সেটা ছিল মার্শাল ল: হাসিনাকে ফখরুল
কারাগারের ভেতরে আদালত বসিয়ে খালেদা জিয়ার বিচার করার সঙ্গে জিয়াউর রহমানের সময় জেলখানায় সামরিক আদালতে কর্নেল আবু তাহেরের বিচারের তুলনা করা প্রধানমন্ত্রীর ‘ঠিক হয়নি’ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “দ্যাট ওয়াজ নট আন্ডার সিভিল অ্যাডমিনিস্ট্রেশন। দেয়ার ওয়াজ মার্শাল ল এট দ্যাট টাইম। সেটার সাথে তুলনীয় নয়।”
জিয়া এতিমখানা দুর্নীতি মামলায় পাঁচ বছরের কারাদণ্ডপ্রাপ্ত খালেদা জিয়া গত ৮ ফেব্রুয়ারি থেকে ঢাকার পুরনো কেন্দ্রীয় কারাগারে বন্দি।
‘অসুস্থতার কারণে’ গত সাত মাসে তাকে একবারও আদালতে হাজির করা সম্ভব না হওয়ায় জিয়া দাতব্য ট্রাস্ট মামলার শুনানি শেষ করতে কারাগারের ভেতরেই আদালত বসিয়ে বিচারের ব্যবস্থা করেছে সরকার।
এর বিরোধিতা করে বিএনপি এই বিচারকে ‘ইন ক্যামেরা ট্রায়াল’ ও ‘সংবিধান পরিপন্থি’ আখ্যায়িত করেছে। বিএনপি নেতাদের অভিযোগ, তাদের ‘অসুস্থ নেত্রীকে জোর করে’ ওই আদালতে হাজির করা হয়েছে।
অন্যদিকে বিএনপির অভিযোগ প্রত্যাখ্যান করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার বলেন, প্রজ্ঞাপন দিয়ে কোর্ট যেখানে খুশি হতে পারে, এখানে সংবিধান পরিপন্থি কিছু নেই।
সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে জাতীয় সংসদ ভবনে বিশেষ আদালত বসানোর কথা মনে করিয়ে দিয়ে শেখ হাসিনা বলেন, “সেখানে আমি গেছি, খালেদা জিয়া গেছে, অনেকেই গেছে।”
খালেদার স্বামী জিয়াউর রহমানের ক্ষমতা গ্রহণের পর কারাগারে আদালত বসিয়ে কর্নেল আবু তাহেরকে বিচারের নামে ফাঁসিতে ঝোলানোর কথাও বলেন শেখ হাসিনা।
১৯৭৫ সালের বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর সেনাবাহিনীতে অভ্যুত্থান-পাল্টা অভ্যুত্থানের মধ্যে জিয়াউর রহমান বাংলাদেশের শাসন ক্ষমতার কেন্দ্রে উঠে আসার পর সামরিক আদালতে কথিত এক বিচারে মৃত্যুদণ্ড দেওয়া হয় মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার তাহেরকে।
ওই বিচারের বৈধতা নিয়ে তাহেরের পরিবার ও রাজনৈতিক সহকর্মীদের মামলায় হাই কোর্টের দেওয়া রায়ে জিয়াকে দায়ী করা হয় তাহেরকে হত্যার জন্য।
২০১৩ সালে হাই কোর্টের দেওয়া রায়ে বলা হয়, তৎকালীন সামরিক শাসক জিয়াউর রহমানের পরিকল্পনায় তাহেরকে বিচারের নামে ঠাণ্ডা মাথায় হত্যা করা হয়েছিল।
প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল বলেন, “সংবিধানে বলাই হচ্ছে, ওপেন পাবলিক ট্রায়াল হতে হবে, প্রকাশ্য হতে হবে। একটা ছোট্ট ঘরের মধ্যে তাকে (দেশনেত্রী) ট্রায়াল করছেন। ১০ জনের বেশি উকিলই বসার ব্যবস্থা নেই সেখানে। এটা ওপেন আদালত নয়।”
বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন সংবাদ সম্মেলনে বলেন, “প্রধানমন্ত্রী বলেছেন কারাগারের অভ্যন্তরের বিচারালয় তো মুক্ত, দরজা খোলা। জেলাখানা কি প্রকাশ্য? এই জেলখানার চার দেয়ালের ভেতরে ও গেইটের ভেতরে এই তথাকথিত আদালতটি বসানো হয়েছিল। জেল গেইটের ভেতরে হলে সেখানে সাধারণ মানুষ প্রবেশের সুযোগ নেই। তাহলে এটা কীভাবে উন্মুক্ত? প্রধানমন্ত্রী জাতিকে বিভ্রান্ত করার জন্য এটা বলছেন। এটা সত্যের অপলাপ।”
এই বিএনপি নেতা বলেন, ‘‘প্রধানমন্ত্রী বলেছেন যে, জিয়াউর রহমানের সময়ে এই রকম হয়েছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, তখন বিচারপতি আবু সাহাদাত মো. সায়েম সরকার দেশে সামরিক আইন ঘোষণা করেছিলেন। তখন সংবিধান স্থগিত ছিল। সেই ধারাবাহিকতার পরে প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় এসে নির্বাচন করে সামরিক আইন প্রত্যাহার করেছিলেন।
‘‘জিয়াউর রহমানের সময়ে যে বিচার হয়েছিল সেটা ছিলো রাষ্ট্রদ্রোহিতার আইনে বিচার। আর বর্তমানে যে বিচার হচ্ছে সেটা রাজনৈতিক এবং একটি দুর্নীতির মামলা। বলে লাভ নেই, ব্যক্তিগত জিজ্ঞাসা, প্রতিহিংসা ও আগামী নির্বাচন থেকে দেশনেত্রীকে বাইরে রাখার এটা একটা গভীর হীন ষড়যন্ত্রের অংশ হিসেবে কারাগারে আদালত বসানো হয়েছে।”
অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আতাউর রহমান ঢালী, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, কেন্দ্রীয় নেতা সৈয়দ এমরান সালেহ প্রিন্স, শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, হাবিবুল ইসলাম হাবিব, মাসুদ অরুন, মুনির হোসেন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
