২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘জরুরি বৈঠক’ ডেকেছেন কামাল

ভোটের প্রচারের শেষ দিন জাতীয় ঐক্যফ্রন্টের জরুরি বৈঠক ডেকেছেন জোটের শীর্ষ নেতা কামাল হোসেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2018, 02:00 PM

Updated : 19 Aug 2022, 03:05 PM

বৃহস্পতিবার বিকাল ৩টায় ঢাকার পুরানা পল্টনের জামান টাওয়ারে কামালের কার্যালয়ে এই বৈঠক হবে বলে জানিয়েছেন ঐক্যফ্রন্টের মিডিয়া সমন্বয়ক লতিফুল বারী হামিম।

তিনি বলেন, “বিকাল ৩টায় স্টিয়ারিং কমিটির বৈঠক হবে। এরপর বিকাল ৫টায় সংবাদ সম্মেলন করবেন কামাল হোসেন স্যার।”

এদিকে জোটের মুখপাত্র বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও সকালে ঢাকার পথে রওনা হয়েছেন। বগুড়া ও রংপুরে নির্বাচনী প্রচার শেষ করে রাতে তিনি ঠাকুরগাঁওয়ে নিজের নির্বাচনী এলাকায় গিয়েছিলেন।

কামালের নেতৃত্বে সরকারবিরোধী এই জোটে তার দল গণফোরাম ও বিএনপি ছাড়াও জেএসডি, কৃষক শ্রমিক জনতা লীগ, নাগরিক ঐক্য ও জাতীয় ঐক্য প্রক্রিয়া রয়েছে। ঐক্যফ্রন্টের প্রার্থীরা ভোট করছেন জোটের বড় দল বিএনপির নির্বাচনী প্রতীক ধানের শীষ নিয়ে।

নির্বাচনের পরিবেশ নিয়ে নানা অভিযোগ জানিয়ে আসা ঐক্যফ্রন্টের নেতারা গত মঙ্গলবার কামাল হোসেনের নেতৃত্বে নির্বাচন কমিশনে গিয়েছিল নালিশ জানাতে। কিন্তু সিইসি কে এম নূরুল হুদার সঙ্গে কামালের উত্তপ্ত বাক্য বিনিময় হলে বৈঠক শেষ না করেই তারা বেরিয়ে আসেন।

এরপর বুধবার মতিঝিলে কামাল হোসেনের অফিসে গিয়ে তার নিরাপত্তার বিষয়ে খোঁজ খবর নিয়ে আসে ঢাকা মহানগর পুলিশের একটি দল।  

ফ্রন্টের অন্যতম নেতা গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মোহসিন মন্টু বুধবার রাতে এক সংবাদ সম্মেলনে বলেন, তাদের জোটের নেতাকর্মীদের নির্বিচারে ‘গ্রেপ্তার-হয়রানি’ করা হচ্ছে, ‘হুমকি’ দেওয়া হচ্ছে।

“আসলে পরিস্থিতি এত ভয়াবহ যে ভাষায় বোঝাতে পারব না। আপনারা (সাংবাদিক) সহকর্মীদের মাধ্যমে সব কিছু জানতে পারছেন। আমরা বলে বোঝাতে পারব না যে কী অবস্থায় আমরা আছি।”

সারাদেশে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থীদের ‘প্রচারে বাধা’, নেতা-কর্মীদের ওপর ‘হামলা, গ্রেপ্তারের’ প্রেক্ষাপটে সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করতেই বিকালে বৈঠক ডাকা হয়েছে বলে জোটের নেতারা জানান।

৩০ ডিসেম্বর একাদশ জাতীয় নির্বাচনের ভোট সামনে রেখে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচার শেষ হচ্ছে শুক্রবার সকাল ৮টায়। নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী ৪৮ ঘণ্টা আগে ভোটের প্রচার শেষ করতে হবে।

প্রচারের শেষ দিন বৃহস্পতিবার বিকালে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে চেয়েছিল জাতীয় ঐক্যফ্রন্ট। কিন্তু তারা পুলিশের অনুমতি পায়নি।