২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩ সিটি নির্বাচন: আ. লীগের প্রার্থী হতে ১২ জনের ফরম জমা

সিলেট, বরিশাল ও রাজশাহীতে আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার আশায় ফরম জমা দিয়েছেন মোট ১২ জন।  

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2018, 07:27 PM

Updated : 11 Oct 2022, 12:26 PM

শুক্রবার বিকালে দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় দলীয় প্রার্থী হিসেবে তিনজনের নাম চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ।

এর মধ্যে রাজশাহীতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য সাবেকমেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন একাই দলের প্রার্থী হতে মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

এছাড়া সিলেটে মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র বদরুদ্দিন আহমদ কামরানসহ ছয়জন এবং বরিশালে মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহসহ পাঁচজন মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

Image
বরিশাল মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বৃহস্পতিবার মনোনয়ন ফরম জমা দেন

বরিশাল মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বৃহস্পতিবার মনোনয়ন ফরম জমা দেন

বৃহস্পতিবার ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দিয়ে কামরান বলেন, সিলেটের নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়ন পেলে ‘গতবারের ভুল শুধরে’ তিনি বিজয় ছিনিয়ে আনার আশা রাখেন।

২০১৩ সালের নির্বাচনে প্রায় ৩৫ হাজার ভোটের ব্যবধানে বিএনপির কেন্দ্রীয় নেতা আরিফুল হক চৌধুরীর কাছে হেরে যান আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী কামরান।

সে সময়ে ‘কিছু ভুল ছিল’ মন্তব্য করে তিনি সাংবাদিকদের বলেন, “এবার সব সমস্যার সমাধান করেছি। আশা করি মনোনয়ন পেলে  ঐক্যবদ্ধভাবে বিজয় ছিনিয়ে আনব।”

কামরান বলেন, “আমি বিশ্বাস করি ঐক্যবদ্ধভাবে সিলেটের জনগণকে সঙ্গে নিয়ে বিজয় নিয়ে আসতে পারব। কোনো ধরনের দলীয় কোন্দল নেই, আমরা সবাই ঐক্যবদ্ধ।”

বরিশাল-১ আসনের সাংসদ আবুল হাসনাত আবদুল্লাহর ছেলে মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ এবার বরিশাল সিটি নির্বাচনে দলের মনোনয়ন প্রত্যাশী।

বৃহস্পতিবার সাবেক মেয়র শওকত হোসেন হিরণের স্ত্রী বরিশাল-৫ আসনের সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজকে সঙ্গে নিয়ে মনেনয়ন ফরম জমা দেন সাদিক।

Image
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ

পরে তিনি সাংবাদিকদের বলেন, “বরিশাল মহানগর আওয়ামী লীগ ও স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা আমাকে সমর্থন দিয়েছে। জননেত্রী শেখ হাসিনা মনোনয়ন দিলে বরিশালবাসীর আশা পূরণ করতে পারব বলে আমি বিশ্বাস করি। আমি কোনো ইশতেহার দিতে চাই না। জনগণের ইচ্ছা পূরণ করাই আমার ইশতেহার।”

এ সময় জেবুন্নেছা আফরোজ সাংবাদিকদের বলেন, “সাদিক আমার ছোট ভাইয়ের মত। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সাদিকের জন্য কাজ করে যাব।”

আর রাজশাহীতে আওয়ামী লীগের একমাত্র মনোনয়নপ্রত্যাশী খায়রুজ্জামান লিটন বুধবার মনোনয়ন ফরম জমা দিয়ে সাংবাদিকদের বলেন, “প্রতিপক্ষ হিসেবে বিএনপি নির্বাচনে এলে স্বাচ্ছন্দ্য বোধ করব। আমরাও চাই, খেলেই জয় পরাজয়টা হোক। আমরা প্রতিপক্ষহীন মাঠে একা খেলতে চাই না। আমরা সেই হিসেবে প্রস্তুত।”

সিলেটে কামরান ছাড়াও, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন, মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন, ফয়জুল আনোয়ার আলাউল, মো. আজাদুর রহমান আজাদ ও মো. মহিউদ্দিন আহমেদ মনোনয়ন ফরম জমা দিয়েছেন। 

আর বরিশালে সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ছাড়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাহিদ ফারুক, কৃষক লীগের কেন্দ্রীয় সহ সভাপতি খান আলতাফ হোসেন, মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মাহমুদুল হক খান মামুন, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মীর আমিন উদ্দিন আহমদ দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন।