মাগুরায় নৌকার প্রচারে সাকিবের বাবা
মাগুরা-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী সাইফুজ্জামান শিখরের পক্ষে নৌকায় ভোট চেয়ে গণসংযোগে অংশ নিলেন ক্রিকেটার সাকিব আল হাসানের বাবা মাশরুর রেজা কুটিল।
মাগুরা জেলা শহরেই সাকিবদের বাড়ি। এই শহরসহ সদর উপজেলার ১৩টি ও শ্রীপুর উপজেলার আটটি ইউনিয়ন নিয়ে গঠিত মাগুরা-১ আসন। এখানে নৌকার প্রার্থী শিখর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব।
শুক্রবার সকালে শিখর নির্বাচনী প্রচারে বের হলে শহরের আবালপুরে তার গণসংযোগে অংশ নেন মাশরুর রেজা। নৌকার প্রচারপত্র বিলির পাশাপাশি পথসভায় বক্তব্য দেন তিনি।
মাশরুর রেজা বলেন, “সাইফুজ্জামান শিখর গত ১০ বছরে জেলার উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখেছেন। এ কারণে আমাদের উচিত উন্নয়নের স্বার্থে শিখরকে বিজয়ী করা।”
শিখর বিজয়ী হলে মাগুরায় আরো উন্নয়ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সাকিব আল হাসানও এবার আওয়ামী লীগের মনোনয়নে জাতীয় নির্বাচনে প্রার্থী হওয়ার আগ্রহ দেখিয়েছিলেন। পরে সরে দাঁড়ান তিনি। সাকিব সরলেও আরেক ক্রিকেট তারকা মাশরাফি বিন মর্তুজা নড়াইল-২ আসনে নৌকা প্রতীক নিয়ে ভোটের লড়াইয়ে রয়েছেন।
আওয়ামী লীগের ঘাঁটি এলাকা হিসেবে পরিচিত মাগুরা-১ আসনে ১৯৯৬ সাল থেকেই নৌকার প্রার্থীরা বিজয়ী হয়ে আসছেন।
নৌকার প্রার্থীকে সমর্থন জানিয়ে সোমবার নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির মাগুরা জেলা আহ্বায়ক ও মাগুরা-১ আসনে লাঙ্গলের প্রার্থী হাসান সিরাজ সুজা।
সাইফুজ্জামান শিখর এদিন মাগুরা পৌরসভার আবালপুর ছাড়াও ছোটফালিয়া, দেড়ুয়া, কাশিনাথপুরসহ বিভিন্ন এলাকায় প্রচার চালান। এ সময় বিভিন্ন গ্রামে পথসভায় বক্তব্য রাখেন তিনি।
পথসভায় অন্যদের মধ্যে জাতীয় পার্টি নেতা হাসান সিরাজ সুজা, পৌরসভার মেয়র খুরশীদ হায়দার টুটুল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাকি ইমাম, অধ্যাপক কামরুজ্জামান চাঁদ, জেলা যুবলীগের সাবেক সভাপতি সোহেল পারভেজ দ্বীপ প্রমুখ বক্তব্য দেন।
