ক্ষমতায় গেলে ‘কমিশন করে গুমের বিচার’ করবে বিএনপি
বিএনপি আগামীতে ক্ষমতায় গেলে কমিশন গঠন করে দেশের সকল ‘গুমের ঘটনার’ তদন্ত ও বিচার করার পরিকল্পনার কথা জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ।
‘আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস’ উপলক্ষে বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
মওদুদ বলেন, “বিএনপি দল হিসেবে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। যারা সত্যিকারভাবে এই সব হত্যাকাণ্ডের সাথে জড়িত, একদিন না একদিন তাদের চিহ্নিত করা হবে এবং তাদের শাস্তির ব্যবস্থা করা হবে। যদি আমাদের সুযোগ আসে অবশ্যই তার ব্যবস্থা আমরা করব।”
সেই বিচারের জন্য একটি কমিশন গঠনের পরিকল্পনার কথা বলেন সাবেক বিএনপি-জামায়াত জোট সরকারের আইনমন্ত্রী মওদুদ।
তিনি বলেন, “এই কমিশন করে যারা এর সঙ্গে জড়িত, উপরের ব্যক্তিরা, যাদের নির্দেশে গুম করা হয়েছে, তাদেরকে চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করতে হবে। যদি না পারি এর চাইতে বড় ব্যর্থতা আমাদের জন্য আর কিছু হতে পারে না।”
আগামী নির্বাচনে ‘সুযোগ পেলে’ বিএনপি বাংলাদেশে ‘সুষ্ঠু রাজনৈতিক চর্চার পরিবেশ’ ফিরিয়ে আনবে বলেও মন্তব্য করেন মওদুদ।
তিনি বলেন, “আজকে আমাদের দেশে মানবাধিকার লঙ্ঘন এখন এমন আকার ধারণ করেছে যে এটা বর্ণনা করা যায় না। সবচাইতে পরিতাপের বিষয় হল ১৬ কোটি মানুষের দেশ, তরুণদের দেশ, সেই দেশে একচেটিয়াভাবে অব্যাহতভাবে অন্যায়-অত্যাচার-নির্যাতন-গ্রেপ্তার-গুম-বিচারবহির্ভূত হত্যা চলছে।
‘‘পত্রিকায় দেখা যায় একেবারে ছোট করে খবর- দুইজন মাদকব্যবসায়ী বন্দুকযুদ্ধে মারা গেছে। মানুষ হত্যা করাটা এখন একটা নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশে। সেই লোকটা দোষী না নির্দোষ, ব্যবসায়ী- না ব্যবসায়ী না, তার কাছে পুলিশ টাকা চাইছে, টাকা দেয় নাই বলে গুলি করে মেরে ফেলেছে- এরকম অনেক দৃষ্টান্ত আছে।”
বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, “এই দিবসটি আমাদের কাছে শোক দিবস। যখনই গুমের প্রশ্ন ওঠে, তখন বিএনপির নেতা-কর্মীরা ভরাক্রান্ত হৃদয়ে থাকেন। এই দলের অসংখ্য নেতা-কর্মী গুমের শিকার হয়েছে।”
সরকারের ‘প্রয়োজনে’ এই গুম হচ্ছে মন্তব্য করে তিনি বলেন, “জাতিসংঘ স্বীকৃত এই গুম দিবসটি সরকারের পালন করার কথা থাকলেও তারা পালন করছে না। তারা নিশ্চুপ। কেননা বাংলাদেশে সেই ১৯৭২-৭৫ এবং ২০০৯ থেকে অদ্যাবদি যে গুম হচ্ছে, সব গুমের পেছনে সরকারের পৃষ্ঠপোষকতা রয়েছে।”
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, “গুম দিবসটি আমাদের নয়, সরকারের পালন করা উচিৎ ছিল, কিন্তু তাদের সেই সাহস নাই। কারণ অত্যাচারী মহাসড়কের সঙ্গে এই সরকার বাংলাদেশকে যুক্ত করেছে; গুমের মহাসড়কে এই সরকার নাম লিখিয়েছে। এভাবে কী দেশ চলতে পারে?
“গুম হওয়া পরিবারের শিশুদের হাত থেকে আপনারা রেহাই পাবেন না। এই শিশুরা একদিন বিচারপতি হবে, ডিবি অফিসার হবে তাদের মুখোমুখি একদিন আপনার হতে হবে এবং এজন্য আপনি প্রস্তুত থাকুন।”
বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের সভাপতিত্বে এবং প্রচার সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এ্যানি ও সহ প্রচার সম্পাদক আমীরুল ইসলাম আলিমের পরিচালনায় এ আলোচনা সভায় অন্যদের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুবউদ্দিন খোকন, মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান, সহ সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, শহীদুল ইসলাম বাবুল, মহানগর দক্ষিনের সাধারণ সম্পাদক কাজী আবুল বাশারসহ গুম হওয়া পরিবারের কয়েকজন সদস্য বক্তব্য দেন।
