২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশ তো পুলিশের কাজই করবে: লিটন

বিএনপির নেতা-কর্মীদের গণহারে গ্রেপ্তারের অভিযোগের প্রতিক্রিয়ায় পুলিশকে তার দায়িত্ব চালিয়ে যেতে বলেছেন রাজশাহীতে ক্ষমতাসীন আওয়ামী লীগের মেয়র প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন।

নিজস্ব প্রতিবেদক

ও রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2018, 05:47 PM

Updated : 19 Aug 2022, 02:23 PM

পোলিং এজেন্টসহ ধানের শীষের সমর্থকদের গণগ্রেপ্তার করা হচ্ছে বলে বিএনপির মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল অভিযোগ তোলার পর লিটন সাংবাদিকদের প্রশ্নে বলেন, আসামিদের গ্রেপ্তার করা তো পুলিশের দায়িত্ব।

আগামী ৩০ জুলাই অনুষ্ঠেয় রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতায় আছেন আওয়ামী লীগ নেতা লিটন; বিএনপির প্রার্থী বুলবুল গত নির্বাচনে লিটনকে হারিয়েই মেয়র হয়েছিলেন।

বৃহস্পতিবার নগরীর ১৬ নম্বর ওয়ার্ডে এলাকার আসাম কলোনি গণসংযোগের সময় লিটন সাংবাদিকদের বলেন, “আমি আগেও বলেছি, যারা জ্বালাও-পোড়াও, নাশকতার ঘটনায় আসামি হয়েছেন, তারা অনেকে পালিয়ে ছিলেন। এখন নির্বাচনকে কাজে লাগিয়ে তারা নির্বাচনের প্রচারকর্মী হিসাবে আবির্ভূত হলে, পুলিশ তো তাদের কাজ করবেই।

“আমি পুলিশকে বলব, যারা মামলার আসামি আছেন, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, তাদেরকে যেন আইনের আওতায় আনা হয়।”

এর আগে সকালে এক সংবাদ সম্মেলনে গণগ্রেপ্তারের অভিযোগ করার পাশাপাশি আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনেরও অভিযোগও করেন বুলবুল।

জবাবে লিটন বলেন, “প্রথম দিন থেকে বিএনপি অভিযোগের পর অভিযোগ করে আসছেন। নির্বাচন প্রশ্নবিদ্ধ করার জন্য তারা নানা রকম চেষ্টা চালাচ্ছে।

“আমি আমার যারা প্রতিদ্বন্দ্বী আছেন, জামায়াত-বিএনপি, তাদের কোনো উস্কানিতে, গুজবে (ও) কোনো কথায় কান না দিয়ে নির্বাচনের দিন সকলকে ভোটকেন্দ্রে আসার আহ্বান জানাচ্ছি।”

রাজশাহীতে নৌকার জোয়ার সৃষ্টি হয়েছে দাবি করে লিটন বলেন, “যে বিএনপি জঙ্গিবাদ, মৌলবাদ ও সন্ত্রাসের মদদদাতা, পৃষ্ঠপোষক, সেই বিএনপিকে প্রত্যাখ্যান করে রাজশাহীর সর্বস্তরের মানুষের মুখে নৌকার কথা উঠেছে। নৌকা উন্নয়নের প্রতীক হয়ে মানুষের কাছে দেখা দিয়েছে, নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি সবাইকে।”

বিএনপির প্রার্থীর পক্ষ থেকে ভোটের তিনদিন আগ থেকে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানানো হয়েছে ইতোমধ্যে। তবে বিজিবি, র‌্যাব ও আইনশৃঙ্খলাবাহিনী মোতায়েনে নির্বাচন কমিশনের যে পরিকল্পনা সেটাকে ‘যথেষ্ট’ মনে করছেন আওয়ামী লীগের প্রার্থী লিটন।

তিনি বলেন, “নিয়মিত ফোর্স থাকবে এবং স্ট্রাইকিং ফোর্স হিসাবে বিজিবি-র‌্যাব এরা তো টহলদারি করবে। আমার মনে হয়- আমাদের শান্তিপূর্ণ রাজশাহীতে এমন কোনো ঘটনা ঘটবে না, শান্তিপূর্ণ রাজশাহীবাসী এমন কোনো ঘটনা ঘটাতে দেবে না, যাতে করে এর চেয়ে বেশি ফোর্স লাগে। যদি লাগে আইন প্রয়োগকারী সংস্থা সেটি বিবেচনায় নেবে।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমবি/প্রতিনিধি/

Releted

ভোটের ৩ দিন আগে সেনা চান বুলবুল