২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়াহিদুল আলমকে শেষ শ্রদ্ধা বিএনপির

দলীয় চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য, জাতীয় সংসদের সাবেক হুইপ  সৈয়দ ওয়াহিদুল আলমকে শেষ শ্রদ্ধা জানিয়েছে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2018, 01:11 PM

Updated : 19 Aug 2022, 02:06 PM

রোববার রাতে ঢাকার সেন্ট্রাল হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান চট্টগ্রামের হাটহাজারীর সাবেক সংসদ সদস্য ওয়াহিদুল আলম। তার বয়স হয়েছিল ৭৩ বছর।

সোমবার বেলা সাড়ে ১২টায় তার কফিন নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আনার পর তা দলীয় পতাকা দিয়ে ঢেকে দেওয়া হয়।

এরপর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান,  নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ নেতারা ফুল দিয়ে কফিনে শ্রদ্ধা জানান।

তার আগে সেখানে ওয়াহিদুল আলমের জানাজা অনুষ্ঠিত হয়। এতে দলের মহাসচিব, স্থায়ী কমিটির সদস্যরা ছাড়াও  ভাইস চেয়ারম্যান জয়নাল আবেদীন, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য মশিউর রহমান, মামুন আহমেদ, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, কেন্দ্রীয় নেতা সেরাজুল ইসলাম, সিরাজুল ইসলাম সেলিম, হাবিবুল ইসলাম হাবিব, এবিএম মোশাররফ হোসেন, মোস্তাফিজুর রহমান বাবুল, মীর নেওয়াজ আলী, মাহবুবুল হক নান্নু,আমিরুজ্জামান শিমুল, হারুনুর রশীদ, আবুল হোসেনসহ নেতা-কর্মীরা অংশ নেন।

সকাল ১১টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক হুইপ ওয়াহিদুল আলমের জানাজা হয়।

পরিবারের সদস্যরা জানান, দুপুরে বেসরকারি হেলিকপ্টারে করে মরহুমের কফিন নিয়ে যাওয়া হবে চট্টগ্রামে। বাদ আসর চট্টগ্রামের জমিয়তুল ফালাহ মসজিদের নামাজে জানাজা হবে।

মঙ্গলবার সকাল ১১টায় হাটহাজারী কলেজ মাঠে এবং বাদ জোর লালিয়ার হাট মাদ্রাসা মাঠে জানাজা শেষে ওয়াহিদুল আলমকে পারিবারিক কবরাস্থানে দাফন করা হবে।