২০০১ সালের পুনরাবৃত্তি আর হবে না: কাদের
নির্বাচন বানচালের ‘সব ষড়যন্ত্র’ প্রতিহত করার ঘোষণা দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশে আর ২০০১ সালের ‘পুনরাবৃত্তি’ হবে না।
বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেটে জেলা ও মহানগর আওয়ামী লীগের যৌথ আয়োজনে শোক দিবসের আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
দেশে বিদেশে নির্বাচন বানচালের ‘ষড়যন্ত্র হচ্ছে’ মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, “সব খবর আমরা রাখি। কানাডায় বসে, মধ্যপ্রাচ্যে বসে ষড়যন্ত্র হচ্ছে। কারা কোন দেশে কখন কী উদ্দেশ্যে, কী ষড়যন্ত্র করে- সেই খবর আমরা রাখি, আমাদের কাছে সেই খবর আছে। ষড়যন্ত্র, চক্রান্তের চোরাবালি দিয়ে ক্ষমতা দখলের চক্রান্ত বাংলাদেশের জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করব।"
বিএনপি নেতাদের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “মনে রাখবেন, যতই ষড়যন্ত্র করুন না কেন, বাংলাদেশে আর ২০০১ সালের পুরাবৃত্তি হবে না। সকাল ১০টায় ভোট শেষ সেই নির্বাচন বাংলাদেশে আর হবে না।"
আওয়ামী লীগকে পরাজিত করে ২০০১ সালের নির্বাচনে ক্ষমতায় আসে বিএনপি-জামায়াত জোট। কারচুপির মাধ্যমে ওই নির্বাচনে আওয়ামী লীগকে ‘হারানো হয়েছিল’ বলে অভিযোগ রয়েছে দলটির নেতাদের।
আগামী জাতীয় নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন-ইভিএম ব্যবহার নিয়ে বিএনপির বিরোধিতার সমালোচনা করেন ওবায়দুল কাদের।
তিনি বলেন, “সিটি নির্বাচনে কিছু কিছু জায়গায় ইভিএমএ ভোট হয়েছে। এই পদ্ধতিতে দ্রুত নির্ভুল ফলাফল পাওয়া যায়, সেই ইভিএমে সিলেটের নির্বাচনে আপনারা নির্বাচিত হননি? তাহলে ইভিএম ব্যবহারে আপনাদের আপত্তি কোথায়? কী চান আপনারা?”
দেশ তথ্য প্রযুক্তিতে এগিয়ে যাক- সেটা বিএনপি ‘চায় না’ বলেই এর বিরোধিতা করছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।
তিনি বলেন, “বিএনপির লক্ষ্য একটাই, আগামী নির্বাচন বানচাল করা। আমি তাদের সতর্ক করে দিতে চাই, আগামী জাতীয় নির্বাচন যথা সময়ে হবে। কোনো ষড়যন্ত্রে কাজ হবে না। নির্বাচন বানচাল করতে চাইলে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে।”
সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরউদ্দিন আহম্মেদ কামরানের সভাপতিত্বে অন্যদের মধ্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন, এ কে এম এনামুল হক চৌধুরী, খালিদ মাহমুদ চৌধুরী, মোজবাহ উদ্দিন সিরাজ, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুদ্দিন আসাদ অনুষ্ঠানে বক্তব্য দেন।
