ড. কামাল নষ্ট রাজনীতিবিদ: কাদের
গণফোরাম সভাপতি কামাল হোসেন বিএনপির সঙ্গে হাত মিলিয়ে নিজেকে নষ্ট রাজনীতিবিদ প্রমাণ করেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বুধবার দুপুরে টঙ্গী সরকারি কলেজ মাঠে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় গিয়ে কামালের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টের দাবিগুলোর সমালোচনা করেন।
ওবায়দুল কাদের বলেন, “নষ্ট রাজনীতির প্রবর্তক বিএনপি, প্রতারক বিএনপি। এই নষ্ট রাজনীতি যারা করে, সেই বিএনপির সঙ্গে হাত মিলিয়ে ড. কামাল হোসেন প্রমাণ করেছেন, তিনিও একজন নষ্ট রাজনীতিবিদ।”
গত ১৩ অক্টোবর জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ৭ দফা দাবি ও ১১ দফা লক্ষ্য নিয়ে গণফোরাম সভাপতি কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টের আত্মপ্রকাশ হয়।
সরকারবিরোধী নতুন জোটে বিএনপি, জেএসডি, নাগরিক ঐক্য, গণফোরাম রয়েছে। মতভিন্নতার কারণে এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর বিকল্পধারা এখানে নেই।
ওই সাত দফার সমালোচনা করে কাদের বলেন, “ঐক্যফ্রন্টের এই ৭ দফা আগামী নির্বাচন বানচালের অশুভ চক্রান্তের উদ্দেশ্যে দেওয়া হয়েছে।”
জাতীয় ঐক্যফন্টের সাত দফার প্রথমেই রয়েছে- অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে সরকারের পদত্যাগ, জাতীয় সংসদ বাতিল, আলোচনা করে নিরপেক্ষ সরকার গঠনের দাবির পাশাপাশি খালেদা জিয়াসহ সকল রাজবন্দিদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, “এই ঐক্যের নেতা কামাল হোসেন মঞ্চে, কিন্তু মঞ্চের পেছনে তারেক রহমান; যে তারেক রহমান আন্তর্জাতিকভাবে স্বীকৃত সন্ত্রাসী, দুর্নীতিবাজ ও ২১ অগাস্টে খুনের নেতৃত্বদানকারী, চক্রান্তকারী।
“সে তারেক রহমানের নেতৃত্ব কামাল হোসেন মেনে নিতে পারেন, কিন্তু বাংলাদেশের জনগণ তো মানবে না।”
নির্বাচনী প্রচারণা চালাতে এসে দলের নেতা-কর্মীদেরও ঐক্য ধরে রাখার নির্দেশনা দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
“গত পৌরসভা ও ইউনিয়নের পরিষদ ও সিটি করপোরেশন নির্বাচনের সময় অনেককে ক্ষমা করা হয়েছে। কিন্তু নেত্রী শেখ হাসিনার সুষ্পষ্ট নির্দেশনা রয়েছে, যাকে মনোনয়ন দেবে দল, তার পক্ষেই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
“যদি কেউ বিদ্রোহী প্রার্থী হয়, তবে দল থেকে তাকে সাথে সাথে বহিষ্কার করা হবে।”
গাজীপুর মহানগরের আওয়ামী লীগের সভাপতি আজমতউল্লা খানের সভাপতিত্বে নির্বাচনী জনসংযোগের সমাবেশে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল, গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠিনক সম্পাদক একেএম এনামুল হক শামীম ও মহিবুল হাসান চৌধুরী নওফেল, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আবদুস সবুর বক্তব্য দেন।
