২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউনিয়নে ফসলের ক্রয়কেন্দ্র খোলার দাবি

কৃষকের ফসলের লাভজনক দাম পাওয়া নিশ্চিত করতে ইউনিয়ন পর্যায়ে সরকারি ক্রয়কেন্দ্র খোলার দাবি জানিয়েছে নয়টি কৃষক-ক্ষেতমজুর সংগঠন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2018, 07:35 PM

Updated : 19 Aug 2022, 02:06 PM

পাশাপাশি পল্লী রেশন চালু, ক্ষেতমজুরের ন্যায্য মজুরি প্রাপ্তি নিশ্চি এবং কৃষকের বিরুদ্ধে সব সার্টিফিকেট মামলা প্রত্যাহারের দাবিও জানিয়েছে তারা।

সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশ থেকে এসব দাবি জানানো হয়।

এতে বাংলাদেশ কৃষক সমিতির সভাপতিমণ্ডলীর সদস্য এস এম এ সবুর বলেন, “সরকারের নির্ধারিত মূল্যে কৃষকরা ধান বিক্রি করতে পারছে না। সরকারকে দেশের প্রতিটি থানা ও ইউনিয়ন পর্যায়ে ধান ক্রয় কেন্দ্র চালু করতে হবে। এসব কেন্দ্রে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান কিনতে হবে।”

ক্ষেত-মজুর ইউনিয়নের সভাপতি সাইফুল হক বলেন, “গ্রামীণ ফরিয়া, টাউট-বাটপাররা চাতাল কলের মালিকদের সঙ্গে যোগসাজশ করে কৃষকদের কম দামে ধান বেচতে বাধ্য করছে।”

তিনি বলেন, “দুই থেকে পাঁচ হাজার টাকা ব্যাংক ঋণ নেওয়া এক লাখ ৮০ হাজার কৃষকের বিরুদ্ধে সার্টিফিকেট মামলা দেওয়া হয়েছে; এসব মামলায় তাদের হয়রানি ও গ্রেপ্তার করা হচ্ছে। আর যারা হাজার কোটি টাকা মেরে দিয়েছে তাদের গণভবনে সংবর্ধনা দেওয়া হয়।”

সমাজতান্ত্রিক ক্ষেতমজুর কৃষক ফ্রন্টের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ বলেন, “কৃষকরা বছরের ৪ মাস কাজ করলেও বাকি ৮ মাস বেকার থাকে। এ কারণে তাদের জন্য রেশনের ব্যবস্থা করতে হবে।”

কৃষক ক্ষেতমজুর নেতা আবদুস সাত্তার বলেন, “দেশের বিভিন্ন এলাকায় ৫০ লাখ একর খাসজমি রয়েছে, কিন্তু হাজার হাজার ভূমিহীনরা ভূমি অফিসে আবেদন করেও জমি পাচ্ছে না। এসব জমি ভূমিহীনদের মধ্যে দেওয়ার ব্যবস্থা করতে হবে।

সমাবেশে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির সাধারণ সম্পাদক সাজ্জাদ জহির চন্দন, আনোয়ার হোসেন রেজাও উপস্থিত ছিলেন।