২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রুবেল-শম্পার পক্ষে প্রচারে বাম নেতারা 

ঢাকা-১৫ আসনের প্রার্থী আহম্মদ সাজেদুল হক রুবেল এবং ঢাকা-৮ আসনের প্রার্থী শম্পা বসুর সমর্থনে গণসংযোগ করেছেন বাম গণতান্ত্রিক জোটের শীর্ষ নেতারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2018, 12:12 AM

Updated : 19 Aug 2022, 03:03 PM

ঢাকার এই দুটি আসনে সিপিবির রুবেল কাস্তে প্রতীকে ও বাসদের শম্পা মই প্রতীকে একাদশ সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছেন।

বুধবার সকালে মিরপুরের শেওড়াপাড়া এলাকায় মনিপুর স্কুলের সামনে রুবেলের জন্য ভোট চান সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমসহ বাম নেতারা।

গণসংযোগের সময় অনুষ্ঠিত পথসভায় সেলিম বলেন, “সাধারণ ৯৯ শতাংশ মানুষের প্রতিনিধি হল বাম গণতান্ত্রিক জোট।”

দুপুরে ফকিরাপুল পানির ট্যাংকের সামনে শম্পার জন্য ভোট চান বাম নেতারা।

সেখানে পথসভায় বাসদ সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেন, “শুধু ক্ষমতার পরিবর্তন নয়, নীতির পরিবর্তন ছাড়া দেশের মানুষের মুক্তি নিশ্চিত করা যাবে না। বাম জোট সেই নীতির পরিবর্তনের সংগ্রামে নেমেছে।”

দুটি স্থানে গণসংযোগে সিপিবির সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাসদের কেন্দ্রীয় নেতা বজলুর রশীদ ফিরোজ, ইউনাইটেড কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় নেতা নজরুল ইসলাম, সিপিবি নেত্রী লক্ষ্মী চক্রবর্তী, রওশন আরা রুশো, খান আসাদুজ্জামান মাসুম, সেকেন্দার হায়াৎ, বাসদ নেতা জুলফিকার আলী উপস্থিত ছিলেন।