২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়ী হলে ভোটের পরদিনই খালেদার মুক্তি দেখছেন কাদের সিদ্দিকী

ধানের শীষের প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানিয়ে নির্বাচনের পরদিনই খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন কাদের সিদ্দিকী।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2018, 10:20 PM

Updated : 19 Aug 2022, 03:02 PM

শনিবার গাজীপুরের শ্রীপুরের মাওনায় জাতীয় ঐক্যফ্রন্ট নেতাদের এক নির্বাচনী সভায় এই ঘোষণা দেন কাদের সিদ্দিকী।

তিনি বলেন, “৩০ ডিসেম্বর আপনারা সকলে ভোটকেন্দ্রে আসবেন, ভোট দেবেন। আমি কথা দিচ্ছি, ৩১ ডিসেম্বর খালেদা জিয়া মুক্ত হয়ে আসবেন অথবা নতুন বছরের প্রথম দিন তিনি কারাগার থেকে বেরিয়ে আসবেন।”

জিয়া এতিমখানা ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আদালতের রায়ে ১৭ বছরের কারাদণ্ড নিয়ে পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে বন্দি আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। দুই বছরের বেশি সাজা হওয়ায় নির্বাচনে প্রার্থী হতে পারেননি তিনি।

পাঁচ বছর আগে একাদশ সংসদ নির্বাচন বর্জনকারী বিএনপি এবারও নির্বাচনের আগে খালেদা জিয়ার মুক্তিসহ বেশ কয়েকটি দাবি জানিয়েছিল। তবে সরকারের পক্ষ থেকে বলা হয়, আদালতের রায়ে দণ্ডিত খালেদা জিয়ার মুক্তি আদালতের সিদ্ধান্তের বিষয়, এখানে তাদের কিছু করার নেই।

কেন্দ্র পাহারা কমিটি ও ভোট বাক্স পরীক্ষা করতে বললেন ঐক্যফ্রন্ট নেতারা

খালেদার ‍মুক্তি ও নির্দলীয় সরকারের দাবি পূরণ ছাড়াই নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি। তাদের সঙ্গে জোট বেঁধে জাতীয় ঐক্যফ্রন্টের ব্যানারে ধানের শীষ প্রতীকেই এবার ভোটের মাঠে রয়েছে কামাল হোসেনের গণফোরাম, কাদের সিদ্দিকীর কৃষক-শ্রমিক-জনতা লীগ, মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্য ও আ স ম আব্দুর রবের জেএসডির নেতারা।

Image
দুর্নীতি মামলায় দণ্ডিত হয়ে গত ৮ ফেব্রুয়ারি থেকে পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে বন্দি আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

দুর্নীতি মামলায় দণ্ডিত হয়ে গত ৮ ফেব্রুয়ারি থেকে পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে বন্দি আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

ঋণ খেলাপের কারণে মনোনয়নপত্র বাতিল হওয়ায় কাদের সিদ্দিকী এবার নির্বাচনে প্রার্থী হতে না পারলেও তার মেয়ে কুঁড়ি সিদ্দিকীসহ তার দলের পাঁচ নেতা ধানের শীষ প্রতীকে ভোটের লড়াইয়ে আছেন।

ভোটারদের উদ্দেশে কাদের সিদ্দিকী বলেন, “৩০ ডিসেম্বর আপনার একটি ভোটে খালেদা জিয়ার মুক্তি হতে পারে। ৩০ ডিসেম্বর আপনার একটি ভোটে গণতন্ত্র ফিরে আসতে পারে। ৩০ ডিসেম্বর আপনার একটি ভোটে এই স্বৈরশাসনের অবসান ঘটতে পারে।”

খালেদা জিয়ার মুক্তির জন্য ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন জেএসডির আ স ম আবদুর রবও, যিনি নিজেও এবার ধানের শীষের প্রার্থী হয়েছেন।

রব বলেছেন, “আপনারা কি খালেদা জিয়ার মুক্তি চান, তাহলে ধানের শীষে ভোট দিন।

“ধানের শীষে ভোট দিয়ে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। এক একটি ভোট বেগম জিয়ার মুক্তি ত্বরান্বিত করবে।”

খালেদা জিয়ার জন্য ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন মাহমুদুর রহমান মান্নাও।

নির্বাচনী সভায় তিনি বলেছেন, “আপনার একটি ভোট খালেদা জিয়ার মুক্তি নিশ্চিত করবে। ৩০ তারিখ পর্যন্ত যত অন্যায়-অত্যাচার আমাদের সহ্য করতে হবে।আমাদের মাটি কামড় দিয়ে থাকতে হবে।৩০ তারিখ আমরা জবাব দেব।

“সেই জবাব এই সরকার ফেরাতে পারবে না। আমি বলছি, এই সরকারের পতন ৩০ তারিখেই হবে। আপনারা ৩০ তারিখের জন্য সবাই প্রস্তুতি নিন।”