২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার হটাতে লাগবে ঠাণ্ডা মাথার আন্দোলন: মঈন খান

বিএনপি নেতা আবদুল মঈন খান বলেছেন, আওয়ামী লীগ সরকারকে হটাতে ‘ঠাণ্ডা মাথায় বাস্তবধর্মী আন্দোলন’ করতে হবে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2019, 12:11 AM

Updated : 18 Aug 2022, 04:55 PM

তার জন্য নেতাকর্মীদের ‘ঠাণ্ডা মাথায়’ ধৈর্য ধারণের পরামর্শ দিয়েছেন তিনি।

বুধবার এক আলোচনা সভায় বেশ কয়েকজন দলীয় নেতা আন্দোলনের কর্মসূচি দেওয়ার দাবি জানালে এই পরামর্শ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান।

তিনি বলেন, “আজকে শোষক-শাসক সমাজ বাংলাদেশে যে পরিস্থিতির সৃষ্টি করেছে সেখানে কারো জীবন নিরাপদ নয়। কারো জীবনের কোনো স্বাধীনতা নাই, এখানে কথা বলার স্বাধীনতা নাই। কেউ সরকারের বিরুদ্ধে কথা বললে তাদের (সরকার) মেজাজ খারাপ হয়। হুমকি-ধমকি দেয়। মামলা-হামলার কথা না-ই বা বললাম।

“এই পরিস্থিতি থেকে পরিত্রাণের একটি মাত্র উপায় শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই সরকারকে বিদায় দিতে হবে। এই সরকারকে বিদায় দিতে হলে যে আন্দোলনের কথা এখানে আলোচনা হয়েছে, সেই আন্দোলন আমাদের করতে হবে ঠাণ্ডা মাথায়। বাস্তবধর্মী পরিকল্পনার মাধ্যমে।”

কারাগারে বন্দি খালেদা জিয়াকে মুক্ত করেই সুষ্ঠু নির্বাচনের দাবিতে আন্দোলন শুরু করতে হবে বলে মনে করেন মঈন খান।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “বিএনপি ও ঐক্যফ্রন্টের প্রত্যেকটি নেতা-কর্মীকে অনুরোধ করব, আপনারা ধৈর্য ধারণ করুন, আপনারা ঠাণ্ডা মাথায় থাকুন। আপনারা গণতন্ত্রের পথে থাকুন, আপনারা শান্তির পথে থাকুন। নিশ্চয়ই আমরা বিজয় ছিনিয়ে আনব।”

সভায় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, “আমি স্পষ্ট করে বলতে চাই, বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হলে লড়াই করতে হবে। তার কোনো বিকল্প নেই।

“আমরা জানি যারা এখন ক্ষমতায় আছেন তারা নিষ্ঠুর ও হৃদয়হীন। খুব স্পষ্ট যে, এই সরকারের কাছে করুণা ভিক্ষা করি না আমরা, এই সরকারের কাছে কোনো সত ব্যবহার প্রত্যাশা করি না। আমরা মনে করি, আন্তরিকভাবে বিশ্বাস করি, যা পাব আদায় করে নিতে হবে, করুণা করে কিছু পাওয়া যাবে না। আন্দোলন করতেই হবে।”

সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি ভবনের স্বাধীনতা মিলনায়তনে নাগরিক অধিকার আন্দোলন ফোরামের উদ্যোগে ‘৩০ ডিসেম্বর এবং অতঃপর’ শীর্ষক এই আলোচনা সভা হয়।

সংগঠনের উপদেষ্টা সাঈদ আহমেদ আসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের পরিচালনায় আলোচনা সভায় বিএনপির মোশাররফ হোসেন, আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, শাহ নেসারুল হক, শাহরিয়া ইসলাম শায়লা, ফরিদউদ্দিন, শাহজাহান মিয়া সম্রাট, ভিপি ইব্রাহিম, মিয়া মো. আনোয়ার, ইসমাইল হোসেন সিরাজী প্রমুখ বক্তব্য রাখেন।