ডুয়ার্সের বনে জাসদ নেতা সাইমুন কনকের মৃত্যু
ভারতের পশ্চিমবঙ্গের ডুয়ার্সের একটি বনে ঘুরতে গিয়ে বন্য হাতির আক্রমণে জাসদ নেতা সৈয়দ সাইমুন কনক মারা গেছেন।
সাইমুন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় কমিটির গণমাধ্যম বিষয়ক সম্পাদক ছিলেন।
জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার তার মৃত্যুতে শোক জানিয়েছেন।
জাসদের সহ-দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন জানান, সাইমুন কনক দার্জিলিংয়ের ডুয়ার্সের গরুমারা ন্যাশনাল পার্কের বাতাবাড়ি জঙ্গলে ‘সাফারি করতে’ গিয়েছিলেন। সেখান থেকে ফেরার সময় শুক্রবার শেষ বিকালে বন্য হাতির আক্রমণে প্রাণ হারান তিনি।
সব প্রক্রিয়া শেষে আগামী শনিবার তার মরদেহ দেশে আসবে বলে জানিয়েছেন তিনি।
