিকী বিটু জানিয়েছেন।

বৃহস্পতিবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে উপ-নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে পৌনে আট লাখেরও বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আতিক।

নয় লাখ ভোটের ৮ লাখই আতিকের  

এই জয়ের পর বিজিএমইএর সাবেক সভাপতি আতিক আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর সময় এফবিসিসিআই সভাপতি শফিউল আলম ও বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান তার সঙ্গে ছিলেন।

এ সময় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য শেখ সেলিম, আব্দুর রাজ্জাক, ফারুক খান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, দীপু মনি, সাংগঠনিক সম্পাদক মুহিবুল হাসান চৌধুরী নওফেল, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, উপ দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া সেখানে উপস্থিত ছিলেন।

বানিজ্যমন্ত্রী টিপু মুনশি ও সাংসদ আব্দুস সালাম মুর্শেদীও এ সময় উপস্থিত ছিলেন।