২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোহরাওয়ার্দীর জনসভায় জনসমর্থন দেখাতে চায় ঐক্যফ্রন্ট

গণভবনে দ্বিতীয় দফা সংলাপের আগের দিন রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করে শক্তির জানান দিতে চায় বিএনপিকে নিয়ে গঠিত কামাল হোসেনের জাতীয় ঐক্যফ্রন্ট।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2018, 01:55 PM

Updated : 19 Aug 2022, 02:51 PM

খালেদা জিয়ার মুক্তি, সংসদ ভেঙে দিয়ে নির্বাচনকালীন সরকার গঠন, নির্বাচন কমিশন পুনর্গঠন, নির্বাচনের সময়ে বিচারিক ক্ষমতা দিয়ে সেনা মোতায়েন, ইভিএম বাতিলসহ ৭ দফা দাবিতে মঙ্গলবার বিকালে এই জনসভা থেকে পরবর্তী কর্মসূচিও ঘোষণা করার কথা রয়েছে সরকারবিরোধী এই জোটের।

বিএনপি, জেএসডি, গণফোরাম, নাগরিক ঐক্য, জাতীয় ঐক্যপ্রক্রিয়ার সঙ্গে সোমবার এই জোটে যুক্ত হয়েছে কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগ।

গত ১৩ অক্টোবর জাতীয় ঐক্যফ্রন্ট গঠনের পর ঢাকায় এটাই হবে তাদের প্রথম জনসভা। ইতোমধ্যে এই জোটের নেতারা সিলেট ও চট্টগ্রামে সাত দফা নিয়ে জনসভা করেছেন।

মঙ্গলবার বেলা ২টায় সোহরাওয়ার্দী ‍উদ্যানে এই জনসভার জন্য ইতোমধ্যে সব প্রস্তুতি শেষ হয়েছে।

উদ্যানে উত্তর-দক্ষিণমুখী করে নির্মাণ করা হয়েছে মঞ্চ। লাগানো হয়েছে অর্ধশতাধিক মাইক। মঞ্চের আশপাশে খালেদা জিয়া ও তারেক রহমানের পাশাপাশি জিয়াউর রহমানের ছবি সম্বলিত ব্যানারও দেখা যাচ্ছে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে এ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য দেবেন ঐক্যফ্রন্টের নেতা গণফোরাম সভাপতি কামাল হোসেন। আর জেএসডির সভাপতি আসম আবদুর রব থাকবেন প্রধান বক্তা।

এই জনসভা ঘিরে রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন প্রাঙ্গণসহ সোহরাওয়ার্দীর আশপাশে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন থাকতে দেখা গেছে সকাল থেকে।

জেএসডি সভাপতি আসম আবদুর রব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, ঐক্যফ্রন্টের এই জনসভায় স্মরণকালের ‘সবচেয়ে বেশি জনসমাগম’ ঘটবে বলে তারা আশা করছেন।

আর নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, “আমাদের এই কর্মসূচি হবে দেশের একটি নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু নির্বাচনসহ সাত দফা দাবিতে। যেন তেনভাবে অথবা ২০১৪ সালের ৫ জানুয়ারির মত একতরফা নির্বাচনের কোনো সুযোগ এবার হতে দেওয়া হবে না।”

এ জনসভা থেকে কী কর্মসূচি আসছে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধারে আমরা যে ৭ দফা দিয়েছি তাকে সামনে রেখে আমাদের কর্মসূচি হবে। সব দলের অংশগ্রহণমূলক নির্বাচন করতে হলে অবশ্যই ৭ দফা সরকারকে মানতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে এবং সংসদ ভেঙে নির্বাচকালীন নিরপেক্ষ সরকার করতে হবে।”

আর প্রধানমন্ত্রীর সঙ্গে বুধবারের সংলাপের বিষয়ে তিনি বলেন, “আমরা বিশ্বাস করি, সংলাপের মাধ্যমে এসব বিষয়ে একটি সমঝোতা হবে। জনগণের প্রত্যাশা অনুযায়ী আগামী নির্বাচন হবে।”

পুরনো খবর:

ঢাকায় জনসভার অনুমতি পেয়েছে ঐক্যফ্রন্ট: রিজভী