২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্নিকাটের কাছে নালিশ দিতে যাইনি: কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আমন্ত্রণ রক্ষায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2018, 05:45 PM

Updated : 19 Aug 2022, 01:59 PM

বার্নিকাটের সঙ্গে দেখা করে আসার পরদিন মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে সাংবাদিকদের জিজ্ঞাসায় একথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, “আমরা কারও বিরুদ্ধে নালিশ দিতে যাইনি।”

প্রতিপক্ষ রাজনৈতিক দল বিএনপিকে ‘নালিশ পার্টি’ আখ্যায়িত করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বরাবরই বলে থাকেন, দলটির নেতারা কূটনীতিকদের কাছে ‘নালিশ’ করতে যান।

ভারত সফর করে আসার পরপরই যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের বাড়িতে আওয়ামী লীগ নেতাদের যাওয়ার পেছনে আগামী নির্বাচনের কোনো বিষয় ছিল কি না, তা কাদেরের কাছে জানতে চেয়েছিলেন এক সাংবাদিক।

উত্তরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “আমেরিকার রাষ্ট্রদূতের ওখানে দাওয়াত খাওয়া কোনো গোপনীয় বিষয় নয়। জানুয়ারি থেকে সময় মেলানো যাচ্ছিল না, এখন সময় মিলেছে, উনার দাওয়াতে আমি গিয়েছি, আমার সঙ্গে কয়েকজনকে নিয়ে গিয়েছিলাম।

“কারও বিরুদ্ধে কোনো নালিশ করিনি। সভা-সমাবেশে বিএনপির বিরুদ্ধে যা বলি, তা ভারতেও বলিনি, গতকাল এখানেও বলিনি।”

Image
গত বছর মার্শা বার্নিকাটের সঙ্গে এক বৈঠকে ওবায়দুল কাদের (ফাইল ছবি)

গত বছর মার্শা বার্নিকাটের সঙ্গে এক বৈঠকে ওবায়দুল কাদের (ফাইল ছবি)

বাংলাদেশের নির্বাচন কিংবা রাজনীতি নিয়ে অন্য কোনো রাষ্ট্রের করার কিছুই নেই বলে আবারও মন্তব্য করেন মন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, “আমার দেশের গণতন্ত্রের ভাগ্য আমার দেশের জনগণই নির্ধারণ করবে। কারও কাছে নালিশ করে সমাধান পেতে চাই না। আমাদের শক্তির উৎস এদেশের জনগণ। কেউ আমাদের ক্ষমতায় বসিয়ে দেবে, এটা আমরা কখনও মনে করি না।”

“আমরা ভারতে গিয়ে বাংলাদেশের নির্বাচনে আমাদের সমর্থন করার অনুরোধ বা আবেদন, এমনকি ভারতের প্রধানমন্ত্রী, বিজেপির সাধারণ সম্পাদকের সাথে একবারও এই বিষয়টি উচ্চারণ করিনি।

“আমরা উচ্চারণ করেছি বাংলাদেশের স্বার্থ, আমাদের জাতীয় স্বার্থ। একবারও আমাদের দেশের কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে নালিশ করিনি।”

মে দিবসে জাতীয় প্রেস ক্লাবে ‘আদমজী জুট মিলস চালু সংগ্রাম পরিষদ’ আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ওবায়দুল কাদের।

বিএনপি আমলে বন্ধ হওয়া আদমজীর শ্রমিকদের জন্য আলাদা মিল করার পরিকল্পনা সরকার নিয়েছে বলে জানান তিনি।

“আদমজীর শ্রমিকদের অভিজ্ঞতা, তাদের শ্রমকে কীভাবে কাজে লাগানো যায়, সে ব্যাপারে আমাদের নেত্রী পথ খুঁজছেন। বিগ সাইজ না হলেও, ছোট একটা মিল করে হলেও এই শ্রমিকদের অভিজ্ঞতা, তাদের শ্রমকে কাজে লাগানোর একটা পরিকল্পনা সরকারের আছে। আমাদের নেত্রী কথা দিয়ে কথা রাখেন। আপনাদের একটু ধৈর্য ধরতে হবে।”

এই পরিকল্পনা বাস্তবায়নে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে শ্রমিকদের প্রতি আহ্বান জানান কাদের।

“চার-পাঁচ মাস পরেই তো নির্বাচন। আবারও নেত্রীকে ভোট দিয়ে ক্ষমতায় আনুন, ইনশাল্লাহ তিনি যে কথা দিয়েছেন সেই কথা রাখবেন।”