আগামী নির্বাচনে ‘বড় ধরনের উত্তাপ’ দেখছেন না অর্থমন্ত্রী
নির্বাচন সামনে রেখে সব সময় ‘নানা বিষয়ে বিরোধিতার ঘটনা ঘটলেও’ এবার তা না হওয়ায় আগামী নির্বাচনে তেমন উত্তাপ দেখা দেবে না বলে মনে করছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
মঙ্গলবার বিকালে সচিবালয়ে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় কার্য অধিবেশনে জেলা প্রশাসকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।
নির্বাচনের বছরে জেলা প্রশাসকদের নির্বাচন নিয়ে কোনো নির্দেশনা দেওয়া হয়েছে কি না, প্রশ্ন করা হলে মুহিত বলেন, “নো, কোনো কথা হয়নি। এবারের নির্বাচনের উত্তাপটা নরমাল উত্তাপ, বড় ধরনের কোন উত্তাপ-টুত্তাপ নাই। নির্বাচনের সময় প্রায়ই গোলমাল হয়, বিরোধিতা হয় ইত্যাদি হয় এবার সেরকম বিরোধিতার ঘটনা কমই ঘটছে।”
জেলা প্রশাসকদের কর আদায় ও টাকা খরচে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, “এবারে আমরা ব্যবস্থা করেছি ১ জুলাই থেকে প্রত্যেক প্রজেক্ট ডিরেক্টর তার যে টাকা আছে তা খরচ করতে পারে। আমি আশা করি, এটি বিগ রেসপনসিবিলিটি অ্যান্ড ইমপ্রুভমেন্ট মাস্ট বি ভিজিবল অ্যাট দ্যা এন্ড অব দিস ইয়ার। এখন আমরা বাজেট ইমপ্লিমেন্টেশন করি ৮০ পার্সেন্ট থেকে ৯০ পর্যন্ত উঠতে পারি, দ্যাট শুড বি ৯৬ পার্সেন্ট।”
জেলা প্রশাসকরা পুরনো ভবনগুলোকে তাদের সবচেয়ে বড় সমস্যা হিসেবে তুলে ধরে সেগুলো মেরামতের সুপারিশ করেছেন।
এ বিষয়ে তিনি বলেন, “তাদের সবচেয়ে বড় সমস্যা অ্যাকোমোডেশন, ঘরবাড়ি ভেঙে গেছে, পুরানা- এগুলো সংস্কার, রেকর্ড রুম খারাপ। আমরা বলেছি, আমরা এগুলো সবগুলো রিফর্ম করছি বাট ওভার টাইম। এটা আড়াইশ তিনশ বছরের পুরানো বিল্ডিং তো সারাদেশে একসাথে তো করা যায় না। আমরা করছি, এবং প্রত্যেক বছর সংখ্যা বাড়ছে, অভিযোগও কমছে।”
