২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জনপ্রিয় ব্যক্তিই মনোনয়ন পাবে: কাদের

নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের ‘অসুস্থ’ প্রতিযোগিতা না করার  আহ্বান জানিয়ে  জনগণের পছন্দের ভিত্তিতেই প্রার্থীরা দলীয় মনোনয়ন পাবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2018, 10:24 PM

Updated : 19 Aug 2022, 02:35 PM

রোববার ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ডেমোক্রেসি ইন্টারন্যশনালের আয়োজনে নির্বাচনী এজেন্টদের প্রশিক্ষণ শেষে সনদ বিতরনী অনুষ্ঠানে তিনি বলেন, “নির্বাচনী এলাকায় সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিরাই মনোনয়ন পাবে। জনগণ যাকে ভালবাসে, যাকে ভোট দিবে আমরা তাকেই মনোনয়ন দিব।

“প্রতি ছয়মাস অন্তর অন্তর আমাদের পার্টির সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঁচটি জরিপ জমা হচ্ছে। সর্বশেষ জরিপের ভিত্তিতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনয়ন দিবেন। যারা যোগ্য তারাই মনোনয়ন পাবে।”

অনুষ্ঠানে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, “গতকাল নির্বাচন পরিচালনা কমিটির বৈঠক হয়েছে। আগামী নির্বাচন নিয়ে সর্বশেষ রাজনৈতিক সিদ্ধান্ত নেতাকর্মীদের পৌঁছে দিতে আমাদের নির্দেশ দিবেন। এই সিদ্ধান্ত পেলেই আমরা সবার কাছে পৌঁছে দিব।”

 “নির্বাচন পরিচালনার জন্য কিছু সিদ্ধান্ত আসছে, তা আমরা আপনাদের কাছে পৌঁছে দিব।”