ফের সংলাপে যাওয়ার আগে আইনজীবীদের সঙ্গে ঐক্যফ্রন্টের বৈঠক
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিতীয় দফা সংলাপে যাওয়ার আগে সংসদ ভেঙে দেওয়া, নির্বাচনকালীন সরকার গঠন নিয়ে বিশেষজ্ঞ আইনজীবীদের মতামত নিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা।
রোববার রাতে মতিঝিলে নাভানা বিল্ডিংয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের চেম্বারে এই বৈঠক হয়।
বৈঠকে সুপ্রিম কোর্টের আইনজীবী শাহদীন মালিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক বোরহান উদ্দিন, অধ্যাপক আসিফ নজরুল, আইন বিষয়ক সাংবাদিক সালেহউদ্দিন উপস্থিত ছিলেন।
মওদুদের সভাপতিত্বে এই বৈঠকে গণফোরামের সুব্রত চৌধুরী, মোদাব্বির খান, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, জাহেদ উর রহমান, জাতীয় ঐক্য প্রক্রিয়ার সুলতান মো. মনসুর আহমেদ উপস্থিত ছিলেন।
ঐক্যফ্রন্ট নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, বৈঠকে সংসদ ভেঙে দেওয়া ও নির্বাচনকালীন সরকার গঠন সম্পর্কে বিদ্যমান সংবিধানের মধ্যে থেকে সম্ভাব্য কী কী প্রস্তাব হতে পারে, তার একটি খসড়া তৈরি নিয়ে আলোচনা হয়। এই প্রস্তাবই বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংলাপে উপস্থাপন করা হবে।
বৈঠকের আগে শাহদীন মালিক সাংবাদিকদের বলেন, “সংবিধানে সংসদ ভেঙে দিয়ে নির্বাচন করার ব্যবস্থা আছে, সংবিধানের অন্তত ১০ জায়গায় লেখা আছে। এটা কোনো অস্বাভাবিক কিছু না। আমাদের দেশের ২/১ টা বাদ দিয়ে বেশিরভাগ নির্বাচনেই সংসদ ভেঙে দিয়ে হয়েছে। দুনিয়ার সব জায়গায় সাংবিধানিক প্রথা হল, সংসদ ভেঙে দিয়ে নির্বাচন করা।”
একাদশ সংসদ নির্বাচনের আগে গত বৃহস্পতিবার জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপে প্রধানমন্ত্রী সংবিধানের বাইরে গিয়ে কোনো প্রস্তাব মানার সুযোগ না থাকার কথা বলেন।
এরপরিপ্রেক্ষিতে দ্বিতীয় দফা সংলাপে বসতে রোববার প্রধানমন্ত্রীকে চিঠি দেন জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান নেতা কামাল হোসেন। সে ডাকে সাড়া দিয়ে বুধবার তাদের সঙ্গে দ্বিতীয় দফা সংলাপে বসতে রাজি হয়েছেন শেখ হাসিনা।
