২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনা বিএনপির ৪ নেতা বহিষ্কৃত

দলের সিদ্ধান্ত না মেনে উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় পাবনার চার নেতাকে বহিষ্কার করেছে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2019, 11:44 PM

Updated : 18 Aug 2022, 04:55 PM

বহিষ্কৃতরা হলেন, পাবনা জেলা সহ সভাপতি ও ফরিদপুর উপজেলা সভাপতি জহুরুল ইসলাম বকুল, ফরিদপুর উপজেলা সহ-সভাপতি নাসরিন পারভিন মুক্তি, ভাঙ্গুড়া উপজেলা যুগ্ম সম্পাদক আনিসুর রহমান লিটন এবং ভাঙ্গুড়া উপজেলা কমিটির সদস্য জোসনা পারভিন।

বৃহস্পতিবার রাতে বিএনপির  সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কারের কথা জানানো হয়।

এতে বলা হয়, “দলের সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনে অংশগ্রহণের জন্য পাবনা জেলার এই ৪ নেতাকে প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।”

এই নিয়ে গত কয়েকদিনে বিএনপি সিরাজগঞ্জ, বগুড়া, মাগুরা, সুনামগঞ্জ, পঞ্চগড়, পিরোজপুরের মোট ১৭ নেতাকে বহিষ্কার করেছে।