২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুলুর জামিন আবেদন নাকচ

নাশকতার মামলায় গ্রেপ্তার বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুর জামিন আবেদন ফের নাকচ করল আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2018, 06:34 PM

Updated : 19 Aug 2022, 03:11 PM

ঢাকার শেরেবাংলা নগর থানার এই মামলায় এই মাসের শুরু থেকে কারাগারে রয়েছেন এই বিএনপি নেতা। আগেও তার জামিনের আবেদন প্রত্যাখ্যাত হয়েছে।

দুলু ফের জামিনের আবেদন করলে সোমবার ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম আমিনুল হক শুনানি শেষে তা নাকচ করে দেন।

ওই আদালতের সংশ্লিষ্ট সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই  আবু ইউসুফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুলুর নাম অভিযোগপত্রে আসামির তালিকায় রয়েছে। তিনি হাই কোর্ট থেকে জামিনে থাকলেও পরে পালিয়ে যান। এক ঘটনায়  দুই অভিযোগপত্রের বিস্ফোরকেরটি ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ ট্রাইবুনালে পাঠানো হয়েছে বিচারেরর জন্য। এ আদালতে বিচারের জন্য রয়েছে পুলিশকে হত্যাচেষ্টার অভিযোগটি।”

একাদশ সংসদ নির্বাচনের আগে গত ১২ ডিসেম্বর সকালে গুলশানের বাসা থেকে দুলুকে আটক করে পুলিশ।

এরপর তাকে ২০১৫ সালের হরতাল-অবরোধ চলাকালে শেরেবাংলা নগর থানায় নাশকতার মামলায় গ্রেপ্তার দেখানো হয়।