২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অভিযোগ থাকলেও ভোটের মাঠ ‘ছাড়বেন না’ মঞ্জু

পুলিশ, সরকারি দল ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে অনেক অভিযোগ তুলে সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয়ী হলেও ভোটের মাঠে থাকার ঘোষণা দিয়েছেন খুলনা সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু।

নিজস্ব প্রতিবেদক

ও খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2018, 04:50 PM

Updated : 19 Aug 2022, 02:02 PM

ভোটের আগের দিন সোমবার নগরীর কে ডি ঘোষ রোডের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমি আপনাদেরকে জানাতে চাই, এত কিছুর পরও আমার নেতাকর্মীরা এবং আমি মাঠে থাকব, নির্বাচনের ময়দানে।

“আমরা বিশ্ববাসীকে, দেশবাসীকে, খুলনাবাসীকে দেখাতে চাই আওয়ামী রাজনীতির হিংস্র রূপ। আওয়ামী লীগ গণতান্ত্রিক দল, মুক্তিযুদ্ধের চেতনার দল বলে দাবি করে, আওয়ামী লীগের হিংস্র চেহারা জনগণ দেখুক। সে কারণে আমি এখানে আছি এখনও।”

অনেক বাধা-বিপত্তির মধ্যে নিজের পক্ষে পোলিং এজেন্টরাও কেন্দ্রে থাকবেন জানিয়ে  মঞ্জু বলেন, “আমার পোলিং এজেন্ট এখনো আছে রেডি আছে। তারা ভোটকেন্দ্রে থাকবে।”

দশম সংসদ নির্বাচন বর্জনকারী বিএনপি স্থানীয় সরকারের বিভিন্ন নির্বাচনে অংশ নিলেও তাদের প্রার্থীরা অনেক ক্ষেত্রেই শেষ মুহূর্তে কারচুপির অভিযোগ তুলে নির্বাচন বর্জন করেন।

খুলনায় সিটি করপোরেশন নির্বাচনে গতবার বিজয়ী মনিরুজ্জামান মনিকে বাদ রেখে এবার বিএনপি মেয়র প্রার্থী করেছে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাতক মঞ্জুকে।

মঞ্জু অভিযোগ করে আসছেন, পুলিশ ভোটের আগে তার সমর্থকদের ঢালাওভাবে গ্রেপ্তার করছে এবং নালিশ জানালেও ইসি কোনো ব্যবস্থা নিচ্ছে না।

মঙ্গলবার অনুষ্ঠেয়  এই নির্বাচনে মেয়র বেছে নিতে ভোট দেবেন খুলনা নগরীর চার লাখ ৯৩ হাজার ৯৩ ভোটার। মেয়র পদে প্রার্থী পাঁচজন। এছাড়া ৩১ ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ১৪৮ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলরের ১০টি পদে ৩৯ জন প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।

দলীয় প্রতীকের এ নির্বাচনে মেয়র পদে ধানের শীষের প্রার্থী মঞ্জুর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় আছেন নৌকা প্রতীকের প্রার্থী আওয়ামী লীগ নেতা তালুকদার আব্দুল খালেক।

জনগণকে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে মঞ্জু বলেন, পুলিশি নির্যাতনের কারণে তাদের নেতাকর্মীরা মাঠে যেতে পারেনি, থাকতে পারেনি। খুলনাবাসী ভোটাররা যেন সচেতন হয়ে তাদের ভোট প্রয়োগের অধিকার প্রতিষ্ঠা করে।

“জনগণকে ভোট কেন্দ্রে পাহারা দেওয়ার আহ্বান জানাচ্ছি। জনগণই আমাদের শক্তি, আর তাদের (আওয়ামী লীগ) শক্তি হচ্ছে- পুলিশ, সন্ত্রাসী ও কালো টাকা।”

Image
প্রচারে নজরুল ইসলাম মঞ্জু (ফাইল ছবি)

প্রচারে নজরুল ইসলাম মঞ্জু (ফাইল ছবি)

নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ তুলে মঞ্জু বলেন, পুলিশের গণগ্রেপ্তার ও হয়রানির কারণে আমি সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়ে আসছি।

“নির্বাচন কমিশন যদি সেনাবাহিনী নামাত, মাজা শক্ত করে দাঁড়াত, তাহলে নির্বাচন অবাধ সুষ্ঠু ও ভীতিমুক্ত হতে পারত। কিন্তু সরকারের কাছে দাসখত দিয়ে তারা নির্বাচন করছে।”

আওয়ামী লীগ কারচুপির ষড়যন্ত্র করছে দাবি করে বিএনপি প্রার্থী বলেন, “তারা ভোট কেন্দ্রের সামনে গোলযোগ সৃষ্টি করে কেন্দ্র ফাঁকা করতে পারে। অনেককে ভোট কেন্দ্রে না যেতে হুমকি দেওয়া হয়েছে। পুলিশ অফিসারদেরকে রাতের বেলায় সিল মেরে ভোটের বাক্স ভর্তি করার নির্দেশ দেওয়া হয়েছে।”

বহিরাগতদের এলাকা ছাড়ার নোটিস পুলিশ দিলেও সেটা বাস্তবায়ন হয়নি অভিযোগ করে মঞ্জু বলেন, “এখনও আওয়ামী লীগের বহিরাগত সন্ত্রাসীরা খুলনা শহরে অবস্থান নিয়েছে। পিপলস জুট মিলের পাঁচ তলায় একটি জেলার সন্ত্রাসীদের রাখা হয়েছে। খুলনা শহরের প্রতিটি হোটেলে আওয়ামী লীগের বহিরাগত ডাকসাইটে নেতারা আছেন।”

পুলিশ আওয়ামী লীগের ‘দুষ্কর্মের প্রধান নিয়ামক শক্তি’ বলে দাবি করেন তিনি।

আওয়ামী লীগ প্রার্থী তালুকদার খালেকের ‘নৈতিক পরাজয়’ ঘটেছে মন্তব্য করে মঞ্জু বলেন, “কারণ উনি মন্ত্রী ছিলেন, উনি অনেক উন্নয়ন করেছেন। ওনার সবকিছু বৃথা গিছে, আমার মতো রাস্তার-রাজপথের কর্মীর কাছে।”

পুরনো খবর:

এই সরকার শেষ সরকার নয়: পুলিশকে বিএনপির প্রার্থী মঞ্জু
খুলনায় মঞ্জুর শঙ্কা, ইসিতে আস্থা খালেকের
৪ ঘণ্টা পর প্রচারে ফিরলেন মঞ্জু