২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোহেল তাজের ফেইসবুক পোস্ট নিয়ে আলোচনা

দীর্ঘদিন রাজনীতিতে নিষ্ক্রিয় তানজীম আহমেদ সোহেল তাজের একটি ফেইসবুক পোস্ট নিয়ে ব্যাপক আলোচনা চলছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2018, 02:49 AM

Updated : 19 Aug 2022, 02:07 PM

বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেইসবুক পেইজে এক পোস্টে যুব সমাজের জন্য ইতিবাচক কিছু করার ঘোষণা দিয়েছেন।

সোহেল তাজ লিখেছেন, “বেশ কিছু দিন ধরে ভাবছি আমার জন্মভূমি, মাতৃভূমি বাংলাদেশের জন্য ভালো কিছু কী করা যায় এবং বিশেষ করে যুব সমাজের জন্য পজিটিভ কিছু করা যায় কি না I অনেক চিন্তা ভাবনা করে একটা সমাধান পেয়েছি- ঈদের পর জানাব!!

“অনেকেই কমেন্ট করছেন যে আমার দেশে আসা উচিত- আমি বেশিরভাগ সময়ই দেশে থাকি।”

 

তিনি দুপুরে এই পোস্ট দেওয়ার পর ১১ ঘণ্টায় তাতে লাইক পড়েছে ৩৩ হাজারের বেশি, পোস্টটি শেয়ার করেছেন এক হাজার ৬৫৬ জন। তার ওই পোস্টে কমেন্ট পড়েছে চার হাজারের বেশি।

মাহবুব আহমেদ নামে একজন মন্তব্য করেছেন, “আমি বর্তমান রাজনীতিকে ঘৃণা করি। তবে আপনার মতো মানুষের রাজনীতিতে আসা কতোটা জরুরি তখনই বুঝতে পেরেছিলাম, যখন আপনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন।”

মো. আমানত মুন্সী লিখেছেন, “যে দিন এই দেশে রাজনীতি সুস্থ ধারায় ফিরে আসবে তখন আসলে ভালো হয়।”

রাহাত আলম কলি লিখেছেন, “আপনি তো ভীতু,বাপ কা বেটা নয়। আপনি দেশের প্রতি নিবেদিত থাকলে এত বড় দায়িত্ব ফেলে চলে জেতেন না। চলার পথে অনেক বাধা থাকবেই। আপনি যেই পরিবার থেকে এসেছিলেন, পরাজয় আপনার জন্য নয়।”

মোহাম্মদ রফিকুর রহমান লিখেছেন, “কাপাসিয়ার জনগণ আপনার অপেক্ষায় আছে? জয় বাংলা।”

সন্দ্বীপ পল মন্তব্য করেন, “আপনার মত নেতা বাংলাদেশে নেই বর্তমানে। রাজনীতিটা কে একটু শুদ্ধ করুন।”

প্রবাসী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর তাজউদ্দীন আহমদের ছেলে সোহেল তাজ চারদলীয় জোট সরকার আমলে রাজপথে আন্দোলনে সক্রিয় থেকে অনেকের নজর কাড়েন।

২০০৮ সালের ২৯ ডিসেম্বরের নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হয়ে সরকার গঠনের পর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান তিনি। পরে পদত্যাগ করেন, চলে যান দেশের বাইরে।

এরপর সংসদ সদস্য পদ থেকেও পদত্যাগ করেন সোহেল তাজ। তার সংসদীয় এলাকা গাজীপুরের কাপাসিয়ার সাংসদ এখন তার বোন সিমিন হোসেন রিমি।

সর্বশেষ ২০১৬ সালে আওয়ামী লীগের কাউন্সিলের আগে সোহেল তাজের রাজনীতিতে ফেরার গুঞ্জন উঠে। সে সময় আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের বাড়িতে দেখা গিয়েছিল তাকে।

তার আগে ওই বছরের জানুয়ারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার আবেগঘন সাক্ষাতের ছবি সংবাদমাধ্যমে আসার পর রাজনীতিতে সক্রিয় হচ্ছেন বলে খবর বের হয়।

পরে সোহেল তাজ এক ফেইসবুক পোস্টে এ খবর উড়িয়ে দিয়ে লেখেন, “বন্ধু আর শুভানুধ্যায়ীদের অবগতির জন্য বলছি, আমার রাজনীতিতে ফেরার যে খবর বেরিয়েছে তা পুরোপুরি অসত্য।”