বিএনপি নির্বাচন থেকে পালানোর পথ খুঁজছে: কাদের
নির্বাচন থেকে ‘পালাতে’ বিএনপি নাশকতার ‘ছক আঁকছে’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
রোববার সৈয়দপুরে তিনি সাংবাদিকদের বলেছেন, আওয়ামী লীগের ট্রেনযাত্রায় ‘বিপুল সাড়া দেখে’ বিএনপি ‘বুঝে গেছে’ যে নির্বাচনে জয় পাওয়া তাদের পক্ষে সম্ভব নয়।
শনিবার ঢাকা থেকে ট্রেনে করে দেশের উত্তর জনপদের উদ্দেশ্যে যাত্রা করেন ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগের শীর্ষ নেতারা। পথে বিভিন্ন স্টেশনে তারা সভা করে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়নের তথ্য তুলে ধরেন এবং দলীয় নেতাকর্মীদের নির্বাচনের প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেন।
ওই সফর শেষে রোববার ফেরার পথে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
তিনি বলেন, “নির্বাচনে হেরে যাওয়ার আশঙ্কা থেকে তাদের (বিএনপি) এখন টার্গেট হচ্ছে নির্বাচন থেকে কীভাবে পালিয়ে যাওয়া যায়। নির্বাচন থেকে পালাতে তারা সেই নাশকতার ষড়যন্ত্র করছে।”
খালেদা জিয়ার মুক্তি ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না- বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে কাদের বলেন, “গত কালকের জনস্রোত আপনারা দেখেছেন। এই জনস্রোত তো দশ বছরেও বিএনপি মাঠে নামাতে পারেনি। ১০ বছরে দশ মিনিটও তারা রাস্তায় নামেনি।”
বিএনপি বিরোধী দল হওয়ারও ‘যোগ্যতা হারিয়েছে’ মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, এ দলের নেতাদের কয়েকজন এখন পল্টনের অফিসে বসে সারাদিন ‘ফেইসবুকিং’ করেন, আর বেশিরভাগই এসি রুমে বসে ‘হিন্দি সিরিয়াল দেখেন’।
“আমার তো মনে হয় এই দেশে যদি কোনো ব্যর্থ দলের নাম নিতে হয় তাহলে বিএনপিকে চিরকাল এ দেশের মানুষ মনে রাখবে। আন্দোলনের সক্ষমতা তারা দেখাতে পারেনি। কাজেই বিএনপির আন্দোলনের হুমকি তর্জন গর্জন ছাড়া আর কিছু না।”
আন্দোলনে ‘ব্যর্থ হয়ে’ বিএনপি এখন দেশকে ‘অস্থিতিশীল করার ষড়যন্ত্র’ করছে- এমন তথ্য থাকার কথাও বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
তিনি বলেন, “তারা দেশে বিদেশে বসে নাশকতা কীভাবে করা যায় সেই পরিকল্পনা করছে। গতকালের ট্রেন যাত্রায় পথসভার উপস্থিতি দেখে তারাতো বুঝতে পেরেছে এ দেশে বিএনপি ও তাদের দোসরদের নির্বাচনে জয় লাভ করা সম্ভব নয়।"
অন্যদের মধ্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বি এম মোজাম্মেল হক, খালিদ মাহমুদ চৌধুরী ও উপ দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া এ সময় ওবায়দুল কাদেরের সঙ্গে ছিলেন।
