২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি নেতা আজাদসহ শতাধিক রিমান্ডে

নাশকতার পরিকল্পনার মামলায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকীসহ শতাধিক ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2018, 10:38 PM

Updated : 11 Oct 2022, 12:45 PM

মির্জাপুর উপজেলা বিএনপির সভাপতি আজাদসহ প্রায় তিনশ জনকে মঙ্গলবার সকাল থেকে এক দিনে গ্রেপ্তার করা হয়।

বুধবার দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে তাদের বিভিন্ন মেয়াদে রিমান্ড ও কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ।

পুলিশের আবেদন এবং আসামিদের জামিন আবেদনের ওপর বিকালে শুনানি শেষে শতাধিক ব্যক্তির রিমান্ড মঞ্জুর এবং প্রায় দুইশজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের বিভিন্ন বিচারক।

আদালতে আসামিদের পক্ষে আইনজীবী হিসাবে শুনানি করেন সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহ, মহিউদ্দিন, নিহার হোসেন ফারুক, ইলতুৎমিশসহ কয়েকজন।

আইনজীবী মেসবাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাজধানীতে নাশকতার অভিযোগে ৪০টির বেশি থানার অর্ধশতাধিকেরও বেশি মামলায় এসব নেতাকর্মীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বেশিরভাগ মামলাই বিশেষ ক্ষমতা আইনে।

Image
ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে মঙ্গলবার জাতীয় ঐক্যফ্রন্টের জনসভা শেষে পুলিশের হাতে আটক নেতাকর্মীদের বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) কোর্টে হাজির করা হয়।

ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে মঙ্গলবার জাতীয় ঐক্যফ্রন্টের জনসভা শেষে পুলিশের হাতে আটক নেতাকর্মীদের বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) কোর্টে হাজির করা হয়।

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকা থেকে, সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশে আসার পথে এবং ওই সমাবেশ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের সাবেক সাংসদ আবুল কালাম আজাদ সিদ্দিকীকে মঙ্গলবার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে ঐক্যফ্রন্টের সমাবেশের প্রধান ফটক থেকে গ্রেপ্তার করা হয়।

রিমান্ডে ও কারাগারে নেওয়া ব্যক্তিদের মধ্যে ঢাকার কোতয়ালি থানার আটজন, বংশাল থানার তিনজন, মতিঝিল থানার ১৬ জন, শাহবাগ থানার ১৬ জন, পল্টন থানার ৩৮ জন, রামপুরা থানার আটজন, ধানমন্ডি থানার ১০ জন, হাজারীবাগ থানার পাঁচজন, শাহবাগ থানার ১০ জন, রমনা থানার সাতজন, মোহাম্মাদপুর থানার ১৬ জন, মিরপুর থানার দুইজন, শেরেবাংলা নগর থানার ১৩ জন, তেজগাঁও থানার ৪১ জন, হাতিরঝিল থানার ২৩ জন, উত্তরা পূর্ব থানার চারজন, উত্তরা পশ্চিম থানার পাঁচজন, ওয়ারী থানার ১২ জন, কামরাঙ্গীরচর থানার সাতজন, শ্যামপুর থানার ১৩ জন, কদমতলী থানার পাঁচজন, যাত্রাবাড়ী থানার ১৭ জন, ডেমরা থানার সাতজন, তেজগাঁও শিল্পাঞ্চল থানার ২৭ জন, খিলগাঁও থানার একজন, লালবাগ থানার ১১ জন, চকবাজার থানার আটজন, কাফরুল, পল্লবী, সবুজবাগ, দক্ষিণখান ও ক্যান্টনমেন্ট থানার দুইজন করে, গুলশান, ভাটারা থানার একজন, নিউ মার্কেট থানার নয়জন এবং দারুস সালাম থানার পাঁচজন আসামি রয়েছেন।

এছাড়া অন্যান্য থানায় আরও কিছু আসামি থাকলেও সে সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।