২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবার বিদ্রোহ মানে বহিষ্কার: কাদের

আসন্ন সংসদ নির্বাচনে আওয়ামী লীগের কেউ মনোনয়ন না পেয়ে প্রার্থী হলে তাকে সঙ্গে সঙ্গে বহিষ্কার করা হবে বলে হুঁশিয়ার করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2018, 04:36 PM

Updated : 08 Apr 2022, 07:13 PM

একাদশ সংসদ নির্বাচনের আগে দলীয় প্রচারে বৃহস্পতিবার ঢাকার সাভারে জনসংযোগের সময়  এক সভায় বক্তব্যে এই হুঁশিয়ারি দেন তিনি।

কাদের বলেন, “কেউ বিদ্রোহী হলে এবার কিন্তু ছাড় দেওয়া হবে না, সঙ্গে সঙ্গে বহিষ্কার। বিদ্রোহ মানে বহিষ্কার।”

বাংলাদেশে নির্বাচনে বড় দলগুলোর ক্ষেত্রে অনেক সময় মনোনীত প্রার্থীর পাশাপাশি অন্য নেতাদেরও প্রার্থী হতে দেখা যায়। বিএনপিবিহীন দশম সংসদ নির্বাচনে আওয়ামী লীগের এমন অনেকে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন। তাদের মধ্যে কয়েকজন বিজয়ীও হন। পরে তাদের দলে ফিরিয়ে নিতে দেখা গেলেও এবার সেরকম হবে না বলে ইঙ্গিত দিচ্ছেন কাদের।

তিনি বলেন, “প্রার্থী হন, সমস্যা নাই, আপত্তি নেই। কিন্তু প্রার্থী হয়ে নিজেরা নিজেদের বিরুদ্ধে বক্তব্য দিবেন, চরিত্র হনন করবেন, আমরা কিন্তু ব্যবস্থা নেব। আওয়ামী লীগ নেতারা আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলবেন না।”

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সদ্যগঠিত জাতীয় ঐক্যফ্রন্টের উদ্যোক্তা কামাল হোসেনেরও সমালোচনা করেন।

জাতীয় ঐক্যফ্রন্টকে ‘সন্ত্রাসী পুনর্বাসন কেন্দ্র’ আখ্যায়িত করে কাদের বলেন, “এখানে বিএনপি ও সন্ত্রাসীদের পুনর্বাসন করেছে ড. কামাল। বাংলাদেশে নষ্ট রাজনীতির কাণ্ডারী এখন কামাল হোসেন।”

ঐক্যফ্রন্টের পরিকল্পনা জানতে চেয়ে তিনি বলেন, “কার নেতৃত্বে ঐক্যফ্রন্ট?  নির্বাচিত হলে কে হবে প্রধানমন্ত্রী? খালেদা জিয়া জেলে, তারেককে প্রধানমন্ত্রী করলে কি জনগণ ভোট দেবে?”

দুর্নীতির মামলায় দণ্ড নিয়ে  কারাগারে রয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, দলটির জ্যেষ্ঠ চেয়ারম্যান তারেকও তিনটি মামলায় দণ্ড নিয়ে লন্ডনে রয়েছেন।

ঐক্যফ্রন্টে বিএনপি ছাড়াও রয়েছে আ স ম আবদুর রবের জেএসডি ও মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্য।