২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দার্জিলিংয়ে হাতির আক্রমণে জাসদ নেতা কনকের মৃত্যু

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) গণমাধ্যমবিষয়ক সম্পাদক সৈয়দ সাইমুন বিন নূর কনক দার্জিলিংয়ে ডুয়ার্সের জঙ্গলে বন্যহাতির আক্রমণে নিহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2019, 12:18 PM

Updated : 18 Aug 2022, 04:45 PM

সাবেক ছাত্রনেতা শফী আহমেদ জানান, শুক্রবার বিকালে ডুয়ার্সে বাতাবেড়ি মূর্তি নদীর কাছে জঙ্গল সাফারি করতে গিয়ে বন্য হাতির আক্রমণের শিকার হন কনক।

সাইমুন কনক মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও মুজিব বাহিনীর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ডেপুটি কমান্ডার নূরে আলম জিকুর ছেলে। জাসদের সাবেক কার্যকারী সভাপতি জিকু ১৯৮৮ সালের নির্বাচনে সাংসদ নির্বাচিত হয়েছিলেন।

কুষ্টিয়া জেলা জাসদের নেতারা জানান, স্ত্রী ও বন্ধুদের নিযে দার্জিলিং ডুয়ার্সে বেড়াতে গিয়েছিলেন পঞ্চাশোর্ধ কনক। সেখানে স্ত্রীর সঙ্গে কয়েকটি ছবিও তিনি ফেইসবুকে দিয়েছিলেন।

ভারতের নগরকাটা থানার ওসি অসীম মজুমদারের বরাত দিয়ে পশ্চিমবঙ্গের বাংলা পত্রিকাগুলোর খবরে বলা হয়, শুক্রবার বন্ধুদের সঙ্গে লাটাগুড়ির জঙ্গলে সাফারিতে যান কনক।

সেখান থেকে ফেরার পথে মূর্তি সেতু ও চন্দ্রচূড় নজর মিনারের মাঝে বনের ভেতরে হাতি দেখে তারা গাড়ি থামান। কনক ছবি তোলার জন্য ক্যামেরা হাতে এগিয়ে গেলে আকস্মিকভাবে হাতির আক্রমণের শিকার হন।

তার সঙ্গে থাকা অন্যরা দ্রুত গাড়ি নিয়ে সেখান থেকে সরে যান। পরে বনকর্মীরা গিয়ে কনকের লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

জাসদের দপ্তর সম্পাদক আবদুল্লাহিল কাইয়ুম ফেইসবুকে জানিয়েছেন, সব আইনি প্রক্রিয়া শেষে রোববারই কনকের মরদেহ দেশে ফিরিয়ে আনা হচ্ছে।

রংপুর জেলা জাসদের নেতারা বুড়িমারী সীমান্তে কনকের কফিন বুঝে নিয়ে ঢাকায় পাঠানোর ব্যবস্থা করবেন। পরে পরিবারের সদস্য ও দলীয় নেতারা আলোচনা করে শেষকৃত্যের সময়-স্থান ঠিক করবেন।

কনকের স্ত্রী মালা বিকালে রিজেন্ট এয়ারের একটি ফ্লাইটে কলকাতা থেকে দেশে ফিরবেন। কনকের যুক্তরাষ্ট্রপ্রবাসী ছোট ভাই অনু সোমবার সকালে ঢাকা পৌঁছাবেন বলে জাসদ নেতারা জানান।

পুরান ঢাকার সদরঘাট-ওয়াইজঘাট এলাকার নবাববাড়ি সংলগ্ন পৈতৃক বাড়িতেই থাকতেন কনক। তার একমাত্র ছেলে শান্ত ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছেন।

এদিকে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি গতকাল এক শোক বার্তায় জাসদ কেন্দ্রীয় কমিটির গণমাধ্যমবিষয়ক সম্পাদক সৈয়দ সাইমুন কনকের অকাল মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবার-স্বজন-সহকর্মীদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন।