‘সহিংসতায় নিহত কর্মী পরিবারের পাশে আছেন শেখ হাসিনা’
নির্বাচনী সহিংসতায় নিহত আওয়ামী লীগের নেতাকর্মীদের পরিবারের পাশে থাকার অঙ্গীকারের কথা জানিয়েছেন দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান এ কথা বলেন।
তিনি বলেন, “আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা মমতাময়ী মা। শুধু এই নির্বাচনে যারা প্রাণ দিয়েছেন, আত্মাহুতি দিয়েছেন, শুধু তাদের পাশে না, তিনি সব সময় মানুষের পাশে থাকেন।
“তাই দলের নেতাকর্মীদের পাশে, প্রিয় নেতাকর্মীদের পাশে তিনি অবশ্যই দাঁড়াবেন, তাদের পরিবারকে সাহায্য করবেন শেখ হাসিনা। পরিবারগুলো যেন হারানোর বেদনা সহ্য করতে পারে, হারানোর বেদনা যেন পুষিয়ে নিতে পারে, সেজন্য তিনি নিশ্চয়ই ব্যবস্থা নেবেন।”
এবার ভোটের প্রচারের শেষ দিকে এসে গত ২৭ ডিসেম্বর আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এক অনুষ্ঠানে বলেন, গত ১ থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত তাদের দলের পাঁচজন নেতাকর্মী নির্বাচনী সহিংসতায় নিহত হয়েছেন।
আর রোববার সকালে ঢাকা সিটি কলেজ কেন্দ্রে নিজের ভোট দেওয়ার পর তিনি বলেন, কেবল ডিসেম্বরেই আওয়ামী লীগের ১০ জন নেতাকর্মী নিহত হয়েছেন।
এরপর সারা দিনে দেশের বিভিন্ন জেলা থেকে সংঘাতে হতাহতের ঘর আসতে থাকে। সন্ধ্যায় হোটেল সোনারগাঁওয়ে বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের এক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী বলেন, ভোট ঘিরে দেশের ১৪টি স্থানে অন্তত ১৮ জন নিহতহ হওয়ার খবর তাদের হাতে রয়েছে।
নির্বাচনে অংশ নেওয়া সব দলকে ধন্যবাদ জানিয়ে নির্বাচনের ফলাফল যাই হোক- তা মেনে নেওয়ার কথা বলেন আবদুর রহমান।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “আমাদের নেতাকর্মীদের দায়িত্বশীল আচরণ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। তাদেরকে অনুরোধ করা হয়েছে, নির্বাচনের ফলাফল আমাদের পক্ষে যদি আসে বাংলাদেশের জনগণকে উৎসর্গ করব।”
আব্দুর রহমান বলেন, “গণমাধ্যমের মাধ্যমে এবং দলীয় সূত্র থেকে বিভিন্ন নির্বাচনী এলাকার ফলাফল আসতে শুরু করেছে। এখন পর্যন্ত আমরা যে তথ্য পেয়েছি, তাতে এটা নিশ্চিতভাবে বলা যায়, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ ও মহাজোট বিপুল ভোটের ব্যবধানে অধিকাংশ আসনে জয়লাভ করবে।”
এ নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা জাতির সামনে একটি চ্যালেঞ্জ ছিল মন্তব্য করে তিনি বলেন, “বাংলার জনগণের নিরুঙ্কুশ সমর্থনে, এই স্বাধীন সার্বভৌম নির্বাচন কমিশনের অধীনে তা সম্পন্ন হয়েছে।”
শেখ হাসিনা সরকার প্রধান হয়েও স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে সংবিধানের বিধান অনুযায়ী ‘গ্রহণযোগ্য নির্বাচন’ করার ‘অনন্য নজির’ স্থাপন করেছেন বলে মন্তব্য করেন আব্দুর রহমান।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পক্ষ থেকে নেতা-কর্মী-সমর্থকদের চূড়ান্ত ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত কেন্দ্রে কেন্দ্রে অবস্থান করে জনগণের রায় প্রতিষ্ঠা করার নির্দেশনা দেন দলের এই যুগ্ম সাধারণ সম্পাদক।
তিনি দাবি করেন, অতীতের যে কোনো সময়ের চেয়ে এবারের নির্বাচনে সহিংসতার ঘটনা উল্লেখযোগ্যভাবে কম হয়েছে। ভোটারদের অংশগ্রহণও ছিল আশাব্যঞ্জক।
অন্যদের মধ্যে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক শামুসনাহার চাঁপা, উপ দপ্তরর সম্পাদক বিপ্লব বড়ুয়া, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ইকবাল আর্সলান সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
