মইনুল রাজনৈতিকভাবে চরিত্রহীন: হাছান
ব্যারিস্টর মইনুল হোসেনের সঙ্গে ড. কামাল হোসেন, আ স ম রব, মাহমুদুর রহমান মান্নাকে ‘রাজনৈতিকভাবে চরিত্রহীন’ বলেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।
শনিবার শিল্পকলা একাডেমিতে শেখ রাসেলের এর ৫৪তম জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
সম্প্রতি একটি টেলিভিশনের আলোচনা অনুষ্ঠানে এক নারী সাংবাদিককে ‘চরিত্রহীন’ বলেন ব্যারিস্টার মইনুল।
সেই প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, “আপনারা আগে নিজেদের চরিত্র ঠিক করে তারপর অন্যদের সমালোচনা করুন। প্রকৃতপক্ষে আপনারা সবাই রাজনৈতিকভাবে চূড়ান্ত চরিত্রহীন ।
“আ স ম রব বৈজ্ঞানিক সমাজতন্ত্র জাসদের সাধারণ সম্পাদক ছিলেন। কিন্তু তাদের সভাপতি মেজর জলিল মারা যাওয়ার আগে বলে গেছেন তারা বৈজ্ঞানিক সমাজতন্ত্র সম্পর্কে কোনো ধারণা রাখেন না। অর্থাৎ তারা বৈজ্ঞানিক সমাজতন্ত্রের কথা বলে জনগণের সাথে যা করেছে সেটা ভাঁওতাবাজি ছাড়া কিছু নয়।”
তিনি আরো বলেন, “ড. কামাল হোসেন গণতন্ত্র চর্চার কথা বলেন কিন্তু তার নিজের দল গণফোরামে ১৮ বছর ধরে কোনো সম্মেলনই নাই। উনি ১৮ বছর কোনো সম্মেলন ছাড়াই সভাপতি। মাহমুদুর রহমান মান্না বৈজ্ঞানিক সমাজতন্ত্র থেকে আওয়ামী লীগে এসে সাংগঠনিক সম্পাদক হয়েও দলে স্থির হতে পারেন নাই।
“তারপর এক-এগারোর কুশিলবদের সাথে হাত মিলিয়েছিলেন। অর্থাৎ তারা নিজেদের রাজনীতিতে শুরু থেকে শেষ পর্যন্ত কেউই স্থির থাকতে পারেন নাই। সুতরাং এরা রাজনৈতিকভাবে চরিত্রহীন।”
হাছান মাহমুদ বলেন, “ড. কামাল হোসেন কথায় কথায় বলেন তিনি নাকি বঙ্গবন্ধুর একনিষ্ঠ কর্মী ছিলেন অথচ তিনি আজকে বঙ্গবন্ধুর হত্যাকারী, শেখ রাসেলের হত্যাকারী, সুকান্ত বাবুর হত্যাকারী এবং পঁচাত্তরে নারী ও শিশু হত্যাকারীদের ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয়েছেন। এমনকি তিনি দুর্নীতিমুক্ত সমাজ গঠনের কথা বলেন, যাদের নেতৃত্বে বাংলাদেশ পরপর পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে তাদের নেতৃত্ব গ্রহণ করেন এবং দুর্নীতির দায়ে শাস্তিপ্রাপ্ত বেগম জিয়ার মুক্তি চান।
“তিনি জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলেন, অথচ জঙ্গিদের পাশে বসে সাত দফা দাবি দিয়ে বললেন জঙ্গিবাদ দমন করতে হবে। এটি দেশের জনগণের সাথে মশকরা ও ভাঁওতাবাজী করা ছাড়া অন্য কিছু নয়। বঙ্গবন্ধুর হত্যাকারী বিএনপি জামায়াত এবং খন্দকার মুস্তাক গং। আজকে তাদের সহযোগী হিসেবে আবির্ভূত হয়েছে ড. কামাল হোসেন, মাহমুদুর রহমান মান্না, আ স ম রব গং।”
