আ. লীগের মনোনয়ন ফরম নিলেন সাবেক নির্বাচন কমিশনার ছহুল
আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে ইচ্ছুক সাবেক নির্বাচন কমিশনার ছহুল হোসেন দলটির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
সিলেট বিভাগীয় মনোনয়ন ফরম সংগ্রহের বুথ থেকে শুক্রবারই সিলেট-১ আসনের জন্য তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
সিলেট বিভাগের মনোনয়ন ফরম বিক্রির দায়িত্বে থাকা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রেজাউল হাফিজ রেশিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাবেক নির্বাচন কমিশনার ছহুল হোসেনের জন্য স্থানীয় এক আওয়ামী লীগ নেতা মনোনয়ন ফরম সংগ্রহ করেন।”
সাবেক আইন সচিব ছহুল হোসেন সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার আমলে ২০০৭ সালে নির্বাচন কমিশনার নিযুক্ত হন। বর্তমানে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ডিন হিসেবে কর্মরত তিনি।
এদিকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রির দ্বিতীয় দিন শনিবারও উৎসব মুখর পরিবেশে এক হাজার ১৩২ জন ফরম সংগ্রহ করেছেন।
প্রথম দিনে আট বিভাগ মিলিয়ে মোট এক হাজার ৩২৯ জন আগ্রহী প্রার্থী মনোনয়ন ফরম কেনেন। প্রতিটি ফরমের মূল্য ৩০ হাজার টাকা করে।
শনিবারও আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে মনোনয়নপ্রত্যাশী ও তাদের অনুসারী নেতা-কর্মীদের প্রচণ্ড ভিড় ছিল। নানা রঙের ব্যানার ফেস্টুন নিয়ে শো-ডাউনের মাধ্যমে দলের মনোনয়ন ফরম সংগ্রহ করেন মনোনয়ন প্রত্যাশীরা।
ঢাকা ও ঢাকার বাইরে থেকে আসা নেতাকর্মীদের কারণে আশপাশের রাস্তায় যানজটের সৃষ্টি হয়।
শনিবার ঢাকা বিভাগের গোপালগঞ্জ-২ আসন থেকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য শেখ ফজলুল করিম সেলিমের পক্ষে মনোনয়ন ফরম তুলেছেন তার দুই ছেলে শেখ ফজলে ফাহিম ও শেখ ফজলে নাঈম। ঢাকা-১৮ আসনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য সাহারা খাতুন ও যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তার, ঢাকা-১৭ আসনে অভিনেত্রী সারাহ বেগম কবরী, মানিকগঞ্জ-২ আসনে কণ্ঠশিল্পী মমতাজ বেগম, টাঙ্গাইল থেকে তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম, মুন্সীগঞ্জ-২ আসনে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমসহ ৩৩৮ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
চট্টগ্রাম বিভাগের চট্রগ্রাম-৭ আসনে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ, কুমিল্লা-১১ আসন থেকে রেলমন্ত্রী মুজিবুল হক, ফেনী-২ আসনে সাইফউদ্দিন ভূইয়া নাসিরসহ ২২৫ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
ময়মনসিংহ অঞ্চলে নেত্রকোনা-২ আসনে চিত্রনায়ক রানা হামিদসহ ১১১ জন মনোনয়ন ফরম নিয়েছেন।
রাজশাহী বিভাগে ১০৫ জন মনোনয়ন সংগ্রহ করেছে।
খুলনা বিভাগে কুষ্টিয়া-৩ আসনে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল- আলম হানিফের পক্ষে জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, বাগেরহাট-৩ আসনে চিত্রনায়ক শাকিল খানসহ মনোনয়ন নিয়েছেন ১১৯ জন।
রংপুর বিভাগে দিনাজপুর-২ আসনে সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরীসহ ১৩১ জন মনোনয়ন ফরম নিয়েছেন। এছাড়া সিলেটে ৫২ জন ও বরিশালে ৫১ জন মনোনয়ন ফরম নিয়েছেন।
