ঐক্যফ্রন্টকে নির্বাচনের বাইরে ফেলে দিচ্ছে: কামাল
ভোটের তারিখ যত এগিয়ে আসছে আওয়ামী লীগ ও পুলিশের ‘নৈরাজ্য’ ঐক্যফ্রন্টের নেতাকর্মীদের নির্বাচনের মাঠ থেকে ততই ‘সরিয়ে দিচ্ছে’ বলে অভিযোগ করেছেন জোটের শীর্ষ নেতা কামাল হোসেন।
শুক্রবার রাজধানীর পুরানা পল্টনের জামান টাওয়ারে ঐক্যফ্রন্টের কার্যালয়ে এক সংবাদ সম্মেলন তিনি বলেন, “জাতীয় নির্বাচনের তারিখ যতই ঘনিয়ে আসছে নির্বাচনী হামলা, সহিংসতা, নৈরাজ্য তত তীব্র থেকে তীব্রতর হচ্ছে। আওয়ামী সন্ত্রাসীদের সঙ্গে নতুন করে যোগ হচ্ছে পুলিশি নির্যাতন, হামলা ও গ্রেপ্তার।”
পুলিশ প্রশাসনকে অবিলম্বে ‘অত্যাচারের পথ পরিহার করে সঠিকপথে ফিরে আসার এবং নির্বাচন কমিশনকে এ ব্যাপারে ‘সঠিক ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানান গণফোরাম সভাপতি কামাল।
সংবাদ সম্মেলনে কামাল হোসেনের পক্ষে লিখিত বক্তব্য পড়ে শোনান গণফোরামের সহ-সভাপতি জগলুল হায়দার আফ্রিক। পরে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন।
লিখিত বক্তব্যে ঐক্যফ্রন্টের নেতাকর্মীদের বিরুদ্ধে ‘নজীরবিহীন’ মামলা-হামলার অভিযোগ এনে কামাল হোসেন বলেন, “৪০/৫০ বছর ধরে বাংলাদেশের নির্বাচন দেখছি, কিন্তু কোনো দিন এমন চিত্র দেখিনি। এতে বোঝা যায়, কেন্দ্রীয় আদেশ-নির্দেশের ভিত্তিতে এগুলো করা হচ্ছে। এটা সংবিধানকে সম্পূর্ণভাবে লঙ্ঘন।”
তিনি বলেন, “এরকম পরিকল্পিতভাবে পুলিশ আদেশিত হয়ে সারাদেশে অভিযান চালিয়ে যাচ্ছে! কাদের বিরুদ্ধে? যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী। কিন্তু এখনই যে অবস্থা চলছে, সাত দিন পর কী অবস্থা হবে! সেটা তো আপনারা বুঝতেই পারছেন।”
ভোটের মাঠের ‘সব ধরনের নিপীড়ন-নির্যাতন’ বন্ধের আহ্বান জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা বলেন, “আমি গঠনমূলকভাবে বলতে চাই, এটা যেন অবিলম্বে বন্ধ হয়। এই প্রেস কনফারেন্সের তথ্য দেওয়ার সাথে সাথে যেন সরকার নিপীড়ন-নির্যাতন একেবারে বন্ধ করে দেয়। না হলে সংবিধান লংঘন করার অপরাধ, গুরুতর অপরাধ।”
এক পরিসংখ্যান তুলে ধরে কামাল হোসেন বলেন, উচ্চ আদলতের নির্দেশে এ পর্যন্ত ১৩টি নির্বাচনী এলাকায় ঐক্যফ্রন্টের প্রার্থিতা বাতিল হয়েছে। ১৬ জন প্রার্থী আছেন কারাগারে।
উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়রের পদে থাকা বিএনপির অনেক প্রার্থীর মনোনয়নপত্র আদালতে বাতিল হয়ে গেছে তাদের পদত্যাগপত্র স্থানীয় সরকার মন্ত্রণালয়ে গৃহীত না হওয়ার কারণে। পদত্যাগ করে সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ওই বিধান ‘সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক’ বলে দাবি করেন আইনজীবী কামাল।
তিনি বলেন, “উচ্চ আদালত একে একে প্রার্থিতা অবৈধ ঘোষণা করে চলেছেন। এতে জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থীদের নির্বাচনের পূর্বেই নির্বাচনের মাঠ থেকে সরে যেতে হচ্ছে। এর সুবিধা নিচ্ছেন ক্ষমতাসীনরা। এর মধ্যে দিয়ে ঐক্যফ্রন্টকে নির্বাচনের বাইরে ফেলে দেওয়া হচ্ছে।”
আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে ঐক্যফ্রন্ট নেতা কামাল বলেন, “মাথা ঠিক করেন, মাথা সুস্থ করেন, সাত দিন পর ভোট। আপনার দুঃশাসন সব স্বৈরাচারকে ছাড়িয়ে গেছে। অর্থহীন বিজয় হওয়ার চেয়ে নির্বাচন হতে দিন। এটাকে প্রহসনের নির্বাচনে পরিণত করবেন না।”
ঢাকার পুরানা পল্টনে জাতীয় ঐক্যফ্রন্টের কার্যালয়ে শুক্রবার সংবাদ সম্মেলনে কামাল হোসেন।
নির্বাচনে সবার জন্য সমান সুযোগ তৈরি হয়নি মন্তব্য করে তিনি বলেন, “কাঙ্ক্ষিত, প্রত্যাশিত, অবাধ, সুষ্ঠু ও বাধাহীন ভোটদানের নিরাপদ পরিবেশ সৃষ্টি হয়নি। বরং চলমান সহিংসতা বলে দিচ্ছে সরকার, নির্বাচন কমিশন ও প্রশাসন জনপ্রত্যাশিত সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টির পথে নিজেরাই অন্তরায়।”
কামাল হোসেন বলেন, নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়েছে বলে যে দাবি করছে নির্বাচন কমিশন করছে, তার প্রমাণ ভোটের মাঠে তারা দেখছেন না। মাঠে ঐক্যফ্রন্টকে ‘দাঁড়াতে দেওয়া হচ্ছে না’, প্রশাসন ‘বৈরি আচরণ’ করছে।
নির্বাচনের দিন ইন্টারনেটের গতি কমানো হতে পারে- এমন খবরের প্রসঙ্গ টেনে ঐক্যফ্রন্টের নেতা বলেন, “এটা হবে আত্মঘাতী। ভোট কেন্দ্রে কোনো প্রকার আনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তা তাৎক্ষণিকভাবে রিটার্নিং কর্মকর্তা, আইন-শৃঙ্খলায় নিয়োজিত কর্তৃপক্ষ, কিংবা নির্বাচন কমিশনের দৃষ্টিগোচরে দ্রুত ও সহজে আনার ক্ষেত্রে স্পষ্টতই বাধার সৃষ্টি করবে।”
পুলিশকে এ নির্বাচনে ঐক্যফ্রন্টের ‘প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে বর্ণনা করে সংবাদ সম্মেলনে বলা হয়, “পুলিশ বাহিনীর বড় একটি অংশ সারাদেশে নিরপেক্ষতা ভঙ্গ করে দলীয় ক্যাডার বাহিনীর মত আচরণ করছে। ঐক্যফ্রন্টের নেতাকর্মীদের সঙ্গে আগ্রাসী আচরণ করছে প্রশাসন।”
যেসব নির্বাচনী এলাকায় পুলিশ কর্মকর্তারা ‘হামলা, মামলা, গ্রেপ্তার’ করে ঐক্যফ্রন্টের প্রার্থী ও নেতাকর্মীদের এলাকা ছাড়া করছে, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে তাদের প্রত্যাহার করে নিরপেক্ষ পুলিশ কর্মকর্তা নিয়োগের জানানো হয় সংবাদ সম্মেলনে।
জাতীয় ঐক্যফ্রন্টের উদ্যোগে ২১ থেকে ২৪ ডিসেম্বব ঢাকা মহানগীর (ঢাকা-৪ থেকে ঢাকা ১৮ আসনে) প্রতিটি নির্বাচনী আসনে জনসভা ও গণমিছিল হবে বলে সংবাদ সম্মেলনে ঘোষণা দেন কামাল।
এছাড়া ২৭ ডিসেম্বর দুপুর ২টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যোনে ঐক্যফ্রন্ট জনসভা করবে বলেও জানান তিনি।
অন্যদের মধ্যে গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
