২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার মুক্তি ছাড়া ভোট হবে না: ফখরুল

খালেদা জিয়ার মুক্তি ছাড়া জনগণ ভোট হতে দেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2018, 07:59 PM

Updated : 19 Aug 2022, 02:33 PM

শনিবার বিকালে এক আলোচনা সভায় তিনি বলেন, “আমরা পরিষ্কার করে বলেছি, এখানে নির্বাচন তখনই হবে যখন নির্বাচনের পরিবেশ তৈরি হবে। অর্থাৎ দেশনেত্রী বাইরে থাকবেন।

“এই সরকারকে পদত্যাগ করতে হবে এবং একটি নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন করতে হবে। সংসদ ভেঙে দিতে হবে, নির্বাচন কমিশনকে যোগ্য মানুষ দিয়ে পুনর্গঠিত করতে হবে এবং নির্বাচনের সময়ে সেনাবাহিনী মোতায়েন করতে হবে। এই বিষয়গুলো নির্বাচনের পরিবেশ তৈরি করবে।”

‘‘ আর কোনো পরিবর্তন না করে আপনারা পুলিশ বাহিনী দিয়ে নেতা-কর্মী-জনগনকে কারাগারে আটকিয়ে রাখবেন আর একা একা হেলিকপ্টারে আপনার ঘুরে ভোট নেবেন- এটা এবার এদেশের মানুষ হতে দেবে না, তা কখনো করতে দেবে না, তারা গ্রহন করবে না “

জাতীয় ঐক্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া জেলে যাওয়ার আগে একটা জাতীয় ঐক্য আহ্বান করেছিলেন। সমস্ত রাজনৈতিক দল, সংগঠন ও ব্যক্তিকে একত্রিত হয়ে গণতন্ত্রের জন্য সংগ্রাম করে তাকে ফিরিয়ে আনার জন্য তিনি বলেছিলেন।

“আমরা সব সময় বলছি, আমাদের এই আন্দোলন কোনো ব্যক্তির জন্য নয়, আমাদের এই আন্দোলন শুধু বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য নয়। এই আন্দোলন সমস্ত জাতিকে মুক্ত করবার জন্যে, গণতন্ত্রকে মুক্ত করবার জন্যে।”

২০ দলীয় জোটের প্রয়াত নেতা কাজী জাফর আহমেদের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি কনফারেন্স লাউঞ্জে এই আলোচনা সভা হয়।

মির্জা ফখরুল বলেন, “ইদানিংকালে ভারতের পত্র-পত্রিকাগুলো দেখবেন। এখন সুর একেবারে অন্যরকম। এই যে আগে রাষ্ট্রদূত ছিলেন বাংলাদেশে পিনাক রঞ্জন চক্রবর্তী। তিনি একটা আর্টিকেল লিখেছেন যেখানে তিনি বলেছেন, যদি বাংলাদেশে  একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন হয় তাহলে সেখানে আওয়ামী লীগের একটা লজ্জাজনক পরাজয় ঘটবে। এটাই বাস্তবতা।

“সেই বাস্তবতাকে ঠেকানোর জন্য এরা পাগল হয়ে গেছে। নিয়ম নীতি, নর্মস অব ডেমোক্রেসি, মনুষ্যত্ববোধ,বিবেক সব কিছুকে জলাঞ্জলি দিয়ে এখন শুধুমাত্র ক্ষমতাকে ধরে রাখবার জন্য, ক্ষমতায় টিকে থাকবার জন্য তারা সমস্ত কিছুকে তছনছ করে দিচ্ছে।”

কাজী জাফরের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে মুক্তিযুদ্ধসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে তার বর্ণাঢ্য জীবনের কিছু স্মৃতি তুলে ধরেন তিনি।

জাতীয় পার্টির (কাজী জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে  ও যুগ্ম মহাসচিব এএসএম শামীমের পরিচালনায় আলোচনা সভায় দলের প্রেসিডিয়াম সদস্য এসএমএম আলম, আহসান হাবিব লিংকন, নওয়াব আলী আব্বাস, মাওলানা রুহুল আমীন, সেলিম মাস্টার, কাজী জাফর আহমদের মেয়ে কাজী জয়া প্রমুখ বক্তব্য দেন।

২০ দলীয় জোট নেতাদের মধ্যে এলডিপির রেদোয়ান আহমেদ, মোহাম্মদ আবদুল্লাহ, এনপিপির ফরিদুজ্জামান ফরহাদ, এনডিপির খন্দকার গোলাম মূর্তজা, জাগপার তাসমিয়া প্রধান, খন্দকার লুৎফর রহমান, ন্যাপের গোলাম মোস্তফা ভুঁইয়া, ডিএলের সাইফুদ্দিন মনি, বিএনপির ইসমাইল হোসেন বেঙ্গল আলোচনায় অংশ নেন।