রাজপথই তার মুক্তির একমাত্র পথ: মওদুদ
আইনি প্রক্রিয়া আপাতত ভুলে গিয়ে খালেদা জিয়ার মুক্তির রাজপথকেই একমাত্র পথ হিসেবে বেছে নিতে হবে বলে মন্তব্য করেছেন মওদুদ আহমদ।
বুধবার সকালে রাজধানীতে এক মানববন্ধনে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য একথা বলেন।
“বেগম খালেদা জিয়ার মুক্তি আইনি প্রক্রিয়ায় হওয়ার কথা কিছুটা ভুলে যেতে হবে। তার মুক্তির একমাত্র পথ হলো রাজপথ। এই রাজপথে এর মোকাবিলা করতে হবে, রাজপথের মাধ্যমেই তার মুক্তি আমাদেরকে অর্জন করতে হবে।
“আমরা এজন্য প্রস্তুতি নিচ্ছি, প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি। নতুন করে কর্মসূচি দেয়া হবে। সেই কর্মসূচির সঙ্গে আমাদের আগামী দিনে রাজনীতি জড়িত, আমাদের ভোটের অধিকার ফিরে পাওয়া জড়িত, গণতন্ত্রের ফিরে পাওয়া জড়িত, বিচার বিভাগের ফিরে পাওয়া জড়িত।”
নতুন কর্মসূচি সফল করতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে মওদুদ বলেন, “বৃহত্তর জাতীয় ঐক্যে সৃষ্টি করে আজকে আমাদের এগিয়ে যেতে হবে এবং এই সরকারকে বাধ্য করতে হবে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা গ্রহন করার জন্য।
“এছাড়া বাংলাদেশের মানুষের জন্য অন্য কোনো পথ নাই। ১৬ কোটি মানুষের মুক্তি এখন নির্ভর করছে এই জাতীয় ঐক্যের মাধ্যমে আন্দোলনকে সফর করা।”
আইনি প্রক্রিয়ায় খালেদা জিয়ার মুক্তিতে ‘নিম্ন আদালতকে ব্যবহার করে সরকারের হস্তক্ষেপের’ সমালোচনা করেন সাবেক আইনমন্ত্রী।
জাতীয় প্রেস ক্লাবের সামনে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে খালেদা জিয়ার মুক্তির দাবিতে এই মানববন্ধন হয়।
লেবার পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমান ইরান, বিএনপির রিয়াজুল ইসলাম রিজু, মিয়া মো. আনোয়ার, ফখরুল আলম এতে বক্তব্য দেন।
