২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শনিবার রাজপথে ‘থাকবে না’ আওয়ামী লীগ

বিএনপির সমাবেশের দিন ১৪ দলের পক্ষ থেকে ঢাকা ‘দখলের’ ঘোষণা এলেও সংঘাত এড়াতে রাজপথে না থাকার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2018, 10:14 PM

Updated : 19 Aug 2022, 02:39 PM

একাদশ সংসদ নির্বাচনের আগে রাজনীতির মাঠ গরম হয়ে ওঠার মধ্যে দুই পক্ষের পাল্টাপাল্টি ঘোষণায় উদ্বেগ ছড়ানোর প্রেক্ষাপটে বুধবার ক্ষমতাসীন দলের নেতাদের সঙ্গে কথা বলে তাদের এই সিদ্ধান্ত জানা গেছে।

বিএনপি মঙ্গলবার সকালে সংবাদ সম্মেলন করে শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করার সিদ্ধান্তের কথা জানায়।

এরপর দুপুরে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের সভা শেষে জোটের মুখপাত্র মোহাম্মদ নাসিম শনিবার মহানগর নাট্যমঞ্চে সমাবেশ করার পাশাপাশি ‘ঢাকা দখলে রাখার’ ঘোষণা দেন।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নাসিম সেদিন বিএনপিকে ইঙ্গিত করে বলেছিলেন, “চক্রান্তকারীরা মাঠে নামবে। আমরা দেখব কারা মাঠে নামবে আর কে নামবে না।”

স্বাস্থ্যমন্ত্রী নাসিমের ওই বক্তব্যকে সংঘাতের উসকানি বলে মন্তব্য আসে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছ থেকে।

আওয়ামী লীগ নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাল্টাপাল্টি কর্মসূচিতে না যাওয়ার নির্দেশনা পাঠিয়েছেন।

আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঢাকায় সমাবেশ করার জন্য সোহরাওয়ার্দী উদ্যান খুলে দিতে বলেছেন আমাদের নেত্রী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, সেখানে আমরা পাল্টাপাল্টি সভা-সমাবেশে যাব কেন? মাঠে থাকার কোনো সিদ্ধান্ত আমাদের নেই।”

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ওই দিন (শনিবার) আওয়ামী লীগ কোনো পাল্টাপাল্টি সমাবেশে যাবে না।”

১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জিজ্ঞাসায় বলেন, শনিবার সমাবেশ হবে।

“শনিবার সমাবেশের সিদ্ধান্ত আগে থেকেই নেওয়া। ওই দিন ১৪ দল সমাবেশ করবে।”

রাজপথে থাকার আগের ঘোষণার বিষয়ে তিনি বলেন, “ঢাকা দখল না, ওই দিন আমরা মহানগর নাট্যমঞ্চে সমাবেশ করব।”

পুরনো খবর:

শনিবার ঢাকা দখলের ঘোষণা ১৪ দলের
জনগণ বিবেচনা করবে কারা সহিংসতা করে: ফখরুল