খুলনায় মঞ্জুর শঙ্কা, ইসিতে আস্থা খালেকের
পুলিশের বিরুদ্ধে নেতাকর্মীদের গণগ্রেপ্তারের অভিযোগ তুলে ভোটের তিন দিন আগেও সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন খুলনা সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু।
তবে ক্ষমতাসীন আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক সব বিষয়ে নির্বাচন কমিশনের উপর আস্থা রাখছেন।
আগামী মঙ্গলবার খুলনা সিটি নির্বাচনে ভোটগ্রহণ হবে। রোববার শেষ হবে প্রার্থীদের প্রচার।
শনিবার সকালে নগরীর মিয়া পাড়ার নিজ বাসায় সংবাদ সম্মেলনে করে বিএনপির প্রার্থী মঞ্জু বলেন, “একটি অর্থবহ, অংশগ্রহণমূলক ও ভীতিহীন নির্বাচনের জন্যই আমি বারবার সেনাবাহিনী মোতায়েনের কথা বলেছি।
“আমাদের বক্তব্য খুব সুস্পষ্ট, দেশের নাগরিকদের ভোটাধিকার ছোট কোনো বিষয় নয়, নাগরিক অধিকার রক্ষার জন্য নির্বাচন কমিশনকে অবশ্যই সেনাবাহিনী মোতায়েন করতে হবে। তা না হলে ১৫ তারিখ পর্যন্ত যাই হবে, তার দায় নির্বাচন কমিশনকে নিতে হবে।”
শুক্রবার বিকাল থেকে রাত ৩টা পর্যন্ত বিএনপির ২১ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেন তিনি।
তার অভিযোগের জবাবে আওয়ামী লীগের প্রার্থী তালুকদার খালেক বলেন, বিএনপি এমন কথা প্রথম থেকেই বলে আসছে। জনগণ তাদের সেই কথায় এখন গুরুত্ব দেয় না।
সকালে ৩১ নম্বর ওয়ার্ডের শিপইয়ার্ড এলাকায় নির্বাচনী প্রচারের সময় তিনি বলেন, “আমি অবাধ সুষ্ঠু নির্বাচন করার জন্য নির্বাচন কমিশনার যা যা প্রয়োজন করে আমার কোনো আপত্তি নাই। কোনো স্পেসিফিক বাহিনীর নাম আমি বলতে পারব না।
“আমার মনে হয়, আমি অসন্তুষ্ট হওয়ার মতো কিছু দেখি নাই। আমি একটা কথা বলছি, সন্ত্রাসী, জঙ্গীবাদ এবং অবাধ সুষ্ঠু নির্বাচন করার জন্য অবৈধ অস্ত্র উদ্ধারসহ সব কিছু যা যা প্রয়োজন তার ব্যবস্থাগ্রহণ করবে নির্বাচন কমিশন। এ ব্যাপারে আমার কোনো আপত্তি নাই।”
এই নির্বাচনে মোট পাঁচজন মেয়র প্রার্থী থাকলেও মূল প্রতিদ্বন্দ্বিতা হওয়ার কথা নৌকা এবং ধানের শীষ প্রতীকের প্রার্থীর মধ্যে।
সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম মঞ্জু
ধানের শীষের প্রার্থী মঞ্জু বলেন, “আমাদের সর্বশেষ প্রস্তুতি চলছে। তবে প্রস্তুতির কাজটি আমাদের ভিন্নভাবে করতে হচ্ছে। এ কারণে বাড়িতে বেরোলেই ডিবি, বাড়িতে বের হলেই পুলিশ।
“কর্মীরা আতঙ্কিত না, কারণ আমাদের নেতাকর্মীরা অভ্যস্ত হয়ে গেছে সাড়ে নয় বছরে, স্বাভাবিক জীবন-যাপন না করার এই প্র্যাকটিস। এই ঝড়ঝাপটার মধ্যেও তাদের মনোবল একটু ভাঙ্গে নাই। তারা প্রস্তুত কাজ চালিয়ে যাচ্ছে।
“আমরা এই নির্বাচনে সরকার এবং সরকারি দলের যে ব্যবস্থাপত্র বিএনপিকে মাঠ থেকে সরিয়ে দেওয়ার, বিএনপি কর্মীদের মধ্যে ভয় ঢুকিয়ে দেওয়ার, ধানের শীষের ভোটারদের আতঙ্কগ্রস্ত করে দেওয়ার, সেটা সফল হয় নাই।”
তার জনসংযোগে মানুষের অংশগ্রহণের কথা উল্লেখ করে তিনি বলেন, “পাশাপাশি যখনই আমি ওই ওয়ার্ডে জনসংযোগ শেষ করেছি, তখন ডিবি আমি গাড়িতে আগেও কিছু গ্রেপ্তার করেছে, গাড়িতে উঠার পরেও গ্রেপ্তার করেছে, তারপরও আমাদের কর্মীদের মনোবল কিন্তু একটুও ভাঙেনি।”
সেনাবাহিনী মোতায়েন ছাড়া নির্বাচন সুষ্ঠু হতে পারে না দাবি করে মঞ্জু বলেন, “আওয়ামী পুলিশের ভূমিকা কত জঘন্য এবং কতখানি হিংসাত্মক, গত কয়েক দিনে দেড়শ’র মতো কর্মী গ্রেপ্তার হয়ে কারাগারে। এই যে তাদের প্রতিহিংসার রূপ। গতকাল রাতে এক হাজার কর্মীর বাড়িতে তারা হানা দিয়েছে। এখন নেতাদেরও গ্রেপ্তার করছে।”
মঞ্জু বলেন, “আমাকে নিয়ে, বিএনপিকে নিয়ে এতও ভয় কীসের? ওনারা তো বলছেন, ওনারা বিজয়ী হবেন। উন্নয়নের জোয়ার দেশে বইছে, খালেক তালুকদার সেই জোয়ারে নৌকা ভাসাবেন। তাহলে কেন গণগ্রেপ্তার, বাড়িতে বাড়িতে কেন পুলিশের হানা। তার মানে বার্তা পেয়েছেন, এই শহরের মানুষ এই দুঃশাসনের বিরুদ্ধে রায় দিবে।”
সপ্তাহখানেক ধরে চলা পুলিশের অবস্থান ‘আজ থেকে আরও ভয়াবহ রূপ নেবে’ বলেও আশঙ্কা বিএনপি প্রার্থীর।
তিনি বলেন, “আমাদের কোনো নেতাকর্মী ভীত হবে না, ভোটাররাও ভীত হবে না। তারা আমাকে বলেছে, আপনি এগিয়ে যান, খালি নির্বাচনী মাঠে থাকুন।”
মঞ্জু বলেন, “আমি পুলিশকে যখন আমার কথা বলেছি, পুলিশ তখনই এড়িয়ে গেছে। পুলিশ কমিশনার আমাকে সময় দিয়েও থাকছেন না, এটাই আমাদের বেদনার কারণ। শহরের পুলিশিং কমিটি ব্যবহার করা হচ্ছে। বিএনপি কর্মীদের বাড়ি চিনিয়ে দিচ্ছে এবং সে অনুযায়ী ডিবি বাড়ি গিয়ে সিভিল ড্রেসে গ্রেপ্তার করেছে।”
নির্বাচনী প্রচারে তালুকদার আব্দুল খালেক
নৌকা প্রতীকের প্রার্থী তালুকদার খালেক বলেন, “তার (মঞ্জু) কোনো লোক কাজ করতে পারে নাই, সে রকম অভিযোগ কিন্তু আমি পাই নাই। আমি বরঞ্চ দেখছি যে, তাদের আগ্রহ কম। যে জায়গায় যায় বহর নিয়ে যায়।
“আমি মনে করি, উনি যাতে এই সমস্ত কথা না বলে সাধারণ মানুষের কাছে যায়, ১৫ তারিখে সাধারণ মানুষের উপর আস্থা রাখতে হবে।
“কেউ কাউকে হারাতে পারে না, যদি নিজেদের উপর আস্থা থাকে এবং যদি নিজেদের দলের মধ্যে কিছু দ্বন্দ্ব থাকে, সেটা মেকআপ করে কাজ করা আমার মনে হয় ভালো।”
খুলনা সন্ত্রাসের শহর হওয়া নিয়ে বিএনপি প্রার্থীর অভিযোগের বিষয়ে সংসদ সদস্য থেকে ইস্তফা দিয়ে প্রতিদ্বন্দ্বিতায় আসা খালেক বলেন, “উনিও পাঁচ বছর সংসদ সদস্য ছিল, খুলনা যদি সন্ত্রাসের শহর হয়, তাহলে সন্ত্রাসী হওয়ার ক্ষেত্রে সাংসদের কিন্তু ভূমিকা থাকে। পার্লামেন্টে দাঁড়িয়ে কখনও বলেন নাই এমন কথা।”
আগামীকাল দৌলতপুর এলাকায় প্রচারের মাধ্যমে প্রচার অভিযান শেষ করবেন বলে জানান সরকারি দলের প্রার্থী।
বিএনপি প্রার্থীর অভিযোগের বিষয়ে খুলনা সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ইউনুচ আলী বলেন, “আমরা আগেও বলেছি, যদি কারও বিরুদ্ধে ওয়ারেন্ট বা সুনির্দিষ্ট অভিযোগ থাকে, এর বাইরে কাউকে যেন হয়রানি করা না হয়, বিরক্ত করা না হয়। এক্ষেত্রে নির্বাচন পরিচালনার স্বার্থে পুলিশ কমিশনারের সঙ্গেও আমার কথা হয়েছে।
এছাড়া স্থানীয় সরকার নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন হবে না বলে নির্বাচন কমিশনের যে অবস্থান, তা আগের মতো থাকবে বলেও জানান তিনি।
