বিএনপি-জামায়াত শেষ সময়ে গুজব ছড়াবে: আওয়ামী লীগ
ভোটগ্রহণের ঠিক আগে বিএনপি-জামায়াত জোট গুজব ছড়িয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
একাদশ সংসদ নির্বাচনের দুদিন আগে বৃহস্পতিবার আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই আশঙ্কা প্রকাশ করে সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেন, বিএনপি-জামায়াতের ‘অশুভ জোট’ নির্বাচনকে সামনে রেখে ‘ভয়াবহ ষড়যন্ত্রে লিপ্ত হবে’।
“আগামীকাল সারাদেশে নৈরাজ্য সন্ত্রাস ও সহিংসতা সৃষ্টি করতে পারে। এমনকি ভুয়া ব্যালট পেপার ছাপিয়ে, নিজেরাই একটি ভুয়া ভিডিও তৈরি করে, নকল ভিডিও বানিয়ে গুজব সৃষ্টি করতে পারে।”
মিথ্যাচার, অপপ্রচার ও বিভ্রান্তি ছড়িয়ে বিএনপি আর সুবিধা করতে পারছে না বলেও মন্তব্য করেন তিনি।
“বিএনপি-জামায়াত-ঐক্যফ্রন্টের পুরনো গেইম আর বাস্তবায়ন করা সহজ হচ্ছে না। … দেশের মানুষ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, বিএনপি নেতাদের বক্তব্য-বিবৃতিতে তা স্পষ্ট হয়েছে।”
প্রায় তিন সপ্তাহের উত্তাপের পর শুক্রবার সকাল ৮টায় শেষ হচ্ছে ভোটের প্রচার। তার একদিন বাদেই ভোটগ্রহণ হবে।
নির্বাচন নিয়ে সবর্ত্রই উৎসবের আমেজ দেখছেন বলে জানান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
তবে তিনি বলেন, “দেশের মানুষের মধ্যে যখন উৎসব ও উদ্দীপনা বিরাজ করছে, তখন বিএনপি-জামাতের মধ্যে চরম হতাশা ও নিরাশার পাশাপাশি এক ধরনের হিংস্রতা লক্ষ্য করা যাচ্ছে।
“নিশ্চিত পরাজয়ের আশঙ্কায় দিকভ্রান্ত নাবিকের মতো পথ খুঁজে ফিরছে। পাশাপাশি আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের সমর্থকদের ওপর আক্রমণ অব্যাহত রেখেছে।”
ক্ষমতাসীন দল ও প্রশাসনের ভয়ে বিএনপির কর্মীরা মাঠে নেই- এ অভিযোগের জবাবে রহমান বলেন, “শুধু কর্মী নয়, ভোটের মাঠে বিএনপির কোনো অবস্থান নেই।”
বিএনপি-জামায়াতের অন্য উদ্দেশ্যে আছে বলেও সন্দেহ করেন আওয়ামী লীগের এই নেতা।
“তারা প্রথম থেকেই নির্বাচনের মাঠে প্রচলিত রীতিনীতি অনুযায়ী প্রচার-প্রচারণায় অংশগ্রহণ না করে মিথ্যাচার-অপপ্রচার এবং নাশকতা ও সহিংসতার পথ বেছে নিয়েছে।
“একদিকে তারা লাগাতারভাবে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে, অন্যদিকে সন্ত্রাস ও সহিংসতা সৃষ্টি করছে। যার অংশ হিসেবে নেতারা নির্বাচন কমিশন, পুলিশ-সাংবাদিকসহ নির্বাচন পরিচালনায় নিয়োজিত সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানকে নিয়ে অশোভন মন্তব্য করছেন। হুমকি-ধমকি দিয়েছেন; তাদের থেকে কেউই রেহাই পাচ্ছে না।”
গণফোরাম নেতা মোস্তফা মোহসিন মন্টুর কথিত এক টেলিআলাপের সূত্র ধরে রহমান বলেন, “বিএনপি নেতাদের ফাঁস হওয়া ফোনালাপে একের পর এক ষড়যন্ত্রের চিত্র পরিস্ফুট হচ্ছে।
“গতকাল গণমাধ্যমে প্রকাশিত গণফোরাম সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু ও বিএনএফ নেতা শওকতের ফাঁস হওয়া ফোনালাপে পলাতক দণ্ডপ্রাপ্ত আসামি তারেক রহমান কর্তৃক কামাল হোসেনকে হত্যার ষড়যন্ত্রের বিষয়টি উন্মোচিত হয়েছে। এই তারেক রহমান আন্তর্জাতিক সন্ত্রাসবাদের অন্যতম পৃষ্ঠপোষক ও মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ জন।”
গুজব ছড়ানোর শঙ্কর কথা নির্বাচন কমিশনেও জানিয়ে এসেছে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল।
দলের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আকতারুজ্জামানের নেতৃত্বে ওই প্রতিনিধি দলটি ইসি সচিব হেলালুদ্দীন আহমদের সঙ্গে দেখা করেন।
আকতারুজ্জামান সাংবাদিকদের বলেন, “নির্বাচনকে সামনে রেখে বিএনপি-জামায়াত ভয়াবহ ষড়যন্ত্রে লিপ্ত আছে। আগামীকাল সারাদেশে নৈরাজ্য, সন্ত্রাস ও সহিংসতা সৃষ্টি করতে পারে, এমনকি নকল ব্যালট পেপার ছাপিয়ে ও বুথ বানিয়ে ভোটের ভিডিওর গুজব ছড়াতে পারে।”
পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই এই ‘ষড়যন্ত্রের মূল সহযোগী’ বলেও মন্তব্য করেন তিনি।
সুষ্ঠু নির্বাচনের জন্য বিএনপি-জামায়াতের ‘সন্ত্রাসী কার্যক্রম ও ষড়যন্ত্র’ প্রতিহত করতে কমিশনের প্রতি অনুরোধ জানায় আওয়ামী লীগ।
একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলারের বক্তব্যের বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের প্রতিনিধি দলের সদস্য সেলিম মাহমুদ বলেন, “যুক্তরাষ্ট্র একাত্তরের মহান মুক্তিযুদ্ধে বিরোধিতা করেছে। এমনকি সপ্তম নৌবহরও পাঠিয়েছে। আটলান্টিক মহাসাগর পার হয়ে গেলে তাদের গণতন্ত্রের সংজ্ঞা বদলে যায়।”
