২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় পুলিশের বাড়াবাড়ি বন্ধ করুন: ইসিকে বিএনপি

খুলনায় সিটি ভোটের দুই দিন আগে সিইসির সঙ্গে দেখা করে পুলিশের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে এসেছেন বিএনপির নেতারা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2018, 09:07 PM

Updated : 08 Apr 2022, 06:22 PM

আগামী মঙ্গলবার অনুষ্ঠেয় এই নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুও পুলিশের ভূমিকা নিয়ে নির্বাচন পরিচালনাকারীদের নীরবতার সমালোচনা করে আসছেন।

রোববার বিকালে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করে খুলনার পরিস্থিতি তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বৈঠকে চার নির্বাচন কমিশনারও ছিলেন।

পরে নজরুল সাংবাদিকদের বলেন, “শান্তিপূর্ণ নির্বাচনে সবচেয়ে বড় বাধা পুলিশি কার্যক্রম। গত ২৪ ঘণ্টায় ৪২ জন মহানগর নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এটা তো সুষ্ঠু নির্বাচনের জন্য প্রতিকূল পরিবেশ।

“ইসিকে বলেছি, ভোটের আর একদিন। অন্তত এটা নিশ্চিত করুন, তারা (পুলিশ) যেন বাড়াবাড়ি না করে।”

বিএনপি নেতা জানান, সিইসি ও চার নির্বাচন কমিশনার তাদের কথা ‘ভালোভাবে শুনে’ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

এই প্রসঙ্গে তিনি বলেন, “সিইসি আগেও শুনেছেন একবার, শুধু আশ্বাসই দিয়েছেন তার বাস্তবায়ন করেননি।”

খুলনার পরিস্থিতি বর্ণনা করে নজরুল বলেন, “পুলিশ বিএনপি নেতা-কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে তাদের গ্রেপ্তার করছে। মহিলা পুলিশ বিএনপির মহিলা এজেন্টের বাড়ি ও পুরুষ পুলিশ পুরুষ এজেন্টের বাড়িতে গিয়ে তাদের ভোটকেন্দ্রে না যেতে ভয়ভীতি দেখাচ্ছে।”

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, তারা বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তার করেছে, ভোটের জন্য কাউকে হয়রানি করছে না। 

এক প্রশ্নের জবাবে নজরুল বলেন, তাদের মহাসচিবের নামেই ৮৮টি মামলা রয়েছে। এ সরকারের আমলে বিএনপি খুব কম-নেতাকর্মীই রয়েছে, যাদের নামে মামলা নেই।

“শুধু মামলা থাকলেই তো গ্রেপ্তার করা যায় না, গ্রেপ্তারি পরোয়ানাও থাকতে হয়। ইসিকে বলেছি, আপনারা স্বাধীন একটি নির্বাচন কমিশন, আপনাদের যে ক্ষমতা, যে শক্তি এটা আপনারা প্রয়োগ করে শান্তিপূর্ণ অবস্থা নিশ্চিত করেন।”

এসব অভিযোগ তুলে বিএনপি নির্বাচন বর্জনের অজুহাত খুঁজছে বলে মন্তব্য করে আসছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা।

শেষ পর্যন্ত নির্বাচনে বিএনপি থাকবে কি না- জানতে চাইলে নজরুল বলেন, “আমরা বিশ্বাস করতে চাই প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনাররা যেটা বলেছেন, সেটি তারা কার্যকর করবেন। এই বিশ্বাস নিয়েই আমরা যাচ্ছি। যদিও ইতিমধ্যে এর প্রমাণ আমরা পাইনি।

“কমিশন যেটি বলেছেন, অন্যায়ভাবে কাউকে গ্রেপ্তার করা হবে না। কোনো বাড়াবাড়ি করা হবে না। কারও বাড়ি ঘরে ভাংচুর, অফিস ভাংচুর এসব হবে না। কমিশনের এই কথাগুলো আমরা আস্থায় নিতে চাই। আমরা আশা করি, এটা কার্যকর হবে এবং নির্বাচনী পরিবেশ অপেক্ষাকৃত ভালো হবে।”   

বিএনপির প্রতিনিধি দলে নজরুলের সঙ্গে ছিলেন দলটির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান ও যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন।

পুরনো খবর:

খুলনায় মঞ্জুর শঙ্কা, ইসিতে আস্থা খালেকের