২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রায়ের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ কর্মসূচি

জিয়া দাতব্য ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার সাজার রায়ের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2018, 02:35 PM

Updated : 19 Aug 2022, 02:48 PM

সোমবার রায় ঘোষণার পর নয়া পল্টনে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, “আমরা এই রায়ের প্রতিবাদে আগামীকাল মঙ্গলবার সারাদেশে জেলা সদর-মহানগরে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করছি।”

বিএনপির পাশাপাশি জাতীয় ঐক্যফ্রন্টের নেতাকর্মী এবং সারাদেশের মানুষকে এই কর্মসূচিতে অংশগ্রহণের আহবান জানান তিনি।

সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণার পরপরই নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে ঝটিকা মিছিল বের করেন মহানগর বিএনপির নেতা-কর্মীরা। সেখান থেকে পুলিশ কয়েকজনকে গাড়িতে তুলে নিয়ে যায়।

আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ২০১১ সালে দায়ের করা জিয়া দাতব্য ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ে সোমবার সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ চার আসামিকে সাত বছর করে কারাদণ্ড দেয় ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালত।

একই আদালত চলতি বছরের ৮ ফেব্রুয়ারি জিয়া এতিমখানা দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছিল।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বর্তমানে কারা তত্ত্বাবধানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে আছেন। তার অনুপস্থিতিতেই সোমবার দাতব্য ট্রাস্ট মামলার রায় দেন বিচারক। 

খালেদাকে নির্দোষ দাবি করে তার দল বিএনপি বরাবরই বলে আসছে, ‘রাজনৈতিক উদ্দেশ্য’ থেকে তাদের নেত্রীর বিরুদ্ধে এই ‘মিথ্যা’ মামলা করিয়েছে আওয়ামী লীগ সরকার।

সোমবার রায়ের প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল সংবাদ সম্মেলনে বলেন, “নিম্ন আদালতে এখন আর মানুষ ন্যায়বিচার পাচ্ছে না।”

এই রায়কে কেন্দ্র করে সকালে বিএনপি কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। তবে রায় ঘোষণার পর পুলিশ কার্যালয়ের সামনে থেকে সরে যায়।

অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, কেন্দ্রীয় নেতা আবুল কালাম আজাদ সিদ্দিকী, তাইফুল ইসলাম টিপু, বেলাল আহমেদ, মুনির হোসেন, শাহিন শওকত, আবদুল আউয়াল মিন্টু সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।