২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ পেতে ছাত্রলীগে দৌড়ঝাঁপ

ছাত্রলীগের সম্মেলনের আগ মুহূর্তে সংগঠনটির শীর্ষ পদ পেতে তদবিরে ব্যস্ত এখন কয়েকশ নেতা।

কাজী মোবারক হোসেন

ও তারেক হাসান নির্ঝর

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2018, 08:55 AM

Updated : 11 Oct 2022, 12:20 PM

পুরনো খবর:

নতুন মডেলে আসছে ছাত্রলীগ: কাদের
ঢাবিতে ছাত্রলীগের মারামারি
ছাত্রলীগের সম্মেলনের তারিখ ঘোষণা
JPG 12_Chhatra League_Protest_DU_TAS_280317_0002.jpg
Preview

তবে বর্তমান ও সাবেক ছাত্রলীগ নেতারা বলছেন, সাবেক নেতাদের গড়ে ওঠা ‘সিন্ডিকেটের আশীর্বাদ’ নিয়ে এবার পদ পাওয়া সম্ভব নয়।

দুই বছর নয় মাস পর শুক্রবার শুরু হচ্ছে ছাত্রলীগের দু-দিনব্যাপী দ্বি-বার্ষিক সম্মেলন।

২০১৫ সালে জুলাই মাসে আগের সম্মেলনে সাইফুর রহমান সোহাগকে সভাপতি এবং এস এম জাকির হোসাইনকে সাধারণ সম্পাদক করে বর্তমান কমিটি গঠিত হয়েছিল।

কাউন্সিলরদের ভোটে, না সমঝোতায় হবে নতুন কমিটি- সে বিষয়ে এখনও স্পষ্ট না হলেও গত বুধবার এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘সমঝোতার বিষয়টিকে’ প্রাধান্য দেওয়ার ইঙ্গিত দেন।

ছাত্রলীগের নেতা নির্বাচনের পদ্ধতি সম্পর্কে প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন, “যেভাবে হওয়ার সেভাবেই হবে। ইতোমধ্যে কে কে প্রার্থী তাদের তালিকা নেওয়া হয়েছে। ছাত্রলীগের নেতা নির্বাচনের পদ্ধতি আছে। তালিকায় আসা আগ্রহীদের ডেকে সমঝোতার চেষ্টা করা হয়। হলে এই কমিটির প্রেস রিলিজ দেওয়া হবে।

‘এতে সফল না হলে স্বচ্ছ ব্যালট বাক্সের মাধ্যমে ভোট হবে’ বললেও ভোটের ‘ঝামেলা’র কথাও বলেন তিনি।

“তারা ইয়াং ছেলেপুলে, ভোটের মধ্যে অনেক কিছুই হতে পারে। তারা প্রভাবিত হতে পারে। তবে আমরা দেখবো ভোটের মধ্যে যোগ্য নেতৃত্ব এসেছে কি না। না এলে ব্যবস্থা নেওয়া হবে।”

Image
সম্মেলন উপলক্ষে সংবাদ সম্মেলনে ছাত্রলীগের বিদায়ী কমিটির নেতারা

সম্মেলন উপলক্ষে সংবাদ সম্মেলনে ছাত্রলীগের বিদায়ী কমিটির নেতারা

দীর্ঘ এক যুগ ধরে ছাত্রলীগের নেতৃত্ব নির্ধারণের ক্ষেত্রে একটি ‘সিন্ডিকেটের’ প্রভাব বরাবরই আসছে আলোচনায়।

তবে সেই ‘সিন্ডিকেট’ এবার থাকছে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

২৯ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সম্মেলনে গিয়ে ওবায়দুল কাদের কারও ব্যক্তিগত কিংবা গোষ্ঠীগত স্বার্থ সিদ্ধিতে ছাত্রলীগ যেন ব্যবহৃত না হয় সেই নির্দেশনা দেন।

তিনি বলেন, “আমি চাই ত্যাগী, যোগ্য নেতৃত্ব। কারও পকেটের কমিটি দিয়ে ছাত্রলীগের নেতৃত্ব হবে না। কোন সিন্ডিকেট দ্বারা ছাত্রলীগ চলবে না।”

সোহাগ-জাকিরের নেতৃত্বাধীন ছাত্রলীগে দুই বছর দশ মাসে দেশের বিভিন্ন স্থানে সংঘাত, নানা অপরাধ ও সংগঠনের ইতিহাসে সবচেয়ে বেশি অনুপ্রবেশকারী প্রবেশ করানো হয়েছে বলেও সমালোচনা আসে নানা মহল থেকে। সমালোচনা করেন আওয়ামী লীগের নেতারাও; অনুপ্রবেশ নিয়ে বিভিন্ন সময়  হুঁশিয়ার করেন ওবায়দুল কাদেরও।

এবারের সম্মেলন ঘিরে পদ প্রত্যাশীদের বিরুদ্ধে উঠে আসছে নানা অভিযোগ। অভিযোগগুলো তুলে ধরছেন সংগঠনের বর্তমান ও সাবেক নেতাকর্মীরা।

ছাত্রলীগ নেতাদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এবার সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রার্থিতার জন্য ৩২৫টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। এর মধ্যে সভাপতি পদের জন্য ১২৫ জন এবং সাধারণ সম্পাদক পদের জন্য ২০০ জন ফরম তুলেছেন।

আলোচনায় যারা

সভাপতি-সাধারণ সম্পাদক পদপ্রত্যাশীদের মধ্যে আলোচনায় রয়েছে বর্তমান কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আরেফিন সিদ্দিক সুজন, সহ-সভাপতি রুহুল আমিন, আইন সম্পাদক আল নাহিয়ান খান জয়, শিক্ষা ও পাঠচক্র সম্পাদক গোলাম রাব্বানী, প্রচার সম্পাদক সাইফুদ্দিন বাবু, বিজ্ঞান বিষয়ক সম্পাদক আনোয়ার পারভেজ আরিফিন,সদস্য রেজুয়ানুল হক চৌধুরী শোভন, আইন বিষয়ক উপ-সম্পাদক হোসাইন সাদ্দাম, স্কুলছাত্র বিষয়ক উপ-সম্পাদক সৈয়দ আরাফাত, উপ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক মো. আরিফুজ্জামান ইমরান, কেন্দ্রীয় ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক ইয়াজ আল রিয়াদ, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম শামীম, স্কুলছাত্র বিষয়ক উপ-সম্পাদক খাজা খায়ের সুজন, পরিবেশ বিষয়ক সম্পাদক এ বি এম হাবিবুল্লা বিপ্লব, সহ সম্পাদক খাদিমুল বাসার জয়, কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক রাকিব হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সাধারণ সম্পাদক এ এইচ এম শাহ আলম সাদ্দাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক মোতাহের হোসেন প্রিন্স, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের সাবেক সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম বুলবুল, স্যার এ এফ রহমান হলের সাবেক সভাপতি হাফিজুর রহমান, কেন্দ্রীয় কমিটির সমাজসেবা বিষয়ক সম্পাদক রানা হামিদ, দপ্তর সম্পাদক দেলোয়ার শাহজাদা, সাংগঠনিক সম্পাদক আশিকুল পাঠান সেতু, উপ-স্কুলছাত্র বিষয়ক সম্পাদক অসীম কুমার বৈদ্য, জিয়া হলের সাবেক সভাপতি আবু সালমান প্রধান শাওন ও কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি শেখ তুহিন।

Image
বিদায়ী কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন

বিদায়ী কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন

অভিযোগ নিয়েই প্রার্থী অনেকে

পদপ্রত্যাশী এই কয়েকশ জনের অনেকের বিরুদ্ধে নানা অভিযোগ।

শিক্ষা ও পাঠচক্র সম্পাদক গোলাম রাব্বানী সারাদেশে নেতাকর্মীদের মধ্যে জনপ্রিয় হলেও কয়েকটি অনলাইন পোর্টাল খুলে আত্মপ্রচারের অভিযোগে রয়েছে তার বিরুদ্ধে।

আইন বিষয়ক উপ-সম্পাদক হোসাইন সাদ্দাম হোসেন সাবেক সভাপতি লিয়াকত শিকদারের কাছের বলে আলোচনা রয়েছে।

প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম শামীমও রয়েছেন পরিবার নিয়ে সমস্যায়। তার বাবা চাঁদপুর কচুয়া থানার জগতপুর ইউনিয়নের একটি ওয়ার্ড বিএনপির সভাপতি। বিএনপির পক্ষ থেকে চেয়ারম্যন পদে নির্বাচন করে পরাজিত হন। তার আপন চাচাত ভাই হাফেজ হুমায়ুন কবির কুমিল্লা শহর ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি।

স্কুলছাত্র বিষয়ক উপ-সম্পাদক খাজা খায়ের সুজন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এলাকার হওয়ায় তিনি নিজেকে তার ঘনিষ্ঠজন হিসেবে পরিচয় দিয়ে থাকেন।

সহ সম্পাদক খাদিমুল বাসার জয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামানের ঘনিষ্ঠজন হিসেবে ক্যাম্পাসে পরিচিত।

সহ-সভাপতি রুহুল আমিন মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদের ঘনিষ্ঠজন বলে পরিচিত। তার আপন বড় ভাই ছাত্রলীগের সাবেক নেতা রহিমের পক্ষ হয়ে বিভিন্ন দরপত্রে তদবিরের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক রাকিব হোসেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুলের আর্শিবাদপুষ্ট হিসেবে পরিচিত। বর্তমান সাধারণ সম্পাদক জাকির হোসেনের ঘনিষ্ঠজনও তিনি।

শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের সাবেক সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম বুলবুল নিজ জেলায় একটি হত্যা মামলার আসামি বলে জানা গেছে।

স্যার এ এফ রহমান হলের সাবেক সভাপতি হাফিজুর রহমান নীলক্ষেত এলাকায় জারের পানির ব্যবসায়ী হিসেবে ক্যাম্পাসে পরিচিত। নীলক্ষেত এলাকায় চাঁদাবাজির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক মোতাহের হোসেন প্রিন্সের বিরুদ্ধে ক্যাম্পাসের বিভিন্ন দরপত্রে প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে।

পরিবেশ বিষয়ক সম্পাদক এ বি এম হাবিবুল্লা বিপ্লবেরও পরিবার নিয়ে সমস্যার কথা বলছেন কর্মীরা। তার বাবা টাঙ্গাইলের সখিপুর উপজেলা বিএনপির সাবেক ধর্ম সম্পাদক এবং বর্তমানে গজারিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক। বিপ্লব আবার বর্তমান সভাপতি সাইফুর রহমান সোহাগের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত।

কেন্দ্রীয় কমিটির সমাজসেবা বিষয়ক সম্পাদক রানা হামিদকে নিয়ে  নানা বিতর্ক রয়েছে। তার প্রতিও বর্তমান সভাপতি সোহাগের আশীর্বাদের কথা বলা হয়ে থাকে। রানা নিজেকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্যাহর ঘনিষ্ঠজন হিসেবে পরিচয় দিয়ে থাকেন।

দপ্তর সম্পাদক দেলোয়ার শাহজাদার বিরুদ্ধে রয়েছে বিয়ের অভিযোগ।

সাংগঠনিক সম্পাদক বি এম এহতেশাম ২০০৭-০৮ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেও বিভিন্ন কারণে দ্বিতীয় বর্ষেই শিক্ষাজীবন শেষ হয় তার।

Image
মার্চে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সমাবেশ

মার্চে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সমাবেশ

ছাত্রলীগের গঠনতন্ত্রে ২৭ বছরের কথা বলা থাকলেও ছাত্রলীগের ২৮তম সম্মেলনে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটাকে ২৯ করার পক্ষে মত দেন।

নির্ধারিত বয়স পেরুলেও আলোচনায় রয়েছেন কেন্দ্রীয় সহ-সভাপতি মেহেদি হাসান রনি, যুগ্ম সাধারণ সম্পাদক সায়েম খান ও যুগ্ম-সাধারণ সম্পাদক দিদার মোহাম্মদ নিজামুল ইসলাম।

এর মধ্যে দিদারের বড়ভাই সাইফুল ইসলাম শিমুল ও তার চাচাত ভাই রাশেদুল ইসলামের বিরুদ্ধে শিবির সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।

কেন্দ্রীয় ছাত্রলীগের কমিটি গঠনের ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় বরাবর প্রাধান্য পেয়ে এলেও এবার এর বাইরে থেকে শীর্ষ পদেও কেউ আসতে পারেন বলে আলোচনা রয়েছে।

২০০২ সালে কেন্দ্রীয় ছাত্রলীগের শীর্ষ দুই নেতাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরের ছিলেন। ওই কমিটির সভাপতি লিয়াকত শিকদার ছিলেন ঢাকা কলেজের ছাত্র এবং সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র।

তাদের মতো পদপ্রত্যাশীদের মধ্যে রয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সদ্য বিদায়ী সভাপতি বায়জিদ আহম্মেদ খান, বুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সাইদ কনক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় ছাত্রলীগের উপ পরিবেশ বিষয়ক সম্পাদক সুরঞ্জন ঘোষ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহ সভাপতি আপেল মাহমুদ।

ছাত্রলীগের ২৯তম জাতীয় সম্মেলনে কেমন নেতৃত্ব চাইছেন- জানতে চাইলে বর্তমান কমিটির সহ-সভাপতি  মেহেদী হাসান রনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সংগঠনের চেইন অফ কমান্ড ভেঙে ব্যক্তি স্বার্থ উদ্ধারের জন্য একেবারে পেছন জুনিয়রদের কাউকে শীর্ষ পদে দেওয়া হয়। এর ফলে অভিজ্ঞ নেতৃত্বে শূন্যতার সৃষ্টি হচ্ছে। ছাত্রলীগের অনুপ্রবেশ ঠেকাতে হলে অবশ্যই অভিজ্ঞতা ও পারিবারিক দলীয় অবস্থান দেখে শীর্ষ নেতৃত্ব বাছাই করা উচিৎ।”