২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিষ্ঠাবার্ষিকীতে আ. লীগের বিশেষ বর্ধিত সভা

ক্ষমতাসীন আওয়ামী লীগ তাদের প্রতিষ্ঠাবার্ষিকীতে সারা দেশের নেতাদের নিয়ে বিশেষ বর্ধিত সভা করবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2018, 04:15 PM

Updated : 19 Aug 2022, 02:12 PM

বাংলাদেশের অন্যতম প্রাচীন এই রাজনৈতিক দল আগামী ২৩ জুন তাদের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করবে।

এর অংশ হিসেবে শনিবার ঢাকায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নেতাদের পাশাপাশি  ঢাকা মহানগরসহ দেশের সবগুলো মহানগর, জেলা ও উপজেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে এই বিশেষ বর্ধিত সভা হবে বলে দলের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ জানান।

বৃহস্পতিবার ধানমণ্ডির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার সকাল ১০টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নতুন ভবন উদ্বোধন করবেন। পরে বেলা ১১টায় তিনি দলের নেতাদের নিয়ে বিশেষ বর্ধিত সভায় অংশ নেবেন।

এই সভায় প্রায় সাড়ে পাঁচ হাজার নেতা উপস্থিত থাকবেন জানিয়ে গোলাপ বলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সঙ্গে এই বর্ধিত সভায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সভাপতি, সাধারণ সম্পাদক, দেশের বিভিন্ন মহানগরের সভাপতি, সাধারণ সম্পাদক ও সারা দেশের জেলা ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক থাকবেন।

এছাড়া আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য এবং সিটি করপোরেশন, উপজেলা ও পৌরসভায় দল মনোনীত মেয়র ও চেয়রম্যনরাও বর্ধিত সভায় অংশ নেবেন। দলের সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকরাও সভায় উপস্থিত থাকবেন।

১৯৪৯ সালের ২৩ জুন পুরান ঢাকার কে এম দাস লেনের রোজ গার্ডেনে আত্মপ্রকাশ ঘটে আওয়ামী লীগের। প্রায় দুই যুগ পর এ দলটির নেতৃত্বেই বাংলাদেশ স্বাধীন হয়।