২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুলবুলের অভিযোগ উর্বর মস্তিষ্কের: লিটন

রাজশাহী সিটি ভোটের আগের রাতে নৌকায় সিল মারা ব্যালট ‘লুকিয়ে রাখা’ হতে পারে বলে যে শঙ্কা বিএনপিপ্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল করেছেন, সেটাকে ‘কাল্পনিক ও উর্বর মস্তিষ্কের’ অভিহিত করেছেন আওয়ামী লীগের প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন।

নিজস্ব প্রতিবেদক

ও রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2018, 08:09 PM

Updated : 19 Aug 2022, 02:23 PM

শুক্রবার দুপুরে তালাইবাড়ি মোড়ে গণসংযোগে গিয়ে সাংবাদিকদের প্রশ্নে নৌকা প্রতীকের প্রার্থী বলেন, “এটিও তাদের নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চক্রান্ত বা ষড়যন্ত্র বলে আমি মনে করি। প্রথম দিন থেকে তারা এই রকম নানা অভিযোগ দিয়ে আসছিল, এর মধ্যে নানা নাটকীয় ঘটনাও তারা ঘটিয়েছে। তার মধ্যে ধরাও পড়েছে সেগুলি।

“এটিও তাদের উর্বর মস্তিষ্ক থেকে এনেছে। কাল্পনিক কোনো ঘটনা, হয়ত তারা স্বপ্নে দেখেতে পেয়েছে। আমরা এমন কোনো ঘটনা জানি না, শুনিওনি। মনেও করছি না।”

বরিশাল ও সিলেটের সঙ্গে রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনেও ভোট গ্রহণ করা হবে ৩০ জুলাই। মেয়র পদে দলীয় প্রতীকের নির্বাচনে নৌকা প্রতীকে আওয়ামী লীগের এএইচএম খায়রুজ্জামান লিটনের প্রধান প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকে বিএনপির বুলবুল।

শুক্রবার সকালে বিএনপি নেতা বুলবুল অভিযোগ করেন, নির্বাচনে ৯০ শতাংশ প্রিজাইডিং ও পোলিং অফিসার ‘আওয়ামী ঘরানার’ লোক থেকে বাছাই করা হয়েছে। তাদের মাধ্যমে ভোটের আগের রাতে নৌকায় সিলমারা ব্যালট ভোটকেন্দ্রে লুকিয়ে রাখা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

রাজশাহী নগরীর লক্ষ্মীপুর এলাকায় গণসংযোগে গিয়ে ধানের শীষের প্রার্থী সাংবাদিকদের বলেন, ভোটের আগের দিন প্রিজাইডিং অফিসারদের দিয়ে ভোট কেটে বিভিন্ন জায়গায় সেটা লুকিয়ে রাখা হবে (স্কুলের) হেডমাস্টারের রুমে বা এসিসট্যান্ট হেডমাস্টারের রুমে।”

এ কারণে ভোটকেন্দ্রের ওইসব জায়গায় ‘সার্চলাইট’ বসানোর দাবি জানিয়ে তিনি বলেন, “এখানে এইচটি ইমাম নামে এক ভদ্রলোক আছেন, বর্তমান সরকারের মাননীয় উপদেষ্টা, তিনি বেছে বেছে... ৯০ পার্সেন্ট আওয়ামী লীগ ঘরানার লোকদের পোলিং অফিসার ও প্রিজাইডিং অফিসার রাখা হয়েছে। আমরা আজকে দুপুরের মধ্যে এর গেজেট চাই।”

তবে ভোটের প্রচারের সর্বশেষ পরিস্থিতি ‘উৎসবমুখর’ আছে মন্তব্য করে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি  খায়রুজ্জামান লিটন বলেন, “যথেষ্ট সাড়া আছে ভোটারদের মধ্যে, ভোট দেওয়ার আনন্দ যেটা বাংলাদেশের মানুষ এনজয় করে, সেই পরিবেশটা আছে। তারপরও আগামী ২৪টা ঘণ্টা বা ৪৮ ঘণ্টা, সবাইকে সতর্ক থাকতে হবে।”

নেতাকর্মীদের উদ্দেশ্যে পরিবেশ শান্ত রাখা আহ্বান জানিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় এই নেতা বলেন, “আমরা যে বার্তাটি আমাদের কর্মীদের সবসময় দিয়েছি, বিভিন্ন কর্মীসভার মাধ্যমে দিয়েছি, সেটি হল তারা যেন কোনো অবস্থাতেই পরিবেশ পরিস্থিতি উত্তপ্ত হয় এমন কোনো আচরণ না করে এবং প্রয়োজনে পরিবেশ শান্ত রাখার জন্য যদি কিছুটা নতজানুও হতে হয়, তাও যেন তারা পরিবেশকে শান্ত রাখে।

“কারণ ভোটাররা আসবেন, ভোট দেবেন, এটি আমরা চাই। তারপর যে ফল আসে, আমরা মেনে নিব।”

২০১৩ সালের রাজশাহী সিটি করপোরেশনে নির্দলীয় নির্বাচনে বিএনপি সমর্থিত বুলবুলের কাছেই হেরেছিলেন তার আগের পাঁচ বছর দায়িত্ব পালন করা লিটন।

সে নির্বাচনে বুলবুলের কাছে ৪৭ হাজার ভোটের ব্যবধানে ওই হার লিটনের জন্য বড় ধাক্কা হয়ে এলেও এবার পরিবেশ ‘অনেক ভালো’ মনে হচ্ছে তার কাছে।

এক প্রশ্নে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গতবারের চেয়ে পরিবেশ অনেক বেশি ভালো মনে হচ্ছে। কারণ, যিনি মেয়র ছিলেন তার কাছে কোনো কাঙ্ক্ষিত উন্নয়ন নগরবাসী পায়নি। তারা পরিবর্তন চান।

“আমি যেহেতু একবার কাজ করেছিলাম, কিছু ‍উন্নয়নমূলক কাজও করেছিলাম। সেটি মাথায় রেখে তারা আমাকে ভোট দিয়ে বিজয়ী করবেন।”

তালাইবাড়ি মোড়ে গণসংযোগের আগে জুমার নামাজের পর জাহাজঘাট এলাকা থেকে ছুটির দিনের প্রচার শুরু করেন আওয়ামী লীগের প্রার্থী। পরে বড়কুঠি ও কুমারপাড়া এলাকায় গিয়ে ভোটারদের কাছে নৌকার পক্ষে সমর্থন চান লিটন।

পুরনো খবর:

বুলবুলের ভয়, আগেই লুকিয়ে রাখা হবে সিল মারা ব্যালট